Tag: কমেছে

  • কোটাবিরোধী আন্দোলনের কারণে প্রবাসী আয় কমেছে

    কোটাবিরোধী আন্দোলনের কারণে প্রবাসী আয় কমেছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৯ জুলাই, ২০২৪: সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের জেরে প্রায় প্রতিটি সেক্টরে অস্থিরতা বিরাজ করে। ব্যাংক বন্ধ থাকার পাশাপাশি ছিলোনা ইন্টারনেট সেবা। এমন পরিস্থিতিতে প্রবাসী আয় কমেছে।

    জানা গেছে আন্দোলনকালীন সময়ে প্রবাসী আয় নেমে আসে অর্ধেকে। প্রবাসী আয় কমে যাওয়ার ধাক্কা লাগে দেশের অর্থনীতিতে। এই নেতিবাচক ধারা কাটিয়ে উঠতে প্রয়োজনে বেশি দামে হলেও রেমিট্যান্স সংগ্রহের নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে। আজ সোমবার (২৯ জুলাই) প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি জুলাই মাসে ২৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৫৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ডলার। এর মধ্যে প্রথম ১৩ দিনে আসে ৯৭ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার এবং ১৪ থেকে ২০ জুলাই ৭ দিনে আসে ৪৫ কোটি ৭০ লাখ ৫০ হাজার ডলার। আর পরের সপ্তাহ অর্থাৎ ২১ থেকে ২৭ জুলাই তা নেমে দাঁড়ায় ১৩ কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলারে।

    এ হিসাব অনুযায়ী জুলাইয়ের ২৭ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৭৪ ডলার। এটি আগের মাসের (জুন) চেয়ে কম। জুনে প্রবাসী আয় এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ওই মাসে প্রতিদিন প্রবাসী আয় ছিল ৮ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

    জুলাইয়ের প্রথম ১৩ দিন প্রতিদিন প্রবাসী আয় আসে ৭ কোটি ৭২ লাখ ৮০ হাজার ডলার। ১৪ জুলাই থেকে ২৭ জুলাই সময়ের মধ্যে এ হিসাব নেমে প্রতিদিন প্রবাসী আয় দাঁড়ায় ৪ কোটি ২০ লাখ ৫৭ হাজার ৮৫৭ ডলারে।

    শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ১৮ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যার পর থেকে সারা দেশে পুরোদমে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ইন্টারনেট ব্লাকআউটের ফলে প্রবাসীরা কোনো রেমিট্যান্স পাঠাতে পারেননি। এরই প্রভাব পড়ে পুরো মাসের প্রবাসী আয়ে।

  • সোনার দাম কমেছে ভরিতে ২ হাজার ৯৯ টাকা

    সোনার দাম কমেছে ভরিতে ২ হাজার ৯৯ টাকা

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৪ এপ্রিল, ২০২৪: জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে । ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা কমানো হয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ক‌মে হ‌চ্ছে ১ লাখ ১৪ হাজার ১৯১ টাকা। এর আগে দাম ছিল ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা।

    আজ বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে চল‌তি মা‌সে ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দা‌ম বা‌ড়ি‌য়ে‌ছিল বাজুস। এর ম‌ধ্যে ৬ এপ্রিল বে‌ড়ে‌ছিল ১৭৫০ টাকা, ৮ এপ্রিল ১৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল বে‌ড়ে‌ছিল দুই হাজার ৬৫ টাকা। পরে ২০ এপ্রিল ৮৪০ টাকা কমানোর একদিন পর ২১ এপ্রিল আবার ভরিতে ৬৩০ টাকা বাড়ায় বাজুস। দুদিন পর ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা এবং ২৪ এপ্রিল ভালো সোনার ভরি ২০৯৯ টাকা কমানোরর ঘোষণা দিল বাজুস। গত দু‌দি‌নে ভ‌রি‌তে সোনার দাম ক‌মেছে ৫ হাজার ২৩৮ টাকা।

    সোনার ব্যবসায়ীদের সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মি‌নিট থেকেই নতুন দাম কার্যকর করা হবে।

    নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৪ হাজার ১৯১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৪২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে ৭৫ হাজার ২০৯ টাকা।

  • বিশ্বে শিশুমৃত্যুর হার কমেছে

    বিশ্বে শিশুমৃত্যুর হার কমেছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৪ মার্চ, ২০২৪: জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত কয়েক বছরে বিশ্বজুড়ে শিশুমৃত্যুর হার রেকর্ড হারে হ্রাস পেয়েছে বলে ।  আজ বুধবার প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদেন উল্লেখ করা হয়েছে এ তথ্য।

    প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বজুড়ে মৃত্যুর শিকার হওয়া ৫ বছরের কম বয়সী শিশুদের সংখ্যা ছিল ৪৯ লাখ। এই সংখ্যা শতাংশ হিসেবে ২০০০ সালের তুলনায় ৫১ শতাংশ এবং ১৯৯০ সালের তুলনায় ৬২ শতাংশ কম।

    ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের পরিচালক হেলগা ফগস্ট্যাড বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এটা খুবই ভালো একটি সংবাদ। কারণ ইতিহাসে এই প্রথম ৫ বছরের চেয়ে কম বয়সী শিশুদের মৃত্যুর সংখ্যা ৫০ লাখের নিচে নেমেছে। ২০২৩ সালের হিসেব এখনও করা হয়নি, তবে আমাদের হাতে যেসব তথ্য উপাতত্ত রয়েছে— আশা করছি ২০২২ সালের ধারাবাহিকতা থাকবে ২০২৩ সালেও।’

    প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণে ইউনিসেফকে সহযোগিতা করেছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালের পর গত ২৩-২৪ বছরে মালাউই, রুয়ান্ডা, মঙ্গোলিয়াসহ কয়েকটি দেশে শিশু মৃত্যুর হার ৭৫ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।

    এক বিবৃতিতে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, “শিশুমৃত্যু হ্রাসের যে নতুন রেকর্ড— এটি অবশ্যই একটি বড় সাফল্য এবং প্রশিক্ষিত ও দক্ষ ধাত্রী, ডাক্তার-নার্স, সফল টিকাদান কর্মসূচি, দরিদ্র্য পরিবারগুলোতে ইউনিসেফ কর্মীদের নিয়মিত ‘হোম ভিজিট’-এর কারণে এই সাফল্য এসেছে।”

    তিনি আরও বলেন, “তবে এখনই আমাদের আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। কারণ শিশুদের মৃত্যুর জন্য যেসব ইস্যু দায়ী, সেগুলোর বেশিরভাগই এখনও সমাজে শক্তিশালী ভাবেই আছে।”