বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই: সেতুমন্ত্রী

www.HelloBangla.News – জাতীয় – ২২ জুন, ২০২৪: বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই ৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বশ্রেষ্ঠ অর্জন এ দেশের স্বাধীনতা। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জন এ দেশের উন্নয়ন।”

আজ শনিবার (২২ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, “রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর জন্য অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। রাজনীতি মানুষের জন্য, মানুষের সঙ্গে আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে৷ অসৎ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স।

তিনি বলেন, “বিজয়কে এখনো সুসংহত করা যায়নি, কারণ সাম্প্রদায়িকতা এখনো বিজয়ের প্রধান অন্তরায়। ৭৫ বছরের আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা হলো, নতুন প্রজন্মকে গড়ে তোলা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন।”

সেতুমন্ত্রী বলেন, “কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা প্রস্তুত, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন সম্পন্ন। আওয়ামী লীগের শোভাযাত্রা আনন্দঘন, উৎসবমুখর হয়েছে। আগামীকাল প্রতিষ্ঠাবার্ষিকীতেও স্বতঃস্ফূর্ত, সুশৃঙ্খল ও আনন্দঘন উপস্থিতি হবে এই সোহরাওয়ার্দী উদ্যানে।”

আগামীকাল ২৩ জুন এদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করছে আওয়ামী লীগ। গত সাড়ে সাত দশক ধরে বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল। দলের এই প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ৷ এরই অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে৷ সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

পূর্ববর্তী রাসেলস ভাইপার সাপ নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী শেখ হাসিনাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা সংবর্ধনা