প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাচ্ছেন না জো বাইডেন

Joe Biden to be elected President - International - 4 July 2024

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৪ জুলাই, ২০২৪:সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাজে পারফরমেন্সের পর তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার সিনিয়র ডেমোক্র্যাট নেতা ও কর্মকর্তাদের আশ্বস্ত করার কাজ শুরু করেছেন। নভেম্বরের নির্বাচনে তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসতে পারেন এমন গুঞ্জনের মধ্যে তিনি হোয়াইট হাউজে কমলা হ্যারিসের সঙ্গে রুদ্ধদ্বার মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন।

পরে তারা দলের এক প্রচারণায় অংশ নেন যেখানে বাইডেন পরিষ্কার করেছেন যে তিনি লড়াইয়ে আছেন এবং হ্যারিসও বাইডেনের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বাইডেন বলেন, আমি ডেমোক্র্যাট পার্টির নমিনি। কেউ আমাকে বের করে দিতে পারে না। আমি চলে যাচ্ছি না। আমি পরিষ্কারভাবে ও সহজভাবে বলতে চাই যে আমি লড়ছি, শেষ পর্যন্ত এই দৌড়ে থাকবো।

ট্রাম্পের সাথে বিতর্কে বারবার খেই হারানো, দুর্বল কণ্ঠস্বর এবং তার কিছু উত্তর বোঝাই কষ্টকর ছিল। ফলে দলের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য তার ফিটনেস এবং নির্বাচনে জেতার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

বিতর্কের পর নিউইয়র্ক টাইমসের এক জনমত জরিপে দেখা যায় ট্রাম্প এখন তার চেয়ে ছয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন। বিবিসির যুক্তরাষ্ট্রের পার্টনার সিবিএস এর আরেকটি জরিপে দেখা যায় প্রতিদ্বন্দ্বিতামূলক রাজ্যগুলোতে বাইডেনের চেয়ে ট্রাম্প তিন পয়েন্টে এগিয়ে আছেন। ওই জরিপ অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট জাতীয়ভাবেও এগিয়ে আছেন।

ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির সদস্যরা অগাস্টে দলের কনভেনশনে দলীয় প্রার্থীকে আনুষ্ঠানিক মনোনয়ন দেবেন এবং এরপরই সারাদেশ ব্যালট পেপারে তার নাম আসবে।

আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে বিতর্কে অংশ নিয়েছিলেন এই দুই প্রার্থী। সেই বিতর্কে বাইডেনের পারফরম্যান্স ছিল অত্যন্ত দুর্বল।

মূলত গত সপ্তাহের সেই বিতর্কের পর থেকে বাইডেনকে নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলছেন, ৮০ বছরের বেশি বয়সি বাইডেনের এবার আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।

পূর্ববর্তী মতিউর ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ
পরবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