মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ১৮ জুলাইর মধ্যে ফেরত দিতে হবে: কর্মসংস্থান প্রতিমন্ত্রী

Money to be returned by 18th July Minister of State for Employment - National - 4th July 2024

www.HelloBangla.News – জাতীয় – ৪ জুলাই, ২০২৪: মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ১৮ জুলাইর মধ্যে ফেরত দিতে হবে, বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, “গতকাল (বুধবার) আমরা বায়রার সঙ্গে বসেছিলাম। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে। তারা (বায়রা) ১৫ দিন সময় চেয়েছেন। আমরা বলেছি, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এ সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, “১৫ দিন দেখি কতজনের টাকা উদ্ধার হয়। উদ্ধার না হলে আমরা ব্যবস্থা নেব। আমাদের উদ্দেশ্য যারা যেতে পারেননি তারা যেন টাকাটা ফেরত পায়। কতজন যেতে পারেনি সেটা বড় কথা নয়, এখন টাকা ফেরত পাওয়াটা বড় বিষয়। বায়রা ও রিক্রুটিং এজেন্সি বুঝতে পারছে তারা এবার ছাড় পাবে না।”

টাকা পেতে কর্মীদের রিক্রুটিং এজেন্সিকে প্রমাণ দিতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কমবেশি সবাই দায়ী। ১০০ রিক্রুটিং এজেন্সির দায় আছে। প্রায় ২ হাজার ২৫ জন অভিযোগ করেছেন। ১৭ হাজার ৭৭৭ কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। ৫ লাখ ৩২ হাজার ১৬২ কোটার মধ্যে ৪ লাখ ৭৬ হাজার চলে গেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ জন বিএমইটির ছাড়পত্র পেয়েছে।”

চলতি মাসের শেষের দিকে কুয়ালালামপুরের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের তথ্য জানিয়ে শফিকুর রহমান বলেন, “এ মাসের শেষের দিকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। আশা করছি, বাজার খুলবে। আবার বাজার খুললে যারা যেতে পারেনি তাদের অগ্রাধিকার দেওয়া হবে।”

পূর্ববর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী আজ শেষ হয়েছে সম্মিলিত ৮৭ ব্যাচের শিল্প প্রদর্শনী