www.HelloBangla.News – খেলাধুলা – ৭ জুন, ২০২৪: ছয় দফা আন্দোলনকে স্মরণীয় করে রাখতেই জয় বাংলা ম্যারাথনের আয়োজন, বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, “জাতির পিতার ঐতিহাসিক ছয় দফা আন্দোলনকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন সবার মাঝে তার আদর্শ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মেধাবী ও সুস্থ মানুষ দরকার। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও শরীর চর্চা আবশ্যক”।
আজ শুক্রবার (৭ জুন) সকালে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাব আয়োজিত জয় বাংলা ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে ডিএনসিসি মেয়র ম্যারাথনে নিজে অংশ নিয়ে প্রতিযোগীদের উৎসাহিত করেন। তিনি ৭ কিলোমিটার দীর্ঘ পুরো হাতিরঝিল এক রাউন্ড দৌড়ান।
ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাবের সভাপতি অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার।
এর আগে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে এ হাফ ম্যারাথন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন হাজার ৫০০ দৌড়বিদ অংশ নিয়েছেন।
প্রধান অতিথি হিসেবে ম্যারাথন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
পুলিশ জানায়, ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ৩টা থেকে হাতিরঝিলে ৬৫০ জন পুলিশ সদস্যকে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় মোতায়েন ছিল।
এতে ড্রোন ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠান পর্যবেক্ষণ করা হয়। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয় এক্সপ্লুসিভ রিকভারি অ্যান্ড বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম, ডগ স্কোয়াড এবং সোয়াট টিম।










