Tag: সাক্ষাৎ

  • মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ জুলাই, ২০২৪: বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিই এলডিন আহমেদ ফাহমি এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

    এই সময় শেখ হাসিনা মিশরের রাষ্ট্রদূতকে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ।

    আজ সোমবার (১৫ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ পর্বটি অনুষ্ঠিত হয়।

    পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

    শেখ হাসিনা বলেন, এ (ফিলিস্তিনে) গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে আমাদের (মুসলিম উম্মাহ) ঐক্যবদ্ধ হতে হবে।

    প্রধানমন্ত্রী বলেন, “তিনি যখনই বিদেশে অথবা কোনো ফোরামে যান তখনই এ ইস্যুতে কথা বলেন এবং ফিলিস্তিনে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।”

    তিনি আরও বলেন, “যুদ্ধ, অস্ত্র-গোলাবারুদ তৈরিতে যে অর্থ ব্যয় হয় তা মানব কল্যাণে ব্যয় হতে পারে এবং এটি গোটা বিশ্বের জন্য আরও বেশি মঙ্গল নিয়ে আসবে।”

    মিশর ও বাংলাদেশের মধ্যেকার দ্বিপক্ষীয় বাণিজ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বিপুল সম্ভবনা থাকা সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়েনি।”

    ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ও মিশরের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল ১৮০ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে রপ্তানি ৩০ দশমিক ১ মিলিয়ন ডলার ও আমদানি ১৫০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।

    এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “কৃষি, টেক্সটাইল, ওষুধ, পর্যটন ও শিক্ষায় সহযোগিতা দুদেশ লাভবান হবে।”

    ফিলিস্তিন ইস্যুতে মিশরের রাষ্ট্রদূত ওমর মহিই এলডিন আহমেদ ফাহমি বলেন, ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়া উচিত।

    শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, আপনার মতো নেতা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য প্রয়োজন।

    মিশরের সংবিধান অনুযায়ী দেশটির প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন মিশরের গ্র্যান্ড ইমাম বাংলাদেশ সফরে আগ্রহী বলে জানান ওমর মহিই এলডিন আহমেদ ফাহমি।

    এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ তাকে (মিশরের গ্র্যান্ড ইমাম) স্বাগত জানাতে অপেক্ষা করছে।”

    মিশরের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে তার দেশের আগ্রহের কথা জানান। অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন তিনি।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে মিশরের সাবেক প্রধানমন্ত্রী আনোয়ার সাদাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন মিশরের রাষ্ট্রদূত।

    সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মে, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ড. নাতালিয়া কানেম।

    আজ বুধবার (১৫ মে) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন নাতালিয়া কানেম।

    পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

    সাক্ষাতে শিশু ও মাতৃ মৃত্যুহার, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিয়ে এবং নারী শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    শিশু ও মাতৃ মৃত্যুহার নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক বলেন, শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাসে বাংলাদেশ অসাধারণ সাফল্য দেখিয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেন তিনি।

    জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে তার সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এর ফলে দরিদ্র ও প্রান্তিক মানুষের দুর্দশা কমেছে।”

    তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে হতাহতের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।”

    নারী শিক্ষায় অগ্রগতির কথা উল্লেখ করে শেখ হাসিনার বলেন, “বাংলাদেশে এখন স্কুল পরীক্ষায় সংখ্যা এবং একাডেমিক ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে। সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সংখ্যা এবং পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এগিয়ে। এটা সম্ভব হয়েছে নারী বান্ধব শিক্ষা নীতির কারণে। অথচ অতীতে একটা সময় অনেক বাবা-মা মেয়েদের স্কুলে পাঠাতে আগ্রহী ছিলেন না।”

    এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচি এবং স্কুল ফিডিং কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পাশাপাশি নারীদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হওয়ায় বিপুল সংখ্যক নারীরা এখন স্কুলে আসছে।”

    এ সময় অন্যান্যদের মধ্যে সেখানে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার‌্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ৮ এপ্রিল, ২০২৪: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সৌজন্য এক সাক্ষাৎকালে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে  বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করার আহ্বান জানিয়েছেন।

    আজ সোমবার (এপ্রিল ০৮) সকালে গণভবনে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

    বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “তৃতীয় পক্ষের মাধ্যমে বাংলাদেশ সীমিত আকারে তৈরি পোশাক রপ্তানি করছে। ব্রাজিল যদি বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করে সেটা ব্রাজিলের জন্য আরও সাশ্রয়ী হবে।”

    তিনি বলেন, “দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্কে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে।”

    বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য বিশেষ করে পাটজাত ও চামড়াজাত পণ্য  আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    আগামী জুলাইয়ে আসন্ন জি টুয়েন্টি টাস্ক ফোর্সের সভায় অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

    ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ব্রাজিল সফরে সম্মত হন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ব্রাজিল তার আর্থসমাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং ব্রাজিল উভয় দেশই ক্ষুধা-দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং আন্তর্জাতিক প্ল্যাটফরমে বিভিন্ন ইস্যুতে একই পদক্ষেপ গ্রহণ করে।

    বৈঠকে প্যালেস্টাইন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।

    এ সময় প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে নৃশংসতা চালাচ্ছে, সেটা গণহত্যা।

    বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চান প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলিত ব্রাজিলের একটি জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

    সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

  • চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ৩ এপ্রিল, ২০২৪: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (৩ এপ্রিল) গণভবনে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। ঢাকায় চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

    সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত বলেন, “দুই দেশের নেতাদের অভিন্ন যত্ন ও প্রচারের মাধ্যমে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব ক্রমাগত গভীর হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে, যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে।”

    ইয়াও ওয়েন বলেন, “চীন দুই দেশের মধ্যে শাসনব্যবস্থায় অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে ইচ্ছুক। বাংলাদেশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখতে চায় চীন। চীনা উদ্যোগকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ চীন। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে বৃহত্তর ভূমিকা পালনে বাংলাদেশকে সমর্থন করে চীন, যেন বাংলাদেশকে ভিশন ২০৪১ এবং স্মার্ট বাংলাদেশ অর্জন করতে পারে।”

    রাষ্ট্রদূত ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক সমস্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনসহ অভিন্ন উদ্বেগের বিষয়ে মতবিনিময় করেন।