www.HelloBangla.News – জাতীয় – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : বর্ণাঢ্য আযোজনে সেজে উঠেছে গোপালগঞ্জ জেলার কোটলীপাড়া। কেননা আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে সাজিয়ে তুলেছে জেলার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ।
দিনটি আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে উদযাপন করা হবে। কোটালীপাড়া হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে থেকে ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি কোটালীপাড়া উপজেলার প্রধান-প্রধান সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হবে। বেলা সাড়ে ১১টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কাটা হবে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক। বেলা ১১ টা ৪৫ মিনিটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আলোচনা সভা শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে শেখ হাসিনার জন্য দোয়া মোনাজাত করা হবে। এ সময় বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় চার নেতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, নির্বাচিত জনপ্রতিনিধি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
সূত্র: বাসস
