Tag: স্বাস্থ্যসেবা

  • সরকারের লক্ষ্য শ্রমজীবী মেহনতি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারের লক্ষ্য শ্রমজীবী মেহনতি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ মে, ২০২৪: সরকারের লক্ষ্য শ্রমজীবী মেহনতি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে কৃষক, শ্রমিকের মতো মেহনতি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সে লক্ষ্য নিয়ে সারা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। দরিদ্র মানুষ যাতে স্বাস্থ্যসেবা পায়।

    আজ বুধবার (১ মে) রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালে ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

    তিনি বলেন, সারা দেশে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা সেখানে গিয়ে সমস্যার কথা বলবেন,  স্বাস্থ্যসেবা পাবেন।

    স্বাস্থ্যমন্ত্রী জানান, “সারা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য নিয়োজিত কেন্দ্রগুলো তিনি ঘুরে ঘুরে দেখছেন, গরমে কেমন স্বাস্থ্য সেবা পাচ্ছেন তারা সেটা নিশ্চিত করছেন।”

    বিএমএ’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার মধ্যে  দিয়ে শোষণমুক্ত সোনার বাংলাদেশ গড়া স্বাধীনতার মূল লক্ষ্য ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে  চিকিৎসক সমাজ সব সময় শ্রমজীবী মানুষের সঙ্গে আছে, তারই অংশ হিসেবে মহান মে দিবসে বিএমএ ফ্রি স্বাস্থ্য সেবার আয়োজন করেছে।”

    তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যে মে দিবসের উৎপত্তি। সেখানে মে দিবস উপেক্ষিত, বাংলাদেশে মে দিবসের লক্ষ্য পূরণে রাষ্ট্রীয়ভাবে মে দিবস উদ্‌যাপন করা হয়।”

    সরেজমিনে তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল চত্বরে দেখা যায় বিনামূল্য সব ধরনের স্বাস্থ্যসেবার জন্য বুথ খোলা হয়েছে। সেবা দেওয়া হচ্ছে হাসপাতালেও। দিনভর ৪০ জন চিকিৎসক  শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষকে সেবা দেবেন।

    স্বাস্থ্য সেবা কেন্দ্রের বুথে দেখা যায় শিল্পাঞ্চলের স্ট্যান্ডার্ড তৈরি পোশাক কারখানার কর্মী তৌফিকুল রহমান সেবা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। তার প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, মে দিবস উপলক্ষ্যে আজ নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালে সব ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হবে, তাই তিনি এসেছেন। অপেক্ষা করছেন চিকিৎসা নেওয়ার জন্য।

    চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষা করছেন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আনোয়ার হোসেন। মে দিবস উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে শুনে তিনিও এসেছেন।

    আনোয়ার হোসেন জানান, অন্যদিন অফিস খোলা থাকার কারণে তিনি ডাক্তার দেখানোর সময় পান না। আজকে এসেছেন চিকিৎসা নেবেন বলে।

    মে দিবস উপলক্ষ্যে আয়োজিত স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী সেবা বুথগুলো ঘুরে ঘুরে দেখেন। তিনি নিজেও চিকিৎসা নেন।

    এরপর  কর্মজীবী শিশুর হাতের ইট ভাঙার হাতুড়ি ফেলে দিয়ে বই, ফুটবল ও চকলেট তুলে দেওয়ার মাধ্যমে ‘সব শিশুরা যাবে স্কুলে’ কর্মসূচিরও উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল।

  • স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ ফেব্রুয়ারি, ২০২৪: স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।তিনি বলেন, “স্বাস্থ্যসেবা শুধু শহর কেন্দ্রিক নয়, এর পরিধি একেবারে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেটাই চান। আমরা স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ শুরু করেছি।”

    আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪’ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন ।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদেরকে স্বাস্থ্যসেবার মান নিয়ে কাজ করতে হলে চিকিৎসকদের সুযোগ-সুবিধাগুলোও নিয়েও ভাবতে হবে। নার্সদেরকে নিয়ে আমাদের আরো পরিকল্পনা করতে হবে। আজকের এই আয়োজন সরকারের কাজকে এগিয়ে নিতে সাহায্য করবে। এই প্রোগ্রাম শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।”

    তিনি বলেন, “চিকিৎসা প্রশিক্ষণার্থী বিনিময় কর্মসূচির মতো উদ্যোগগুলি শুধু আন্তঃসাংস্কৃতিক শিক্ষাকে উৎসাহিত করবে না বরং আমাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সম্মিলিত অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করবে। দেশে এবং দেশের বাইরে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য এ ধরনের কর্মকা- সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

    আয়োজকরা জানান, সামিট-২০২৪ এ দুই হাজারের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও মেডিক্যাল শিক্ষার্থী অংশ নিচ্ছেন। স্পিকার হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৫০ জন চিকিৎসা বিজ্ঞানী এবং দেশের ১০০ জনেরও অধিক খ্যাতিমান চিকিৎসা বিশেষজ্ঞ। নয় দিনের সম্মেলনে থাকছে ৩০টির বেশি কোর্স এবং সাইন্টিফিক সেশন। দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত এই সম্মেলন শুধু বাংলাদেশেই নয় দক্ষিণ এশিয়ায় প্রথম।

    পিএইচএ গ্লোবাল প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এর চেয়ারপারসন ডা. তাসবিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান, বিসিপিএস সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ডা. মোহাম্মদ ফয়জুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এর ট্রাস্টি ডা. নাসির খান।

    সভাপতির বক্তব্যে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এর চেয়ারপারসন ডা. তাসবিরুল ইসলাম বলেন, “আমাদের মেডিক্যাল চিকিৎসার শিক্ষাক্রমে যথেষ্ট দুর্বলতা রয়েছে। উন্নত দেশগুলোর তুলনায় আমাদের মেডিক্যাল শিক্ষা চার থেকে পাঁচ বছর পিছিয়ে রয়েছে। একারণে সম্প্রতি বিদেশি শিক্ষার্থী ভর্তি অস্বাভাবিকভাবে কমে গেছে। আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে মিলে কারিকুলাম উন্নয়নের চেষ্টা করছি। আশাকরি ৪-৫ বছরের মধ্যে একটি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।”

    সম্মেলনে রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস লন্ডন, রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস এডিনবার্গ, রয়েল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এর প্রেসিডেন্টবৃন্দও উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কৃতরা হলেন- রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ বায়েজিদ সরকার, রংপুর মেডিকেল কলেজের সজিব মিয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পলাশ হোসেন, পাবনা মেডিকেল কলেজের তাহসিন আহমেদ আলভী, রংপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের মাহবুব আলম।

    এদিকে ২০২৩ সালে শিক্ষা, চিকিৎসা শাস্ত্রে, স্বাস্থ্য সেবা তথা জনস্বার্থে বিশেষ অবদানের জন্য ৮ জন চিকিৎসককে অনারারি ফেলোশীপ দিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্। অনারারি ফেলোশীপ পাওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকগণ হলেন ডা. সারাহ ক্যাথরিন ক্লার্ক, অধ্যাপক টিমোথি গ্রাহাম, ডা. রানী ঠাকুর, ডা. ফ্রাজ মীর, ডা. রোয়ান বার্নস্টেইন, অধ্যাপক ডেভিড ট্যাগার্ট, ডা. জগৎ নরুলা এবং ডা. সার্জিও লারাচ।