www.HelloBangla.News – জাতীয় – ৭ জুলাই, ২০২৪: কোইকা দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তা করার প্রস্তাব দিয়েছে, বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, “কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি আধুনিকায়ন ও চাহিদা নির্ভর দক্ষ জনশক্তি গড়তে ১০০ কোটি টাকার আর্থিক সহায়তা করবে বলে প্রস্তাব করেছে। আমরা প্রস্তাবটিকে ভালো মনে করছি। এ জন্য দ্রুত তাদের প্রস্তাবটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট সকলকে বলেছি।”
আজ রবিবার (৭ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।
কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, “দক্ষ জনবল গড়তে কোরিয়ার এ ধরনের সহযোগিতার প্রস্তাব আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও যুগোপযোগী করবে। কেন্দ্রগুলো আমাদের জনবলকে দক্ষভাবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।”
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিমসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।










