Tag: শপথ

  • শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি

    শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ এপ্রিল, ২০২৪: শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি । তারা হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

    আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথবাক্য পাঠ করান। এসময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

    শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।

    রাষ্ট্রপতি এর আগে বুধবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন । রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে ওইদিন প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

    আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী  রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

    বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। নতুন তিন বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াল আটজনে।

  • শপথ নিলেন নতুন ৭ প্রতিমন্ত্রী

    শপথ নিলেন নতুন ৭ প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ মার্চ, ২০২৪: শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রীসভার সদস্য সংখ্যা বেড়েছে আরও ৭ জন। মন্ত্রিসভার নতুন শপথ নেওয়া সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

    আজ শুক্রবার (১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

    কে কোন দায়িত্ব পেলেন:

    নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা মন্ত্রণালয়, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

    অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বেগম রোকেয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহারকে শিক্ষা মন্ত্রণালয়, সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও পরিকল্পনা অর্থ বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খানকে অর্থ মন্ত্রণালয় এবং সংরক্ষিত নারী আসনের এমপি ও শহীদ কর্নেল নাজমুল হুদার মেয়ে বেগম নাহিদ ইজাহার খানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

    এর আগে শুক্রবার বিকেলে মন্ত্রিসভায় নতুন সাতজন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

    এতে জানানো হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি শুক্রবার সাতজনকে সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।

    গত ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী। আজ নতুন করে ৭ জন যুক্ত হওয়ায় মন্ত্রিসভার আকার দাড়াল ৪৪ জনে। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১৮ জন।

  • নতুন মন্ত্রিসভার ৩৬ সদস্য আজ শপথ নিচ্ছেন

    নতুন মন্ত্রিসভার ৩৬ সদস্য আজ শপথ নিচ্ছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১১ জানুয়ারি, ২০২৪: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গত ৭ জানুয়ারি (রবিবার) সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার নতুন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সন্ধ্যায় নতুন মন্ত্রি ও প্রতিমন্ত্রীদের নাম জানা যায়।

    আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। নতুনরা শপথ নেওয়ার পর আগের মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যাবে।

    এবার মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন ৩৬ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী হচ্ছেন। বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের তালিকা সাংবাদিকদের জানান।

    মন্ত্রিপরিষদ সচিব জানান, “আজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়োগ করেন এবং তাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছেন।”

    পূর্ণ মন্ত্রীর তালিকায় রয়েছেন, আ. ক. ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, ডা. দীপু মনি, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুখ খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, আবদুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আবদুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান, ড. সামন্ত লাল সেন।

    প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন, বেগম সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মো. আলী আরাফাত, মহিবুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম।

    উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা। জাতীয় পার্টির জয় পেয়েছে ১১টিতে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।