Tag: স্কুল খোলা

  • আগামী বছর শনিবার স্কুল খোলা রাখার পরিকল্পনা করবো: শিক্ষামন্ত্রী

    আগামী বছর শনিবার স্কুল খোলা রাখার পরিকল্পনা করবো: শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ মার্চ, ২০২৪: আগামী বছর শনিবার স্কুল খোলা রাখার পরিকল্পনা করবো, বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, “বছরে ৫৩ সপ্তাহে ৫২টি শনিবার রয়েছে। সেখানে যদি কিছুটা বিদ্যালয় খোলা রাখি, তাহলে রমজানের ক্ষেত্রে যে বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস যারা করছে তাদের সেই অপপ্রয়াসকে বন্ধ করতে পারি সেই লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করবো। যাতে এটা নিয়ে আবারও আদালতে গিয়ে মিথ্যা বুঝিয়ে বিভ্রান্তি করে রায় নিয়ে এসে অপচেষ্টা করতে না পারে, রাস্তায় এসে মানববন্ধন করতে না পারে। আমরা সংবেদনশীলতার জায়গায় শ্রদ্ধাশীল। আমরা আলেম-ওলামার সাথেও আলোচনা করবো। তাদেরও একটা অবস্থান আছে এটা নিয়ে।”

    আজ মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    শিক্ষামন্ত্রী বলেন, “পবিত্র রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে নানা ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে। যেহেতু এ বছর বিষয়টা এভাবে এসেছে, আগামীতে আমরা চেষ্টা করবো কাঠামোর মধ্যে নিয়ে আসতে।”

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক আলোচনাসভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। এ সময় আরও বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।

    উল্লেখ্য, চলতি বছরে প্রাথমিক বিদ্যালয় রমজানে ১০ দিন এবং মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়।

  • রমজানে প্রথম ১৫ দিন স্কুল খোলা থাকবে

    রমজানে প্রথম ১৫ দিন স্কুল খোলা থাকবে

    www.HelloBangla.News – জাতীয় – ১২ মার্চ, ২০২৪: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় আগামী ২৫ মার্চ পর্যন্ত খোলা রাখা হবে।ফলে শিক্ষার্থীদের রমজান মাসের প্রথম ১৫ দিন স্কুল করতে হবে।।

    রমজানে দুই শিফটের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো কীভাবে ক্লাস চালাবে, তা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।আজ মঙ্গলবার (১২ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ২০২৪ সালের শিক্ষাপঞ্জি সংশোধনের কারণে ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এ প্রজ্ঞাপনের প্রেক্ষিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানরা প্রভাতি ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচলনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ বা সমন্বয় করতে পারবেন। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ মর্মে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    এদিকে, রোজায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমও চলবে নতুন সময়সূচিতে। নতুন সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে। আগামী ১০ রমজান অর্থাৎ ২১ মার্চ পর্যন্ত এ নিয়মে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে।

    পবিত্র রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ।

  • রমজান মাসের প্রথম ১৫ দিন স্কুল খোলা থাকবে

    রমজান মাসের প্রথম ১৫ দিন স্কুল খোলা থাকবে

    www.HelloBangla.News – জাতীয়  – ৮ ফেব্রুয়ারি, ২০২৪: শিক্ষাপঞ্জিতে এবার রমজান মাসে ছুটির তালিকায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পবিত্র রমজান মাসের প্রথম ১৫ দিন স্কুল খোলা থাকবে।

    আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। আগামী ১১ মার্চ ২০২৪ থেকে ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।

    এর আগে গত বছরের ১২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় প্রতিষ্ঠান প্রধানের তিন দিনের সংরক্ষিত ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষ্যে মোট ৭১ দিন বন্ধ থাকবে।

    ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডেসহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে টানা এক মাসের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১০ মার্চ থেকে চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

    আজ ছুটির সেই তালিকায় সংশোধনী আনা হলো। সংশোধনী অনুযায়ী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

    অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষ্যে সাত দিন এবং দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে সাত দিনের ছুটি থাকবে। তাছাড়া বছরের শেষে ১৭ ডিসেম্বর থেকে শীতকালীন ও বড়দিন উপলক্ষ্যে ১১ দিনের ছুটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।