www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩১ জুলাই, ২০২৪: ভারতের কেরাল রাজ্যের ওয়েনাড়ে ভূমি ধসে শিশুসহ ১৫১ জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে এই ভূমিধসের সৃষ্টি হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে কারণ এখনো বহু মানুষ কাদা মাটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।
আহত হয়েছেন শতাধিক মানুষ। সব মিলিয়ে প্রায় ৩৫০ পরিবার ক্ষতির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। কেরালার সরকার জানিয়েছে এখন পর্যন্ত ২৫০ জনকে কাদামাটির ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে বলে ।
মঙ্গলবার(৩০ জুলাই) ভোরে ভারী বর্ষণের সৃষ্ট ভূমিধসে এমন দুর্ঘটনার কবলে পড়েছে কেরালা। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। সকাল থেকেই উদ্ধারকাজে যোগ দিয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরে তাদের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় সেনাও। ফলে সময় যত যাচ্ছে এই বিপর্যয়ের ভয়াবহতা স্পষ্ট হচ্ছে।
ভারী বৃষ্টির কারণে সড়ক ভেঙে যাওয়ায় বহু এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা। ভারী বৃষ্টির কারণে আকাশপথে উদ্ধার সম্ভব হচ্ছে না। সে কারণেই মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, কেরালায় ভারী বৃষ্টি এখনই থামছে না। তাদের পূর্বাভাস আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। আর এই ভারী বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।
কেরালার রাজ্যের কর্মকর্তারা জানান, রাস্তা ডুবে গেছে। বাড়িঘর ধ্বংস হয়েছে। যারা এখনও নিখোঁজ, তাদের সন্ধানে অভিযান চলছে। তবে ভূমিধসে ঠিক কত মানুষ আটকা পড়েছেন, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ।
এরই মধ্যে দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে।
ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ভূমিধসে হতাহতের ঘটনায় সার্বক্ষণিক খোঁজ রাখছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই পরিস্থিতিতে হতাহতদের উদ্ধারের জন্য এবং আহতদের চিকিৎসা পরিষেবা ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তার অনুরোধ করেছে লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল বলেছেন, আমি কেন্দ্রীয় সরকারকে উদ্ধার ও চিকিৎসার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার অনুরোধ করেছি।
উত্তরপ্রদেশের রায়বেলরির পাশাপাশি কেরালার ওয়েনাড় আসন থেকেও লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। তবে, তিনি ওই ওয়েনাড় আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার বদলে ওই আসনে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল জানিয়েছেন, রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনেই খুব শিগগিরই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওয়েনাড়ে যাবেন।










