Tag: ঈদের নামাজ

  • রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন

    রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন

    www.HelloBangla.News – জাতীয় – ১০ এপ্রিল, ২০২৪: আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই দিন সকালে হাইকোর্ট মসজিদ সংলগ্ন জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে সর্বস্তরের মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করবেন।

    “রাষ্ট্রপতি, তাঁর পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সকাল সাড়ে ৮টায় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রধান ঈদের নামাজে অংশ নেবেন”, তার প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান।

    তবে প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে রাষ্ট্রপতি সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করবেন।

    সকাল ৮টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন প্রধান বিচারপতি, ধর্মমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।ঈদগাহে প্রতি বছরের মতো এবারও মহিলাদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা রয়েছে।

    নামাজ শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা পবিত্র ঈদ উপলক্ষে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানাবেন রাষ্ট্রপতি।

  • সোমালিয়ায় জিম্মি ২৩ নাবিক জাহাজেই ঈদের নামাজ পড়েছেন

    সোমালিয়ায় জিম্মি ২৩ নাবিক জাহাজেই ঈদের নামাজ পড়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১০ এপ্রিল, ২০২৪: প্রায় এক মাস আগে সোমালিয়া জলদস্যুদের কবল পড়ে বাংলাদেশের ২৩ নাবিক। বাংলাদেশি এমভি আবদুল্লাহ নামের উক্ত জাহাজের নাবিকরা জিম্মি অবস্থায় থেকে আজ জাহাজেই ঈদের নামাজ আদায় করেছে। আজ বুধবার (১০ এপ্রিল) বিভিন্ন দেশের মতো সোমালিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

    নামাজের পরে তারা কোলাকুলি করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পরিবারের সঙ্গেও তারা কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জিম্মি নাবিকের পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

    এখন পর্যন্ত জলদস্যুরা কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে পরিবারকে আশ্বাস দিয়েছে জাহাজের মালিক পক্ষ।

    গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি সোমালিয়া উপকূলে নেওয়ার ৯ দিনের মাথায় দস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের সঙ্গে যোগাযোগ করেন। দস্যুদের সঙ্গে সমঝোতার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ। বর্তমানে জাহাজটি সোমালিয়া উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করা অবস্থায় আছে।