Tag: সিন্ডিকেট

  • কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না: র‍্যাব

    কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না: র‍্যাব

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ জুন, ২০২৪: কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না, বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। তিনি বলেন, “মৌসুমী চামড়া ব্যবসায়ীদের আমরা সতর্ক করতে চাই। পশুর চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না। চামড়ার ব্যবসা নিয়ে যেন কোনো এলাকার মধ্যে গোলমালের সৃষ্টি না হয়। সে ব্যাপারে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলবে।”

    আজ শুক্রবার (১৪ জুন) দুপুরে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট নিয়ে পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন।

    কমান্ডার আরাফাত ইসলাম বলেন, “আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক হাটে উপস্থিত আছেন। কোনো অসুস্থ বা রোগাক্রান্ত কিংবা মোটা-তাজাকরণের ওষুধ প্রয়োগ করা কোনো পশু যেন বিক্রি করতে না পারে কেউ। এ ধরণের কার্যক্রম দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রাণিসম্পদ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাটে কোরবানির পশু কিনতে আসা ক্রেতাদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি।”

    তিনি বলেন, “র‍্যাব ব্যাটেলিয়নে কন্ট্রোল রুম প্যাট্রলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া কোনো ক্রেতা-বিক্রেতা কোনো ধরনের ভোগান্তি বা সমস্যায় পড়লে আমাদের কন্ট্রোল রুমে অথবা র‍্যাব সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সব ধরনের সহায়তা করবো।”

    র‌্যাবের এই কর্মকর্তা বলেন, “রাজধানীর প্রতিটা মহল্লা ও রাস্তাঘাটে আমাদের টহল টিম এবং স্ট্রাইকিং টিম আছে। কোরবানির পশু নিয়ে অথবা পশু কিনতে হাটে যাওয়ার সময় রাস্তায় যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। সে ব্যাপারেও আমরা সতর্ক আছি। তবে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় সবার সহযোগিতা প্রয়োজন।”

    র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার এ পরিচালক বলেন, “নিয়ম অনুযায়ী গরুর হাট ইজারা দেওয়া হয়েছে। রাস্তার ওপরে বা হাটের সীমানার বাইরে গরু নিয়ে বসেছে কি না, এ বিষয়ে আমি ইজারাদারদের সঙ্গে কথা বলব। যাতে ব্যাপারীরা কোনো অসুবিধায় না পড়েন।”

    অনেক হাট আবাসিক এলাকার মধ্যে হয়, এ বিষয় জানতে চাইলে কমান্ডার আরাফাত বলেন, “এ বিষয়ে আমি সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করবো। আমি জনপ্রতিনিধিদের আহ্বান করবো, তাদের দায়িত্ব পালন করবেন এবং এই বিষয়টি যেন দেখেন।”

    এক হাটের গরু অন্য হাটে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তথ্য দিয়ে সহায়তা করেন ও কোনো অভিযোগ থাকলে আমাদের জানান। কেউ যদি এ রকম কার্যক্রম করে থাকে, যা আইনবিরোধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সতর্ক করা হয়েছে, কেউ এক হাটের গরু অন্য হাটে নিতে পারবে না। এ ব্যাপারে গরু বিক্রেতারা অভিযোগ জানালে আমরা অবশ্যই যথাযথ পদক্ষেপ নেব।”

  • সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার সক্রিয় আছে: সেতুমন্ত্রী

    সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার সক্রিয় আছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ মার্চ, ২০২৪: সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা সরকার সক্রিয় আছে, বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “সিন্ডিকেট যে বা যাহারা করুক এর সূত্র খুঁজতে হবে। প্রকৃত সত্য বের করতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। সরকার এখানে সক্রিয় আছে। সংকট সমাধানের যোগ্য নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

    আজ শনিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের যে সন্দেহ ও অবিশ্বাসের দেয়াল ছিল তা ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো বলে ছিটমহল বিনিময়, ৬৮ বছরের যে সমস্যা তার শান্তিপূর্ণ সমাধান করেছেন। তিস্তাসহ অভিন্ন নদীর পানির বিষয়ে আলোচনা হয়েছে। এর সমাধানও অবশ্যই হবে, ধৈর্য ধারণ করতে হবে। গায়ে পড়ে ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত করে সমস্যা সমাধান সম্ভব নয়।”

