Tag: সমন্বয়

  • স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সমন্বয়ের মাধ্যমে ভালো ফল আসবে: স্বাস্থ্য মন্ত্রী

    স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সমন্বয়ের মাধ্যমে ভালো ফল আসবে: স্বাস্থ্য মন্ত্রী

    www.HelloBangla.News – স্বাস্থ্য – ২৯ জুন, ২০২৪: স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সমন্বয়ের মাধ্যমে ভালো ফল আসবে, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “সব সরকারি হাসপাতালের উদ্দেশ্য হচ্ছে সেবা দেওয়া। আর সরকারি হাসপাতালে সবকিছু বিনামূল্যেই হবে। আমার মনে হয় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয়ের দরকার। আমরা যদি একই লক্ষ্য নিয়ে বিভিন্নজন বিভিন্ন দিক থেকে কাজ করি তাহলে ফলাফল ভালো হয় না।”

    আজ শনিবার (২৯ জুন) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সেবা উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্য মন্ত্রী  বলেন, “আপনারা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীকে সেবা দেন। এক্ষেত্রে আপনারা যদি জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালের সঙ্গে সমন্বয় করে কার কি লাগবে এটার ভিত্তিতে কাজ করেন। সেটা অধিকতর ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস।”

    সভাপতির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, “এসএসকের মূল লক্ষ্য হওয়া উচিত সরকারি হাসপাতাল যেসব সুযোগ-সুবিধা নাই সেগুলো পূরণ করা। এক্ষেত্রে আগামী অর্থবছর থেকে আলাপ আলোচনা করে আয়ুষ্মান ভারতের আদলে এ কর্মসূচিকে তিনি এগিয়ে নেওয়ার কথা বলেন।”

    কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি উদ্বোধনসহ সর্বমোট আটটি থানা উপজেলায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এসএসকে সেবা ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবার বিনামূল্যে ১১০টি রোগের চিকিৎসাসহ সামাজিক বিমার আওতায় আর্থিক সুবিধার ব্যবস্থা রয়েছে।

    স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

    এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, ইনডোর বিভাগ, আউটডোর বিভাগ, এনসিডিসি কর্নারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের ডাক্তার, রোগীদের সঙ্গে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেন।

    এরপর স্বাস্থ্যমন্ত্রী যাচাই করে দেখেন স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম ঠিকমতো  সংরক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী এরপর রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। তিনি কমিউনিটি ক্লিনিকের প্রসবপূর্ব ও প্রসবপরবর্তী পরিচর্যা এবং নবজাতকের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজখবর নেন।

  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় চান পরিবেশমন্ত্রী

    জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় চান পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ জুন, ২০২৪: পরিবেশ সংরক্ষণের জন্য আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবেশ দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী । সেই লক্ষ্যে আজ বুধবার (১৯ জুন) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের সাথে পৃথক পৃথক বৈঠক করেছেন সাবের হোসেন চৌধুরী।

    পরিবেশমন্ত্রী বলেন, “যানবাহনের কালো ধোঁয়া এবং সড়ক মহাসড়ক নির্মাণ কার্যক্রম সংশ্লিষ্ট দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে তাঁর কার্যালয়ে আলোচনা করা হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহযোগিতায় দূষণকারী পরিবহন বন্ধের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    সাবের চৌধুরী বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব হতে জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয়। এজন্য জাতীয় অভিযোজন পরিকল্পনার সাথে স্বাস্থ্য বিষয়টিও অন্তর্ভুক্ত করা হবে। স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয় কিভাবে একসাথে কাজ করবে সে বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সাথে তাঁর অফিস কক্ষে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন রকমের পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা গ্রহণ করা হবে। এবিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করা হয়েছে। যাত্রা, বাউল গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।”

    বৈঠকগুলোতে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সমন্বয়মূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমরা একসাথে কাজ করে বাংলাদেশের পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে চাই। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে ফোকাল পয়েন্ট নির্ধারিত থাকবে, যার সাথে সমন্বয় করবে পরিবেশ মন্ত্রণালয়। এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো হতে পরিবেশ মন্ত্রণালয়কে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সাথেও বৈঠক করা হবে।”

