আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই: সেতুমন্ত্রী

Bridge Minister urges students to go back to class - National - 10 July 2024

www.HelloBangla.News – জাতীয় – ১০ জুলাই, ২০২৪: আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কার। এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই। আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান করেছেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন।”

আজ বুধবার (১০ জুলাই) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি ৷

সেতুমন্ত্রী বলেন, “আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন বলেও আশা করি।”

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, “শিক্ষকদের ব্যাপারটাতেও যোগাযোগ আছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল কিছুটা অসুস্থ। এছাড়া চীনে প্রধানমন্ত্রীর সব প্রোগাম শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রিযাপন না করে ঢাকার পথে রওনা দেবেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

পূর্ববর্তী ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে স্পেন
পরবর্তী পুতুল অসুস্থ তাই এক দিন আগে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী