www.HelloBangla.News – জাতীয় – ১ আগস্ট, ২০২৪: মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা দেড়টার একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন।
ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়া সমন্বয়করা হলেন- মো. নাহিদ ইসলামের, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়।
এদিকে, সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিবির হেফাজতে থাকা বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেছেন, এটা সঠিক যে তারা (ছয় সমন্বয়ক) নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল। সে ব্যাপারে জিডিও করা আছে। ফলে আজ যখন তারা বলছে তাদের নিরাপত্তার আর প্রয়োজন নেই এবং তারা যখন চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তখন আমরা তাদেরকে কোন বাধা দেইনি। তারা চলে গেছো।
গত ২৬ জুলাই বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে। নাহিদ ও আসিফ তখন চিকিৎসাধীন ছিলেন। আর বাকের তাদের সঙ্গে ছিলেন।
পরদিন সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে যায় ডিবি। আর দুই দিন পর রবিবার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে নেওয়া হয় আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে। এর পর থেকেই তারা মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ছিলো। ডিবির দাবি, তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।










