www.HelloBangla.News – জাতীয় – ২৭ জুন, ২০২৪: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন দুবাই বছরে ২ হাজার ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নেবে।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুবাই ট্যাক্সি করপোরেশনের পরিচালকের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ তথ্য জানান ।
প্রতিমন্ত্রী জানান, এ বছর ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত । এরমধ্যে এক হাজার মোটর সাইকেল চালক রয়েছে। এ পাঁচ মাসে প্রতি মাসে ২০০ করে যাবে। আর ৩০০ ট্যাক্সি চালক যাবে। কমপক্ষে প্রতি বছর ২ হাজার করে মোটর সাইকেল ও ট্যাক্সি চালক যাবে। এ সংখ্যাটা আরও বাড়বে।
আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি জানান, আমি এখানে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানিকে নিয়ে এসেছি। দুবাইয়ে বাংলাদেশি ট্যাক্সি চালকের চাহিদা রয়েছে। সম্প্রতি এ দুই সেক্টরে বাংলাদেশ থেকে ৫০০ লোকের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন প্রায় শ’খানেক লোক নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে।
রাষ্ট্রদূত বলেন, এ বছর প্রায় ১ হাজার ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নিয়োগ করা হবে। এ সংখ্যাটা সামনে বাড়বে। পরবর্তী বছরগুলোতে এই সংখ্যাটি ২ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গত বছর দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ২ হাজার ১০০ কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা অন্যান্য সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছি- নিরাপত্তা কর্মী, আতিথেয়তার জন্য কর্মী নিচ্ছি।
ট্যাক্সি ও মোটর সাইকেল চালকদের বেতন জানতে চাইলে আল হামুদি বলেন, এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।
বৈঠকে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসহ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।










