www.HelloBangla.News – জাতীয় – ১৯ জুন, ২০২৪: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৃথক পাহাড়ধসের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয় শিশু।
আজ বুধবার (১৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন।
কক্সবাজার জেলার পুলিশ সূত্রে জানা গেছে, মূলত মঙ্গলবার রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- রোহিঙ্গা মো. হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মো. কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মো. হোসেন আহমদ (৩০), তার স্ত্রী আনোয়ারা বেগম ও স্থানীয় শিশু আবদুল করিম (১২)।
জানা গেছে, মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ক্যাম্পের একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ক্যাম্পে পাহাড় ঘেঁষে অনেক বসতি রয়েছে। জানমাল এড়াতে লোকজনকে নিরাপদে সরে যেতে এলাকায় মাইকিং করা হচ্ছে।
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দুই বিভাগে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।










