আজ থেকে ৩ আগস্ট পর্যন্ত কারফিউ শিথিল থাকবে ১৩ ঘন্টা

www.HelloBangla.News – জাতীয় – ৩১ জুলাই, ২০২৪: আজ বুধবার থেকে আগামী ৩ আগস্ট পর্যন্ত কারফিউ শিথিল থাকবে ১৩ ঘন্টা। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আজ বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যান্য জেলায় কারফিউর বিষয়ে ম্যাজিস্ট্রেটরা সিদ্ধান্ত নেবেন।

মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিদ্যমান পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে এর আগে বৈঠকে বসেন সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী। কয়েকজন সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরাও বৈঠকে ছিলেন।

আসাদুজ্জামান খান বলেন, কোটা আন্দোলনে শিক্ষার্থীদের চাওয়া মেনে নেওয়ার পরও সহিংসতা থামেনি। তাই বাধ্য হয়েই আমরা কারফিউ জারি করেছিলাম। আমরা সারা দেশের শান্তি-শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছি। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কবে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে, শিক্ষামন্ত্রী সেই সিদ্ধান্ত নেবেন। টেকনিক্যাল বিষয়গুলো বিবেচনায় নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কবে থেকে পরিপূর্ণভাবে ইন্টারনেট চালু হবে।

কারফিউ শিথিলের সময় বাড়ার সঙ্গে অফিসের সময়ও স্বাভাবিক সূচিতে ফিরছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২০ জুলাই সারা দেশে সেনা মোতায়েনের পাশাপাশি কারফিউ জারি করা হয়। এছাড়া ২১, ২২ ও ২৩ জুলাই সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

পূর্ববর্তী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরও এগিয়ে যাবে: সমাজকল্যাণ মন্ত্রী
পরবর্তী অভিমান ভুলে অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে ঐক্যবদ্ধভাবে: সেতুমন্ত্রী