Tag: ভূমিকম্প

  • ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে

    ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ আগস্ট, ২০২৪: ফিলিপাইনের ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও প্রবল ভাবে কম্পন অনুভূত হয়। প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

    পৃথক বিবৃতিতে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৬টা ৩০মিনিটে ঘটেছে এই ভূমিকম্প। কম্পের উৎপত্তিস্থল ছিল বার্কেলোনা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে।

    ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিভিন্ন দেশে যে মাত্রার ক্ষয়ক্ষতি হয়, সেই তুলনায় বার্কেলোনা ও তার আশপাশে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কম। তবে এ ভূকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।

    প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে ফিলিপাইনে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। গত ডিসেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশটিতে। এতে প্রাণ হারিয়েছিলেন ৩ জন।

  • কানাডায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

    কানাডায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ জুলাই, ২০২৪: উত্তর আমেরিকার দেশ কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে বৃহস্পতিবার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে এতে  ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার টোফিনোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার (৪.৯৭ মাইল) গভীরতায় আঘাত হানে বলেও জানিয়েছে মার্কিন এই সংস্থাটি।

    অবশ্য ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। এমন কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • বাংলাদেশে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে: দুর্যোগ প্রতিমন্ত্রী

    বাংলাদেশে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে: দুর্যোগ প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুন, ২০২৪: বাংলাদেশে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে, বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বলেন, এটা সুনির্দিষ্ট গবেষণার ফল, বাংলাদেশে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে।”

    আজ বুধবার (১২ জুন) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।

    দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ দুর্যোগ প্রবণ এলাকা। বাংলাদেশে যেকোনো সময় ঘূর্ণিঝড় হতে পারে। সারা বছরের ২৪ ঘণ্টাই দুর্যোগ মন্ত্রণালয়ের কাজ থাকে। দুর্যোগ বলতে শুধুই বন্যা নয়, আগুন লাগতে পারে, পাহাড় ধ্বংস হতে পারে। তাই অবকাঠামো গুলো দুর্যোগ সহনীয় করে গড়ে তুলতে হবে।”

    তিনি বলেন, “ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা যদি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাই, তাহলে সমস্ত জাতিকে দুর্যোগের বিষয়ে সচেতন করে তুলতে হবে। বিশেষ করে আমাদের ভয়ের কারণ ভূমিকম্প। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকার অন্তর্ভুক্ত। যে কোন সময় বাংলাদেশে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। এতে ২০ শতাংশ বিল্ডিং কোলাপস হয়ে যেতে পারে। ঢাকা শহরে লক্ষ লক্ষ লোট আটকা পরতে পারে। অনেক লোকের মৃত্যুর সম্ভাবনাও রয়েছে। আমরা এসব বিষয়ে আমরা কাজ করছি।”

    বজ্রপাত বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বজ্রপাত বিষয়ে আমরা কাজ করছি। বজ্রপাত বিষয়ে ১৩০০ কোটি টাকার একটি প্রজেক্ট প্লানিং কমিশনে জমা দেয়া আছে। আশা করি এটা পাশ হলে বজ্রপাত নিয়ন্ত্রণে আনতে পারবো।”

    বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

  • ঢাকাসহ কয়েকটি জেলায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

    ঢাকাসহ কয়েকটি জেলায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২ জুন, ২০২৪: বাংলাদেশের রাজধানী ঢাকসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।মিয়ানমারের মাওলাইক এলাকায় উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।

    আজ রবিবার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।

    জানা যায়, মিয়ানমারে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যা অনুভূত হয়েছে রাঙামাটি জেলায়। খাগড়াছড়ির দিঘীনালাতেও বেশ অনুভূত হয়েছে। এছাড়া ঢাকা, কুমিল্লা ও কক্সবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৪৪২ কিলোমিটার দূরে ছিল বলেও জানা গেছে।

    এর আগে, গত ২৯ মে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪।

    এছাড়া এ বছর আরও অন্তত ৩টি ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে।

    গত ২৮ এপ্রিল (রোববার) বাংলাদেশের রাজশাহী অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প সংঘটিত হয়। রাত ৮টা ৫ মিনিটে এ ভূমিকম্প হয়। ভারতের পশ্চিমবঙ্গের উত্তমপুরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

    গত ২০ এপ্রিল চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩.৭ মাত্রার ভূমিকম্পটি বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে। মৃদু ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত সীমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

    গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৭ মিনিটে মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান ওই সময় জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তিস্থল ছিল পাবনা জেলার আটঘরিয়া।

  • তাইওয়ানে কয়েক দফা ভূমিকম্প আঘাত হেনেছে

    তাইওয়ানে কয়েক দফা ভূমিকম্প আঘাত হেনেছে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৩ এপ্রিল, ২০২৪: কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে প্রায় ৫০ টির অধিক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এসব ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

    তাইওয়ানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর মধ্য সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পূর্বাঞ্চলের হুয়ালিয়েনের প্রত্যন্ত এলাকায়। ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী তাইপেতেও।

    দুই সপ্তাহ আগে দেশটিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সোম এবং মঙ্গলবার দফায় দফায় আফটার শক অনুভূত হয়েছে।

    দেশটির অল্প জনবসতিপূর্ণ হুয়ালিয়েন শহরে গত ৩ এপ্রিল ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ১৪ জন নিহত হয়। সে সময়ের পর থেকে এখন পর্যন্ত তাইওয়ানে এক হাজারের বেশি আফটার শক অনুভূত হয়েছে।

    গত ৩ এপ্রিল তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল এবং রাজধানী তাইপেই ছাড়াও জাপানের দক্ষিণাঞ্চল, চীনের পূর্বাঞ্চল এবং ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কারণে এসব দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ৩৪ দশমিক ৮ কিলোমিটার।

    দেশটির ভূমিকম্পবিষয়ক সংস্থার তথ্যমতে, তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয় এবং প্রায় পাঁচশর মতো ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।

  • তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১ জনের মৃত্যু, আহত ৫০

    তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১ জনের মৃত্যু, আহত ৫০

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৩ এপ্রিল, ২০২৪: তাইওয়ানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের মতে, ২৫ বছরের মধ্যে দ্বীপটিতে আঘাত হানার এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

    ভূমিকম্পের কেন্দ্রস্থল পর্যটন শহর হুয়ালিয়েন থেকে প্রায় ১৮ কিলোমিটার (১১ মাইল) দক্ষিণে। আগামী দিনে ৭ মাত্রার একাধিক শক্তিশালী আফটারশক হওয়ার শঙ্কা রয়েছে বলে তাইওয়ানের কর্মকর্তারা সতর্ক করেছেন।

    তাইওয়ানের সেন্ট্রাল ইমার্জেন্সি কমান্ড সেন্টার জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২৬টি ভবন ধসে পড়ার পর লোকজন আটকা পড়ে। মধ্য তাইওয়ানের একটি মহাসড়কে ভূমিধস ও পাথর ধসে অন্তত নয়জন আহত হয়েছেন। তাইওয়ান, জাপান এবং ফিলিপাইন সমস্ত ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা বাতিল করেছে।

    তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। তাতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।

    এদিকে জাপানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোতেও সুনামি সতর্কতা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।