Tag: শ্রম আইন

  • আন্তর্জাতিক মানসম্পন্ন করতে শ্রম আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

    আন্তর্জাতিক মানসম্পন্ন করতে শ্রম আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ মে, ২০২৪: আন্তর্জাতিক মানসম্পন্ন করতে শ্রম আইন সংশোধন হবে, বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “আজ আমাদের আলোচনা শেষ হয়েছে। আমরা শ্রম আইন সংশোধন করছি। আন্তর্জাতিক শ্রম সংস্থা এ বিষয়ে কিছু সাজেশন দিতে চায়। সাজেশনগুলো মূলত তারা এই কারণে দিতে চেয়েছিল, যে আইনটি হচ্ছে সেটি যাতে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়। আইএলওর কমিটি অব এক্সপার্টের সাজেশনগুলো যাতে নিষ্পত্তি হয়, সে বিষয়ে তাদের বক্তব্য ছিল।”

    আজ মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

    আইনমন্ত্রী বলেন, “আইএলওকে যে কো-অপারেশন সরকারের পক্ষ থেকে (দেওয়া হয়) সেটা আমরা চালিয়ে যেতে চাচ্ছি। সেজন্যই মূলত আমরা তিন দিন ধরে সেটা (শ্রম আইনের খসড়া) এক্সারসাইজ করেছি। এখানে মূলত কিছু কিছু ইস্যু, যেগুলো অ্যামেন্ডমেন্টে থাকার কথা বলেছেন।”

    তিনি বলেন, “শ্রম আইন সংশোধনের বিষয়ে কিছু কিছু বিষয়ে এসেছিল যেটি নীতিনির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত দিতে হবে। সেটি আমি বলেছি নীতি-নির্ধারণ পর্যায়ে আলোচনার মাধ্যমে সেটার সিদ্ধান্ত হবে। আমরা গ্রহণ করব কি করব না সেটার সিদ্ধান্ত।”

    তিনি আরও বলেন, “কিছু কিছু বিষয় আছে ত্রিপক্ষীয় কমিটির সিদ্ধান্ত নেবে। তাদের বক্তব্য নোট করেছি, তাদের বক্তব্য সেখানে তুলে ধরব। সেখানে আলোচনার মাধ্যমে আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে, সেই সিদ্ধান্ত আমরা নেবো। কিছু কিছু ইস্যু আছে, যেগুলো মনে হয়েছে গ্রহণযোগ্য, সেগুলো আমরা গ্রহণ করেছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য এ বিষয়ে আমি বিস্তারিত বলবো না।  কারণ বিস্তারিত বলতে গেলে হয়ত আমি কোথাও ভুল করব, সেজন্য আমি বলবো না।”

    আইনমন্ত্রী বলেন, “আমরা তিন দিন ধরে তাদের যে বক্তব্য সেটা শুনেছি। প্রত্যেকটা ইস্যু নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। মতবিনিময় করেছি। আমার মনে হয়, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো নয়, আমার মনে হয় এই আলোচনাটাই আন্তর্জাতিক মানের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকবে। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।”

    তিনি বলেন, “আইএলওর কমিটি অব এক্সপার্ট আমাদের আইনটা দেখেছেন পড়েছেন, সেখানে তারা আন্তর্জাতিক মান নিয়ে কিছু সুপারিশ দিয়েছেন।”

    আনিসুল হক বলেন, “আমরা যে থ্রেডহোল্ড (ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে শ্রমিকদের সম্মতির হার) ১৫ শতাংশে নিয়ে এসেছি, তারা এটির প্রশংসা করেছেন। তারা চায় এটা আরও কমে আসুক। আমরা যে বাস্তবতার কথা বলেছি, আমরা ২০১৭ সালে কমিটমেন্ট দিয়েছিলাম, এটা আমরা গ্রাজুয়ালি নামাবো। কমিটমেন্ট অনুযায়ী আমরা গ্রাজুয়েলি নামাচ্ছি। আমার মনে হয় আমাদের উভয়ের পক্ষের অবস্থান পরিষ্কার হয়েছে এবং উভয়পক্ষই সেই অবস্থা বুঝতে পেরেছে।”

  • আইএলও’র সঙ্গে শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করেছি: আইনমন্ত্রী

    আইএলও’র সঙ্গে শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করেছি: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ মে, ২০২৪: আইএলও’র সঙ্গে শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করেছি, বলে জানিয়েছেন আইন ও বিচার মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করেছি। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কোনটা গ্রহণ করতে পারব, কোনটা গ্রহণ করতে পারব না, সেক্ষেত্রে কিছুটা বিস্তারিত আলোচনা হচ্ছে।

    আজ  রবিবার (১২ মে) দুপুর ১২টায় এ বৈঠক শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে আলোচনা আলোচনার পর আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, “আমি শুধু এতটুকু বলতে পারি, আমাদের আলোচনা চলছে। আগামীকাল (সোমবার) বেলা সাড়ে ১১টা থেকে আবার আলোচনা শুরু হবে। আমি এখন কিছু বলব না, আগামীকাল আলোচনা শেষে বলব।”

    আইনমন্ত্রী বলেন, “৪১টি পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে। সেগুলোর মধ্যে আজ প্রায় আড়াই ঘণ্টায় ১৭টি পয়েন্ট নিয়ে কথা হয়েছে। আরও ২৪টি পয়েন্ট নিয়ে আলোচনা বাকি আছে। সেগুলো শেষ হওয়ার পর আপনাদের বিস্তারিত জানাব।”

    বৈঠকে আইএলও প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সংস্থাটির কান্ট্রি অফিসের পরিচালক টৌমো পৌটিআইনেন, লেবার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন (এলএডব্লিউসি) ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান, ট্রেড ফর ডিসেন্ট ওয়ার্কের কারিগরি অফিসার চায়ানিক থামপারিপাতরা।