www.HelloBangla.News – প্রযুক্তি – ২৭ জুলাই, ২০২৪: কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ এর সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলমান রয়েছে। যার ফলে কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এই সার্কিটের সঙ্গে যুক্ত গ্রাহকদের আজ শনিবারর সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে কিছুটা ধীরগতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট পাঁচ দিন বন্ধ ছিলো।
আজ শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড পিএলসি এই তথ্য জানিয়েছে।
কক্সবাজারে স্থাপিত প্রথম সাবমেরিন ক্যাবল ও কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এবং ছয়টি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে ইন্টারনেট সরবরাহ করা হয়। এরপর আইআইজি এবং আইএসপিগুলোর মাধ্যমে গ্রাহকদের কাছে যায় ইন্টারনেট।
এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোসহ অন্যান্য অ্যাপে প্রবেশ করা যাচ্ছে না।
১৭ জুলাই থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোরজি প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় আংশিকভাবে বিভিন্ন স্পটে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
এর পাঁচ দিন পর গত মঙ্গলবার রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়।










