যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১০০ জন

Israeli strikes kill 100 in Gaza - International - 2 June 2024
Israeli strikes kill 100 in Gaza - International - 2 June 2024

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ জুন, ২০২৪: গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় চলছে ইসরায়েলি হামলা। শান্তিকামী দেশগুলোসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে সম্প্রতি অবরুদ্ধ গাজায় আবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নৃশংস এই আক্রমণে প্রায় ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।আহত হয়েছেন শতাধিক।

গতকাল শনিবার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৯৫ জন নিহত ও আরও ৩৫০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই। কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

আল জাজিরার সানাদ ভেরিফিকেশন এজেন্সি অনুসারে, ইসরায়েল গাজার প্রায় ৩২ শতাংশ এলাকা পরিকল্পিতভাবে ধ্বংস করে দখলে নিয়েছে।

নির্বিচারে বিমান হামলা, কামান হামলা এবং বুলডোজারের মাধ্যমে গাজার এলাকাগুলির সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল এবং জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস বলেছেন, গাজায় কোনো নিরাপদ স্থান নেই। সেখানে নিরাপদে জীবন চালিয়ে নেওয়া এখন অসম্ভব। যদি কেউ বাড়ি ফিরতে পারলেও সেই বাড়িকে আর দেখতে পাবে না।

ফিলিস্তিনি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত উপত্যকাটিতে প্রায় ৩৬ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮২ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহত-আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

পূর্ববর্তী কানাডাকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের
পরবর্তী সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী