Tag: শিক্ষার্থীরা

  • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা

    রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের অনুপস্থিতিতে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল অনেকটাই গতি ও স্বস্তি ফেরে সাধারণ মানুষের মধ্যে।

    আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে শিক্ষার্থীদের এমন কার্যক্রম দেখা গেছে।

    সরেজমিনে দেখা যায়, শান্তিনগর এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে কয়েকজন শিক্ষার্থী। ট্রাফিক নিয়ন্ত্রণ করছে  এমন একজন শিক্ষার্থী জানিয়েছেন, যেহেতু এই মুহূর্তে পুলিশ বা ট্রাফিক পুলিশও নেই। তাই আমরা রাস্তায় যাতে যান চলাচলে সমস্যা না হয় তাই আমরা শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমাদের আশ-পাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা সবাইকে অনুরোধ করব সবাই যেন ট্রাফিক নিয়ম মেনে চলে।

    রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা Hello Bangla News
    রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা | Hello Bangla News

    শিক্ষার্থীরা সড়কের সিগন্যালে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করলেই তারা চালকদের বাধা দিচ্ছেন। এতে করে রাস্তায় বড় ধরনের কোনো যানজট হচ্ছে না। পাশাপাশি শিক্ষার্থীরা সাধারণ মানুষকে রাস্তা পারাপারে সহায়তা করতেও দেখা যায়। শিক্ষার্থীদের এই চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ।

    পাশাপাশি বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক ও আন্দোলনে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিষ্কার করছেন। দেশের অন্যান্য কয়েকটি জেলারা শিক্ষার্থীরা এই ধরনের সেবামূলক কার্যক্রম হাতে নিয়েছে।  শিক্ষার্থীদের এই ভূমিকায় সাধারণ মানুষ প্রশংসা করছেন। পথচারীরা তাদের বাহবা দিচ্ছেন। অনেক তরুণ-তরুণীকে তাদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।

  • শিক্ষার্থীরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করেনি: আইনমন্ত্রী

    শিক্ষার্থীরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করেনি: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুলাই, ২০২৪: শিক্ষার্থীরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করেনি, বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “একটা প্রশ্ন উঠেছে যে, কোটাতো আদালতের বিষয় না, এটা সরকারের বিষয়। আদালতে যখন একটা জিনিস গেছে, তখন সরকারও আদালতের রায়ের জন্য অপেক্ষা করে। এরপরে সরকার একটা পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু শিক্ষার্থীরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করেনি।”

    আজ মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ঘৃণ্য ইমডেমনিটি আইন এবং জননেত্রীর কারাবন্দি দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ২০১৮ সালে কোটা বাতিল করেছেন। এরপরে ৭ থেকে ৮ জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে মামলা করেছেন। আজকে যারা কোটা আন্দোলন করছেন, তারাতো হাইকোর্টে যায়নি! হঠাৎ একদিন যখন হাইকোর্টের রায়ের কথা পত্রিকায় বের হয়েছে, তখন তারা আন্দোলনে নেমে পড়েছেন। পরবর্তীকালে তারা হাইকোর্টে না গিয়ে রাস্তায় আন্দোলনে থাকার সিদ্ধান্ত নেন। এরপর তারা আপিল বিভাগের কাছে গিয়েছে। তখন আপলি বিভাগ থেকে সব প্রতিবাদকারী কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলা হয়েছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য, প্রক্টর মহোদয়কে তাদের শিক্ষার্থীদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষায় মনোনিবেশ করতে বলা হয়েছে। স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য এই আদালতের সামনে তুলে ধরতে পারেন। আদালত মূল দরখাস্তটি বিবেচনা, নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবে।সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাস পর্যন্ত দিয়েছে। তারপরেও এই আন্দোলন করার কোনও প্রয়োজনীয়তা আছে? আন্দোলনের যে স্লোগান দেওয়া হয়েছে, সে স্লোগান দেওয়ার কোনও প্রয়োজনীয়তা থাকে?”

    তিনি আরও বলেন, “যৌক্তিক কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনবেন। জনগণের যেটা ভালো হয় প্রধানমন্ত্রী সেটা করবেন। কিন্তু শেখ হাসিনার সরকার আদর্শ থেকে বিচ্যুত হবে না।”

    শিক্ষার্থীদের স্লোগান প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘‘আজকে ইনডেমনিটি আইনের ধারাবাহিকতায় আমরা কিন্তু এখন ছাত্রদের মুখে স্লোগানের কথা শুনছি। যারা আন্দোলন করছেন, তারা যদি ‘আমি কে, তুমি কে, আমরা বাঙালি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান’এটা বলতেন, তাহলে আমি অবশ্যই বলতাম তারা সঠিক পথে আছে।”

    বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন— সংসদ সদস্য তারানা হালিম, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, বঙ্গবন্ধু গবেষক মো. আফিজুর রহমান, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ প্রমুখ।

  • আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন: আইনমন্ত্রী

    আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুলাই, ২০২৪: আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন, বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন বলে আশা করি।”

    আজ শুক্রবার (১২ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি ।

    আইনমন্ত্রী বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, কোটা আন্দোলনে সে প্রেতাত্মাদের ষড়যন্ত্র অস্বীকার করতে পারব না।”

    জানমাল রক্ষা করা এবং জনগণের সুবিধা-অসুবিধা দেখা সরকারের দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, “এসব যদি কেউ বাধাগ্রস্ত করে, সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।”

    আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীসহ অনেকে আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।