লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের হামলা

Israel Attacks Lebanon - International - 29 June 2024
Israel Attacks Lebanon - International - 29 June 2024

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৯ জুন, ২০২৪: সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের কয়েকটি লক্ষ্যে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত কয়েক ঘণ্টায় লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে দফায় দফায় হামলা চালানো হয়েছে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা জিবকিন এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া খাইয়াম এবং হুলা এলাকার বেশ কিছু স্থাপনা এবং ওডেইসাহ এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলার কথাও স্বীকার করেছে ইসিরায়েল।

সাম্প্রতিক সময়ে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে লেবাননে হামলা চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

যদিও দখলদারদের এ ঘোষণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরই দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। এছাড়া ইসরায়েলকে বরাবরের মতো সতর্ক করেছে তুরস্কও।

দেশ তিনটি ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধের ক্ষেত্র আরও বাড়লে ফলাফল কী হতে পারে, তা নিয়ে তারা উদ্বিগ্ন। নিজ দেশের নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

লেবাননে অবস্থিতি মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবাননের দক্ষিণ, সিরিয়ার সীমান্ত ও শরণার্থী ক্যাম্পের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেছেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি।

পূর্ববর্তী তারা আবারও ভুল পথে হাঁটছে: সেতুমন্ত্রী
পরবর্তী ব্রাজিল ৪-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে