www.HelloBangla.News – জাতীয় – ১ জুলাই, ২০২৪: মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যত্ন ও স্বচ্ছতার সঙ্গে পাস হওয়া নতুন অর্থবছরের (২০২৪-২৫) বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (১ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান।
আজ রবিবার (৩০ জুন) সংসদ অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ, সর্বোচ্চ করহার ২৫ শতাংশই থাকছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাস হয়, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
এরও আগে শনিবার (২৯ জুন) বিকেলে সংসদে অর্থবিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরে সেটি সংসদে পাস হয়।
মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে দুটি আন্তর্জাতিক পুরস্কার ও সনদ হস্তান্তর করেন দুই মন্ত্রী
মন্ত্রিপরিষদ সভার শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নাগাসাকির মেয়রের দেওয়া সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন হস্তান্তর করেন। জাপানের নাগাসাকি পীস পার্কে শান্তি-স্মৃতিস্তম্ভ স্থাপন করায় গত ২৮ মে নাগাসাকির মেয়র সুজুকি শিরো বাংলাদেশকে এই প্রশংসাপত্র দেন।
অপর দিকে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন প্রধানমন্ত্রীর হাতে আইটিইউ’র উইনার ও চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য সুইজারল্যান্ডের জেনেভাস্থ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনের (আইটিইউ) সদর দপ্তর থেকে ২৮ মে বাংলাদেশকে এই দুটি পুরস্কার দেওয়া হয়।