    সূত্র: বাসস

  • শ্রমিকদের ছুটি সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

    শ্রমিকদের ছুটি সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ মার্চ, ২০২৪: শ্রমিকদের ছুটি সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করতে হবে, বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।তিনি বলেন, ঈদের আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে। কোনোভাবেই ঈদের ছুটি সরকারি ছুটির চেয়ে কম হবে না।

    বুধবার (২৭ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    শ্রম প্রতিমন্ত্রী বলেন, “ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরআগে তৈরি পোশাক খাত ও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) বৈঠক হয়েছে। আজ সব খাতকে নিয়ে জাতীয় পরামর্শ পরিষদের বৈঠক হয়েছে। তৈরি পোশাক খাত নিয়ে এরইমধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    তিনি বলেন, “মালিকপক্ষকে আমরা বারবার তাগাদা দিচ্ছি। তারা আমাদের সঙ্গে সম্মত হয়েছেন যে কোনো অবস্থায় শ্রমিকরা রাস্তায় নামবেন না। যে কোনো কিছুর বিনিময়ে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।”

    কবে শ্রমিকদের পাওনা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী বলেন, “ঈদের আগেই দেওয়া হবে। একেকটি কারখানা একেক সময় দেবে। সবাই একসঙ্গে দিতে পারবে না। তবে ঈদের ছুটির আগে শ্রমিকদের পাওনা দিতে হবে। ঈদের আগে লে-অফ ঘোষণা করা যাবে না।”

  • আমরা সমন্বয় করে বাজার মনিটরিং করবো: বাণিজ্য প্রতিমন্ত্রী

    আমরা সমন্বয় করে বাজার মনিটরিং করবো: বাণিজ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৭ মার্চ, ২০২৪: আমরা সমন্বয় করে বাজার মনিটরিং করবো, বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।তিনি বলেন, “কৃষি বিপণন অধিদপ্তর পণ্যের একটা দাম নির্ধারণ করে দিয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের নিজস্ব জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে কমিটি আছে। আমরা সমন্বয় করে মনিটরিং শুরু করবো। প্রাইস ডিসকভারিটা হুট করে হয় না। আমাদের দায়িত্ব হবে উৎপাদক পর্যায়ে থেকে পাইকারি এবং পরে খুচরা পর্যায় পর্যন্ত বাজার মনিটরিং করা এবং এটাকে এস্টাব্লিশ করা।”

    আজ রবিবার(১৭ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

    বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “একটা জিনিস আপনি যখন যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করবেন, সঙ্গে সঙ্গে এটি বাস্তবায়ন করতে পারবেন না। আগে এটা নির্ধারণ করা জরুরি ছিল। অনেকদিন ধরে আইনটা ছিল কিন্তু করা হয় নাই। এখন সমন্বিতভাবে কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, ইউএনও, ডিসি সবাই মিলে সমন্বয় করবে। আশা করি এটা একটা যৌক্তিক পর্যায়ে চলে আসবো।”

    তিনি আরও বলেন, “আমরা যেখানে যাচ্ছি বাজার কমিটিকে নিয়ে বসছি, ব্যবসায়ীদের সঙ্গে বসছি, তাদের উৎসাহিত করছি। তাদের সমস্যার সমাধান করে এটা (সঠিক দামে পণ্য বিক্রি) আমরা বাস্তবায়ন করছি। আমরা কোনো জায়গায় কোনো দোকান বন্ধ করে দিচ্ছি না বা তালাবদ্ধ করে দিচ্ছি না। যারা একেবারেই আইন মানছেন না যেমন পাইকারি থেকে খুচরা পর্যায়ে যখন বিক্রি করতে হবে তখন আপনাকে রিসিটটা রাখতে হবে। আপনি যখন পাইকারি চালান করবেন তখন আপনাকেও রিসিট দিতে হবে। এই জিনিসগুলোকে বলে একেবারে মিনিমাম কমপ্লায়েন্স। এই জিনিসগুলো না করলে আমরা শাস্তির আওতায় আনবো।”

    এর আগে টিসিবি ভবনের অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ মন্ত্রণালয় এবং এর অধীনস্ত বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • বিদ্যুতের সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে: সেতুমন্ত্রী

    বিদ্যুতের সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ ফেব্রুয়ারি, ২০২৪: বিদ্যুতের সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিদ্যুতে আমাদের যথেষ্ট ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকী আমরা সমন্বয় করতে চাই। বিদ্যুৎ সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে।”

    আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপি ক্ষমতা থাকতে দিনে ১৮ ঘণ্টা লোড শেডিং দিতো। তারা পাঁচ বছরে ৯ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। ”

    তিনি বলেন, “দেশে একটা নির্বাচন হয়ে গেল, তারা নির্বাচনে অংশ নেয়নি। আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করেছে। ২৮ অক্টোবরের স্মৃতি ভুলে যাওয়ার কথা না। বিএনপির আন্দোলনের কত ভয়ংকর হতে পারে তা বার বার দেখিয়েছে। তাদের আন্দোলনের অর্থ বুঝি। জনগণের সম্পৃক্ততার ছিল না বলে অতীতে তারা ব্যর্থ। বর্তমানে আমাদের দেশে অর্থনৈতিক সংকট রয়েছে। তার জন্য আমরা দায়ী না। বিশ্ব অর্থনীতির কারণে জিনিসপত্রের দামের ওপর একটা প্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য থাকে, তার জন্য সরকার কাজ করে যাচ্ছে।”

    তিনি আরও বলেন, “বিএনপি এখন হতাশায় ডুবে আছে। নির্বাচন বয়কট করা তাদের সবচেয়ে বড় ভুল। এটা তারা উপলব্ধি করবে। উপজেলা নির্বাচন নিয়েও তাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব চলছে। দলীয়ভাবে যাই বলুক না কেন, তাদের যারা গ্রাসফুটে আছে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের নেতারা উপজেলা নির্বাচনে অংশ নেবে “

    এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপদপ্তর সায়েম খান, প্রাত্তন ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ সেলিম প্রমুখ।

  • বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো: অর্থমন্ত্রী

    বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো: অর্থমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৪ জানুয়ারি, ২০২৪: বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো, বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, “পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।”

    আজ রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    বর্তমান অর্থনীতিতে যে সংকট সেটা কীভাবে কাটিয়ে উঠবেন সে বিষয়ে অর্থমন্ত্রী বরেন, “আমার করণীয় বলতে আমাকে একটু সময় দিতে হবে। সমস্যার বিষয়ে আমরা সবাই জানি। আমি দেখছি এবং বোঝার চেষ্টা করছি। পাশাপাশি সমাধানের চেষ্টা করবো।”

    আমরা কতদিন অপেক্ষা করবো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমিতো বসে থাকার লোক না, নেত্রী যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি দায়িত্ব নিয়ে করবো।”

    বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কীভাবে সমন্বয় করবেন- জানতে চাইলে তিনি বলেন, “মিলেমিশে কাজ করতে হবে। অর্থ মন্ত্রণালয় তো একা পারবে না।

    অর্থপাচার হচ্ছে- এ বিষয়ে আপনার মন্ত্রণালয়ে কোনো কর্মপরিকল্পনা আছে কি না- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “পরিকল্পনা নিতে সময় লাগবে। আমিতো মাত্র এলাম। চ্যালেঞ্জের বিষয়ে আমরা সবাই জানি। সমাধান করতে হবে।”

    সামনে রমজান মাস, সেটা নিয়ে কী পরিকল্পনা- এমন প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, “আগে দেখি না। সময় দিতে হবে। আমাদের সময় দেন। আমাদের অগ্রাধিকার হলো রোজার কথা চিন্তা করতে হবে।”