অভিমান ভুলে অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে ঐক্যবদ্ধভাবে: সেতুমন্ত্রী

www.HelloBangla.News – জাতীয় – ৩১ জুলাই, ২০২৪: অভিমান ভুলে অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে ঐক্যবদ্ধভাবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আজ আমাদের লড়তে হবে একসঙ্গে। মান-অভিমান সব ভুলে যেতে হবে। আজ ওই পশু-শক্তি যদি আরও প্রশ্রয় পায়, তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।”

আজ বুধবার (৩১ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, “শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের কাণ্ডারি।”

তিনি বলেন, “জনগণের প্রতিরোধে মুখে পদ্মা সেতুতে আক্রমণ করতে পারেনি। কিন্তু তারা সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন ও মেট্রোরেলে আক্রমণ করতে সফল হয়েছে।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আওয়ামী লীগ দেখবে মাঠে কারা থাকে। পার্টি অফিসে বসে থাকতে দেওয়া হবে না।”

তিনি বলেন, “জিয়াউর রহমান ছিলেন সেই রকম একজন ভণ্ড মুখোশধারী মুক্তিযোদ্ধা। এই মানুষগুলোকে আমাদের জানতে হবে। এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে, যা এখন উন্মোচিত হয়েছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

পূর্ববর্তী আজ থেকে ৩ আগস্ট পর্যন্ত কারফিউ শিথিল থাকবে ১৩ ঘন্টা
পরবর্তী চালু হল ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম