অভিবাসীদের বসবাসের জন্য সেরা দেশ হচ্ছে কোস্টারিকা

Costa Rica is the best country for immigrants - International - 11 July 2024

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১১ জুলাই, ২০২৪: এখন মানুষ নিজ দেশ ছেড়ে বিদেশে বসবাসে আগ্রহী হচ্ছে। এর প্রধান কারণ জন্মভূমিতে মানুষ তার প্রত্যাশিত সুযোগ, সুবিধা পাচ্ছে না।তাছাড়া জীবনের নিরাপত্তা, অর্থনৈতিক, সামাজিক ও জলবায়ুর কারণেও অনেকেই নিজ দেশ ছেড়ে অন্য দেশে অভিবাসী হচ্ছেন। কিন্তু মানুষ কোন দেশে অভিবাসী হতে আগ্রহী হচ্ছে সেটা নির্ভর করে যে দেশে যাচ্ছে সেখানে জীবনযাপন কতটা সহজ ও আরামদায়ক হবে, সেটিও জানা দরকার। কোন দেশের মানুষ কতটা বন্ধুত্বপূর্ণ, সেখানকার সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না, নতুন বন্ধু পাওয়া সহজ হবে কি না- এসব বিষয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

এগুলো বিবেচনা করে সম্প্রতি একটি র‌্যাংকিং প্রকাশ করেছে অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনস।

তাদের জরিপ বলছে, অভিবাসীদের বসবাসের জন্য সেরা দেশ হচ্ছে কোস্টারিকা। স্থানীয়দের বন্ধুত্বপূর্ণ আচরণ, পরিবেশ, সংস্কৃতি- সব কিছু মিলিয়ে বিদেশিদের বসবাসের জন্য আদর্শ জায়গা দক্ষিণ আমেরিকান দেশটি।

এর পরেই রয়েছে একই অঞ্চলের আরেক দেশ মেক্সিকো। তৃতীয় ও চতুর্থ অবস্থানে দক্ষিণপূর্ব এশিয়ার দুই দেশ- ফিলিপাইন ও ইন্দোনেশিয়া। পঞ্চম স্থানে ব্রাজিল, ষষ্ঠ থাইল্যান্ড, সপ্তম পানামা, অষ্টম কলম্বিয়া, নবম কেনিয়া এবং দশম স্থানে রয়েছে ইউরোপের দেশ গ্রিস।

এর বাইরে উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে স্পেন (১১), ওমান (১২), ভিয়েতনাম (১৩), পতুর্গাল (১৫), সংযুক্ত আরব আমিরাত (১৬), চীন (১৯), অস্ট্রেলিয়া (২০), নিউজিল্যান্ড (২১), মালয়েশিয়া (২৪), সৌদি আরব (২৫), ভারত (২৬), যুক্তরাষ্ট্র (২৮), সিঙ্গাপুর (৩০), ইতালি (৩৩), ফ্রান্স (৩৪), জাপান (৩৫), দক্ষিণ কোরিয়া (৩৬), পোল্যান্ড (৩৭), কানাডা (৩৯), যুক্তরাজ্য (৪২), সুইজারল্যান্ড (৪৬), জার্মানি (৫১), নরওয়ে (৫২) এবং কুয়েত (৫৩)

দ্য এক্সপ্যাট ইনসাইডার ২০২৪ নামে এই জরিপে অংশ নিয়েছিলেন ১৭৪টি দেশে বসবাসকারী ১২ হাজারের বেশি অভিবাসী। দেশগুলোতে অভিবাসীদের অভিজ্ঞতা, জীবনযাত্রার মান, ব্যক্তিগত স্বচ্ছলতা, কাজের পরিস্থিতি, সার্বিক সন্তুষ্টির মাত্রা প্রভৃতি বিষয় বিবেচনা করে বিভিন্ন বিষয়ে র‌্যাংকিং প্রস্তুত করে ইন্টারন্যাশনস।

তবে র‌্যাংকিংয়ে জায়গা পেতে একটি দেশ থেকে ন্যূনতম ৫০ জন অংশগ্রহণকারী থাকতে হবে। এ বছর এই শর্ত পূরণ করতে পেরেছে মাত্র ৫৩টি দেশ, তাদের মধ্যে বাংলাদেশের নাম নেই।

পূর্ববর্তী ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে জিতেছে ইংল্যান্ড
পরবর্তী আদালতের নির্দেশনার প্রেক্ষিতে কোটা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই: ডিএমপি