Tag: স্বচ্ছ

  • ড. ইউনূসের মামলার বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

    ড. ইউনূসের মামলার বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জানুয়ারি, ২০২৪: ড. ইউনূসের মামলার বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,  “ড. মুহাম্মদ ইউনূস প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। বাংলাদেশের বিচার প্রক্রিয়া স্বচ্ছ বলে ক্ষমতাসীন দলের অনেকেই বিচারের সম্মুখীন হয় ও জেলে যায়। ড. ইউনূসের বিরুদ্ধে যে মামলা, সেখানে সরকার কোনো পক্ষ নয়। যেসব শ্রমিক কর্মচারী বঞ্চিত হয়েছে, তারাই তার বিরুদ্ধে মামলা করেছে। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে।”

    আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

    যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ ড. মুহাম্মদ ইউনূসের বিচারের বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, “এটি ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে, নিউজ আকারে নয়। আমাদের দেশের পত্রিকায় যেমন বিবৃতি দেওয়া হয়, সেভাবে নয়। এটি বিজ্ঞাপন আকারে দেওয়া হয়েছে। এটা একদম স্পষ্ট যে, লবিস্ট ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে সেটি ছাপানো হয়েছে। এরকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূত, তারা মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে বাংলাদেশে এসেছে। গতকাল (সোমবার) তারা গিয়েছিলেন বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করতে। তাদের কেউ কেউ আরও ১০ বছর আগে আমাদের এখানে এসেছিলেন। তারা সেই উন্নয়নের প্রশংসা করেছেন। ১০ বছরে অনেক পরিবর্তন হয়েছে এখানে। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন আছে। বিজনেস রিলেশন আছে। কেউ কেউ ইনভেস্টমেন্ট করার কথাও বলেছে।”

    গাম্বিয়া আইসিজেতে (আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত) রোহিঙ্গাদের বিরুদ্ধে একটি মামলা করেছিল। এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না– জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, “এ বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। আমি সবার সাহায্য কামনা করেছি। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ যেন মিয়ানমারের ওপর বৃদ্ধি করা হয়। এজন্য তাদের সবার সাহায্য কামনা করা হয়েছে।”

    আলোচনায় অংশ নিয়েছিলেন বতসোয়ানার অনাবাসিক রাষ্ট্রদূত গিলবার্ড সাইমন ম্যাঙ্গলি, কম্বোডিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত কয়কুং, চেক প্রজাতন্ত্রের অনাবসিক রাষ্ট্রদূত ডঃ ইলিছকা জিগোভা, গাম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মুস্তফা জাওয়ারা, হাঙ্গেরির অনাবাসিক রাষ্ট্রদূত ইস্টভান স্যাভো, জামাইকার অনাবাসিক রাষ্ট্রদূত জেসন কে. হল, লুক্সেমবার্গের অনাবাসিক রাষ্ট্রদূত পেগী ফ্রান্টজেন, মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ড ডামবাজাব, উত্তর মেসিডোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত স্লোবোডান জুনব, পেরুর অনাবাসিক রাষ্ট্রদূত জাবিয়ার ম্যানিউল পাওলিনিচ ভেলারডি, স্লোভাক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত রবার্ট মেক্সিয়ান, স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মাতেজা ভদেব ঘোষ, উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবেরতো এ.গুয়ানি, ভেনেজুয়েলার অনাবাসিক রাষ্ট্রদূত কাপায়া রদ্রিগেজ গনজালেজ ।

    এর আগে গতকাল সোমবার বিকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বাঙালি মুক্তির এ মহানায়কের প্রতি শ্রদ্ধা জানান ১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূত ।