www.HelloBangla.News – জাতীয় – ৯ জুন, ২০২৪: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তাঁর সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর শপথ গ্রহণের মঞ্চে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিদেশী নেতারা একে একে মোদীকে শুভেচ্ছা জানান।
আজ রবিবার (৯ জুন)রাতে সংক্ষিপ্ত সাক্ষাতে দুই নেতা একে অপরের খোঁজ খবর নেন।
এরপর মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে যোগ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা গেছে।
মোদি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আগামীকাল সোমবার (১০ জুন) বিকেলে তিনি ঢাকার উদ্দেশে ভারতের রাজধানী ত্যাগ করবেন।
এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং প্রেস সচিব নাঈমুল ইসলাম খানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েক কর্মকর্তা।
এই সফরে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপির ৯৬ বছর বয়সী সিনিয়র নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লাল কৃষ্ণ আদভানির বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।










