পাটের ব্যাগ চালু হলে পলিথিন নিষিদ্ধ হবে: পাটমন্ত্রী

Polythene to be banned Jute Minister - National - 3 July 2024

www.HelloBangla.News – জাতীয় – ৩ জুলাই, ২০২৪: পাটের ব্যাগ চালু হলে পলিথিন নিষিদ্ধ হবে, বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন,  “পলিথিনের বিকল্প আবিষ্কার করেছে পাট গবেষণা ইনস্টিটিউট। সেটিও বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনে আনা হবে। আশা করছি, সফল হব। এক্ষেত্রে সফল হলে প্লাস্টিক ও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে।”।

আজ বুধবার (৩ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

পাটমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল পাট দিয়ে চা কেন উৎপাদন হবে না। তিনি পাটের চা উৎপাদন করতে বলেছেন। আমি আপনাদের কাছে শুভসংবাদ দিতে চাই, এরইমধ্যে ‘রোজেলা টি’ও ‘পাটপাতার চা’ নামে দুটি চা আবিষ্কার প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই রোজেলা টিতে অনেক উপকার আছে। আমরা এগুলো শিগগিরই বাজারজাত করব। বাণিজ্যিক পর্যায়ে চলে যেতে পারব “

তিনি বলেন, “মানুষের অন্যতম শত্রু পলিথিন বন্ধ করতে বিকল্প ব্যাগ হিসেবে সোনালি ব্যাগ আবিষ্কার করা হয়েছে। এই ব্যাগ দ্রুততম সময়ের মধ্যে বাজারে এনে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।”

পাটমন্ত্রী আও বলেন, “সোনালি ব্যাগ ও পাট গবেষণা ইনস্টিটিউট যে ব্যাগ আবিষ্কার করবে, সেটার দাম কমিয়ে আনার চেষ্টা করব। কারণ আমি যখন বাজার করব, চার প্রকারের সবজি কিনব, তখন চারটি পলিথিন ব্যাগ দেওয়া হয়। যখন বলি, এগুলো একটি ব্যাগে ঢুকিয়ে দেন, তখন আরেকটি পলিথিনের ব্যাগের মধ্যে এই চারটি ব্যাগ ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ পলিথিন এখন বাজারে এমনভাবে গেড়ে বসেছে যে, এটি মানবজীবনের জন্য খুবই ক্ষতিকারক।”

পূর্ববর্তী ভেজাল ওষুধের অব্যাহত ঝুঁকি আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী পদ্মা সেতুসহ অনেক আইকনিক স্থাপনায় চীন আমাদের সহায়তা করেছে: পররাষ্ট্রমন্ত্রী