নাগরিকের দায়িত্ববোধের মাধ্যমে সরকারের কাজ সহজ হয়: তথ্য প্রতিমন্ত্রী

Govt's work made easy Minister of State for Information - National - 15 May 2024
Govt's work made easy Minister of State for Information - National - 15 May 2024

www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: নাগরিকের দায়িত্ববোধের মাধ্যমে সরকারের কাজ সহজ হয়, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।  তিনি বলেন, “সরকার কাজ করবে। কিন্তু নাগরিকদের দায়িত্বের জায়গা থেকে, নাগরিকদের অধিকার যেমন সংরক্ষণের বিষয় আছে, তেমন দায়িত্ব পালনেরও বিষয়টি থাকে। নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে নিজ দায়িত্বটুকু পালন করলে তখনই সরকার ও নাগরিকদের মধ্যে একটি পার্টনারশিপ তৈরি হয়। তখনই সমস্যাগুলো অনেক সহজে দূর হয়।”

আজ বুধবার (১৫ মে) দুপুরে রাজধানীর গুলশান ২ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে সপ্তাহব্যাপী চলমান বর্জ্য প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, “অল্প বৃষ্টি হলেই অনেক সময় বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। এ ধরনের অভিযোগ আমরা পাই। অনেকে ভিডিও করেও আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা গিয়ে দেখি, ড্রেনেজ লাইনের মধ্যে বিভিন্ন ধরনের বোতল, চিপসের প্যাকেট পড়ে থাকে। পানির মধ্যে বড় বড় জিনিসপত্র, জাজিম, সোফা, ফ্রিজ ফেলে রাখা হয়।”

তিনি আরও বলেন, “একদিকে সিটি করপোরেশন সারাক্ষণই যদি পরিষ্কার করতে থাকে, অন্যদিকে আপনারা নোংরা করতে থাকেন, নিয়মের মধ্যে না থাকেন, তাহলে তো এ সমস্যা কোনোদিনও সমাধান হবে না।”

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, “ঢাকা উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য একটি চমৎকার উদ্যোগ নিয়েছে। আমি মেয়রকে ধন্যবাদ জানাতে চাই এ উদ্যোগের জন্য।”

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।

পূর্ববর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ
পরবর্তী দুই দেশের মধ্যে আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি: ডোনাল্ড লু