ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে স্পেন

Spain in Euro final - Sports - 10 July 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ১০ জুলাই, ২০২৪: প্রথমার্ধেই হয় তিন গোল। শুরুতে গোল দিয়ে দিয়েছিল ফ্রান্সই। কিন্তু এরপর লামিন ইয়ামালের গোলে সমতা ফেরাল স্পেন, তার কিছুক্ষন পর গোল করলেন দানি আলমো। প্রথমার্ধের এই তিন গোল হওয়ার পর শেষ অবধি এই ফলাফল বহাল থাকে। ফলে বিশ্বকাপ ফুটবলের রানার্সআপ দল ফ্রান্স ব্যর্থ হয় ইউরোর ফাইনালে উঠতে।

মঙ্গলবার দিবাগত রাত এটায় আলিয়াঞ্জ অ্যারেনায় ইউরোর সেমিফাইনালে তাদের ২-১ গোলে হারিয়েছে স্পেন।

ম্যাচের কেবল ৯ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পেয়ে যায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে বক্সের বা প্রান্ত থেকে হাওয়ায় ভাসিয়ে দারুণ এক বল দেন রান্ডাল কুলোমুয়ানিকে। ফরাসি স্ট্রাইকারের হেডে রীতিমতো অসহায় ছিলেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। এটিই এবারের ইউরোতে ওপেন প্লে থেকে ফ্রান্সের প্রথম গোল ছিল।

ম্যাচে ফেরার আপ্রান চেষ্টায় থাকা স্পেন গোলের খোঁজ পায় ২১ মিনিটে এসে। অনেকটা একার চেষ্টায় দলকে সমতায় ফেরান ইয়ামাল। বক্সের বাইরে র‌্যাবিয়োটকে পাশ কাটিয়ে বাঁ পায়ে বল নেন লামিন ইয়ামাল। উপরের কোণা দিয়ে নেওয়া তার শটে কিছুই করার ছিল না ফ্রান্স গোলরক্ষকের। বক্সের বাইরে থেকে তার গোলে বিস্ময়ের যেন শেষ ছিল না কারও। ১৬ বছর ৩৬২ দিনে গোল করে ইউরোর ইতিহাসের সবচেয়ে কম বয়সী গোল করা ফুটবলার হলেন ইয়ামাল।

সমতায় ফেরার পর কেবল চার মিনিট লাগে স্পেনের এগিয়ে যেতে। দারুণ এক আক্রমণে নাভাসের শট ফিরে আসে। কিন্তু ওখান থেকে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন আলমো। এই লিড নিয়েই বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্পেন কিছুটা নিয়ন্ত্রণে রাখলেও দ্রুতই খেলায় ফিরে ফ্রান্স। তাদের একেকটি আক্রমণে ভয় ধরে স্পেন সমর্থকদের মনে। কিন্তু কিছুতেই কাজ হয়নি। দলীয় প্রচেষ্টায় গোল না আসায় কয়েকবার এমবাপ্পে একার ঝলকও দেখাতে চান।

কিন্তু ফ্রান্সের জন্য ছিল কেবল হতাশা। ৬০ মিনিটে ওসমান দেম্বেলের শট কোনোরকমে ফেরান স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। ৮৬ মিনিটের দিকে এমবাপ্পের একটি চেষ্টাও ব্যর্থ হয়। হতাশার হার নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

কোপা আমেরিকা কাপের ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকায় প্রথম সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার সকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা ২-০ গোলে জয় পায়। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো কোপা আমেরিকায় সর্বাধিকবারে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি করেন গোল দুটো। এ ম্যাচে গোলের মাঝ দিয়ে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এবারের কোপা আমেরিকায় প্রথম গোলের দেখা পেলেন।

পূর্ববর্তী ইসরায়েলি হামলায় গাজার আশ্রয়কেন্দ্রে ২৯ ফিলিস্তিনি নিহত
পরবর্তী আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই: সেতুমন্ত্রী