Tag: ট্রেন

  • ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

    ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ মার্চ, ২০২৪: আগামীকাল রবিবার (২৪ মার্চ) থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অগ্রিম টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত।আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে যাত্রা বিবেচনায় টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ করা হয়েছে।

    এবারও ঈদযাত্রার কোনো টিকিট কাউন্টারে বিক্রি করা হবে না। অনলাইন প্ল্যাটফর্ম থেকেই শতভাগ টিকিট বিক্রি করা হবে। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

    আজ শনিবার (২৩ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হবে। কালোবাজারি রোধে সহজ ডটকম যেন টিকিট ব্লক করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী ৩ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ ও ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

    রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, “টিকিট বিক্রি শুরুর পর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। সার্ভার ডাউনের কারণে সাইটে প্রবেশ করা যায় না। এগুলো সব সত্যি। এ টিকিট কালোবাজারির সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত। যাদের সঙ্গে সহজের লোক ও আমাদের রেলের লোকও জড়িত। ইতোমধ্যে আমরা দুটি সিন্ডিকেটকে ধরে আইনের আওতায় এনেছি। ঠিকমতো টিকিটিং ব্যবস্থা চালু রাখার জন্য সহজকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”

    তিনি আরও বলেন, “এছাড়া টিকিট কালোবাজারি বন্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না।”

    বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সার্ভারের ওপর চাপ কমাতে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ে পূর্বাঞ্চলে আর দুপুর ২টায় পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হবে।

  • ঈদে ১৬ টি স্পেশাল ট্রেন চলবে

    ঈদে ১৬ টি স্পেশাল ট্রেন চলবে

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ মার্চ, ২০২৪: আসন্ন ঈদুল ফিতর ঘিরে পাঁচ দিন ১৬টি বিশেষ (স্পেশাল) ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেল সচিব হুমায়ুন কবির।

    সচিব বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ১৬টি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে প্রতিদিন বাংলাদেশ রেলওয়ে ৩৩ হাজার যাত্রী বহন করতে পারবে। যাত্রার দিন প্রতিটি ট্রেনে আসনের অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে

     

    যেসব রুটে স্পেশাল ট্রেন:

    চট্টগ্রাম-চাঁদপুর রুটের চাঁদপুর ঈদ স্পেশাল (চারটি ট্রেন), চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল (দুটি ট্রেন), ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (দুটি ট্রেন)।

    এসব ট্রেন ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে পাঁচদিন পর্যন্ত চলবে।

    ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চলবে। ট্রেন দুটি ঈদের আগে ৮ ও ৯ এপ্রিল; ঈদের পরদিন থেকে তিন দিন চলবে।

    ভৈরব বাজার-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল (দুটি ট্রেন); ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের শোলাকিয়া ঈদ স্পেশাল (দুটি ট্রেন) শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

    জয়দেবপুর-পার্বতীপুর রুটে ঈদ স্পেশাল (দুটি ট্রেন) ঈদের আগে ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত তিন দিন; ঈদের পর দ্বিতীয় দিন থেকে তিন দিন পর্যন্ত চলাচল করবে।

    এদিকে আগামী ১০ এপ্রিলকে পবিত্র ঈদ-উল-ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

  • বিশ্ব ইজতেমা উপলক্ষে থাকবে বিশেষ ট্রেন

    বিশ্ব ইজতেমা উপলক্ষে থাকবে বিশেষ ট্রেন

    www.HelloBangla.News – জাতীর – ২৩ জানুয়ারি, ২০২৪: আসন্ন বিশ্ব ইজতেমা -২০২৪ উপলক্ষে ১৭টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে শুধু আখেরি মোনাজাতের দিন চলবে ১৪টি ট্রেন।

    বিশ্ব ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে আসা মুসুল্লিদের যাতায়াত সুবিধার্থে টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি করানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে আখেরি মোনাজাতের দিনগুলোতে শুধু ৪টি ট্রেন থামবে না।

    আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে রেল ভবনে বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।

    তিনি বলেন, ১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ৮ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা অভিমুখী সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে ৩ (তিন) মিনিট করে থামবে। আগামী ৪ ও ১১ ফেব্রুয়ারি (দুই পর্বের ইজতেমা) আখেরি মোনাজাতের দিন (সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ব্যতীত) সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনগুলো (আপ ও ডাউন) টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে।

    তিনি আরও বলেন, ৪ ও ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন ৪৯ নং বলাকা কমিউটার ট্রেন ৪টা ৪৫ মিনিটের পরিবর্তে ৫টায় ছাড়বে। ৪ ও ১১ ফেব্রুয়ারি (রোববার) ৭৯২/৭৯১ নম্বর বনলতা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে, তবে ৭৫৪/৭৫৩ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ৪ ও ১১ ফেব্রুয়ারি সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

    রেলওয়ের মহাপরিচালক বলেন, আখেরি মোনাজাতের পরের দিন অর্থাৎ ৫ ও ১২ ফেব্রুয়ারি তারিখ ইজতেমা থেকে বহির্গামী টিকিটধারী যাত্রীদের ফেরত যাওয়া ও টঙ্গী স্টেশনে আরোহণের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনগুলো টঙ্গী স্টেশনে ৩ মিনিট থামবে।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।