    তিনি বলেন, “সামাজিক মাধ্যমে যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, এটি সমীচীন নয়। যারা নির্বাচনে আসেনি এটি তাদের অপপ্রচারের একটা ঢাল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন ভারত বিরোধীতায় লিপ্ত হয় একটি মহল। এখনো তারা সেটি করছে “

    দেশের সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, “সংখ্যালঘু ধারণাটাই একটা দাসত্বের শেকল, ভেঙে ফেলতে হবে। দাসত্ব কেন করবেন? বাংলাদেশের সংবিধান কী বলে। কেন নিজেদের সংখ্যালঘু ভাবেন। বাংলাদেশের স্বাধীনতায় সব ধর্মের মানুষের সমান অবদান ছিল।”

    সেতুমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকার যতদিন আছে ততদিন পাশে আছে। আওয়ামী লীগ আগেও পাশে ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে। অন্য দল ক্ষমতায় এলে ২০০১ সালের মতো আবার পরিস্থিতি তৈরি হবে।”

    এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্তসহ সনাতন ধর্মের অন্যান্য নেতারা।

  • সরকার সিন্ডিকেট ভেঙ্গে বাজার নিয়ন্ত্রণ করবে: সেতুমন্ত্রী

    সরকার সিন্ডিকেট ভেঙ্গে বাজার নিয়ন্ত্রণ করবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মার্চ, ২০২৪: সরকার সিন্ডিকেট ভেঙ্গে বাজার নিয়ন্ত্রণ করবে, বলে জানিয়েছেন আওয়মী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনে বলেন, “বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে, সিন্ডিকেট ভাঙবেই ৷ ক্ষমতায় যেতে না পারা, সরকার পতন আন্দোলনে ব্যর্থরাই বাজারে সিন্ডিকেট করছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

    আজ শুক্রবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা জানান ৷

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপি নেতারা আরাম আয়েশ করে সময় কাটাচ্ছেন। কর্মীদের আশা দিয়ে মাঠে নামিয়েছিল, সেই কর্মীরা এখন হতাশ। বিএনপিকর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সেই অবস্থা নেই। এক কথায় বলব, বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলছে।”

    তিনি বলেন, “জনগণ বিএনপির সঙ্গে নেই, জনগণের আন্দোলনে নেই, জনগণ শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। তার সততা, নেতৃত্ব এদেশের মানুষ মেনে নিয়েছে। ৭৫ এর পর দেশে সৎ, পরিশ্রমী, দক্ষ একজন নেতাও জন্ম হয়নি। কাজেই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন।”

    সেতুমন্ত্রী বলেন,  সরকার পরিবর্তনের দিবাস্বপ্নে নিয়মিত অবাস্তব কথার বুলি ওড়ায় বিএনপি৷ সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে ৷ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিব্রতকর বক্তব্য থেকে বিরত থাকা উচিত ৷

    তাছাড়া পরিবহনের চাঁদাবাজি বন্ধেও সরকার তৎপর রয়েছে বলে জানান তিনি ৷

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “ড. মোহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে না ৷ আইনি প্রক্রিয়া চলছে, এতে কারও সঙ্গে সম্পর্কের প্রভাব পড়বে না৷”

    এ সময়  উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ।

  • রমজান মাসে সরকারকে বিব্রত করতে সিন্ডিকেট থাকতে পারে: সেতুমন্ত্রী

    রমজান মাসে সরকারকে বিব্রত করতে সিন্ডিকেট থাকতে পারে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ মার্চ, ২০২৪: রমজান মাসে সরকারকে বিব্রত করতে সিন্ডিকেট থাকতে পারে, বলে জনিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “এই সরকার জনগণের প্রতিনিধি। শেখ হাসিনার সরকারের সব কর্মকাণ্ড জনস্বার্থকে সমন্বিত করে। এখন রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে। এখন আমাদের খতিয়ে দেখতে হবে এসব অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কি না।”

    আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুব মহিলা লীগ এবং মহিলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপি দেশে-বিদেশে নানা অপচেষ্টা করে সরকার হটাতে যখন ব্যর্থ, আন্দোলনে পারেনি, নির্বাচনেও তারা গণতান্ত্রিক নীতির বাইরে বিরোধিতা করেছে। সবকিছুতেই যখন তাদের ব্যর্থতা, আন্দোলন, নির্বাচনে, এখন একটা রাজনৈতিক দল হিসেবে বিরোধী দল হিসেবেও ব্যর্থতায় পর্যবসিত যখন, তখন অনেক কিছু জড়িয়ে সরকারের বাধাগ্রস্ত করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

    তিনি বলেন, “এখন রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে। খতিয়ে দেখতে হবে এ ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কি না। তারাই এসব সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করা এবং নির্বাচিত সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা করতে পারে।সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কিনা খতিয়ে দেখতে হবে।”

    বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “চলমান বৈশ্বিক যে পরিস্থিতি, অর্থনৈতিক সংকট সারা বিশ্বে আজকে যে অস্থিরতা চলছে তার প্রভাব প্রতিক্রিয়া বাংলাদেশেও পড়বে। কথা হচ্ছে সরকার বিষয়টিকে কীভাবে মোকাবিলা করছে। শেখ হাসিনা ক্রাইসিস ম্যানেজার হিসেবে যথাযথ দায়িত্ব পালন করছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও তিনি বিভিন্নভাবে প্রয়াস অব্যাহত রেখেছেন।”

    সেতুমন্ত্রী বলেন, “সিঙ্গাপুরে রুটিন জিনিসপত্রের দাম দ্বিগুণ তিনগুণ বেড়েছে। আমাদের দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। এখানে সরকার নিষ্ক্রিয় নেই। প্রধানমন্ত্রী সারাক্ষণ সংকট মোকাবিলায় সময় দিচ্ছেন। আমাদের এখানে কোনো অবহেলা নেই। সরকার সব পদক্ষেপ যথাযথভাবে চেষ্টা করছে। গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখোমুখি সারা দুনিয়াতেই। আমেরিকা, ইউরোপ, উন্নত অনুন্নত বিশ্বেও এই সংকট চলছে।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “যারা মজুতদার তাদের খুঁজে বের করা হচ্ছে। কারা কোথায় সমস্যা সৃষ্টি করছে এবং রাজনৈতিক যে সংশ্লিষ্টতা, বিএনপির কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

    সোমালিয়ায় বাংলাদেশি জাহাজ ও নাবিকদের উদ্ধার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “জিম্মিদের উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই সক্রিয়। তাদের ইন্স্যুরেন্সও আছে। দুর্ভিক্ষপীড়িত সোমালিয়ায় আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি। এখানে মুক্তিপণ আদায়ই তাদের মূল লক্ষ্য। আমাদের পক্ষ থেকে যোগাযোগের কোনো ঘাটতি নেই।”

    ড. ইউনূস এর সাজা নিয়ে মার্কিন সম্পর্ক খারাপ হচ্ছে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তিনি একজন ব্যক্তি। জানতে চাই তিনি যুক্তরাষ্ট্রের কে? তিনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের আইন আদালত আছে। যা সবার জন্য সমান। এখানে শ্রমিকেরা পাওনা না পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছেন। আইন আদালত সব দেশের নিজস্ব ব্যাপার।”

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “দাবি তো করতেই পারে। দাবির যৌক্তিকতা কতটুকু সেটাও তো আমাদের ভেবে দেখতে হবে। সরকার এখানে উদাসীন নয়। এই বিএনপি এখন খালেদা জিয়াকে নিয়ে বড় বড় কথা বলে, সরকারের সমালোচনা করে। কিন্তু বছরের পর বছর তত্ত্বাবধায়কের মামলা নিয়ে আদালতে তারা আইনি লড়াই করেনি। শুধু বিচারকে প্রলম্বিত করেছে। অসুস্থ হলে হাসপাতালে যেতে হবে। আজকে এটা স্বীকার করতেই হবে,  শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন।”

    এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।