www.HelloBangla.News – জাতীয় – ২০ মে, ২০২৪: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে প্রেরিত এক শোক বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য সফরসঙ্গীদের মৃত্যুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।
বঙ্গভবন প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি বলেন; বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও তাঁর সাহস আমাদের জন্য অনুপ্রেরণার মডেল হয়ে থাকবে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতাকে হারালো।
রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ইরানের ভাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনা জানান।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের মৃত্যুতে শোক জানিয়ে দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে চিঠি পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জ্ঞানী ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি তার দেশের জনগণের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলেন ও জনগণের জন্য নিঃস্বার্থ কাজ করেছেন। আন্তর্জাতিক রাজনীতিতেও ছিলেন অনন্য উচ্চতায় এবং তার অনুকরণীয় নেতৃত্ব আমাদের জন্য আদর্শ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের প্রেসিডেন্টসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি ইরানের জনগণ এই শোক কাটিয়ে উঠবেন এ আশাবাদ ব্যক্ত করেন।










