Tag: রাশিয়া

  • রাশিয়ায় গির্জা ও পুলিশ পোস্টে হামলায় নিহত ২৩ জন

    রাশিয়ায় গির্জা ও পুলিশ পোস্টে হামলায় নিহত ২৩ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক ২৪ জুন, ২০২৪: রাশিয়ার দুটি গির্জা ও পুলিশ পোস্টে ভয়াবহ হামলা চালিয়েছে বন্দুকধারীরা। দেশটির উত্তর ককেশাস অঞ্চলে অবস্থিত দাগেস্তান প্রজাতন্ত্রের দু’টি শহরে ইহুদি এবং খ্রিস্টানদের চারটি ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। একইসঙ্গে, পুলিশের একটি তল্লাশিচৌকিতেও হামলার ঘটনা ঘটেছে।

    এসব ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য এবং ছয় জন হামলাকারী রয়েছে বলে জানা গেছে।

    হামলায় অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন। আজ সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার (২৩ জুন) সন্ধ্যায় দাগেস্তান প্রজাতন্ত্রে অবস্থিত ডারবেন্ট এবং মাখাচকালা শহরে পৃথক দুটি হামলায় ঘটনা ঘটে। দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে হামলা চালায় বন্দুকধারীরা।

    হামলার শিকার ওই সিনাগগ এবং গির্জা উভয়ই ডারবেন্টে অবস্থিত, যা প্রধানত-মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল।

    অন্যদিকে হামলার শিকার পুলিশ পোস্টটি প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) দূরে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় অবস্থিত। এ দুই হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিত নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

    রাশিয়া ইহুদি কংগ্রেস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, রবিবার সন্ধ্যার প্রার্থনার প্রায় ৪০ মিনিট আগে ডারবেন্ট সিনাগগে হামলা চালানো হয়। বন্দুকধারীরা পুলিশ ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় এবং মোলোটভ ককটেল নিক্ষেপ করে।

    মাখাচকালায় হামলাটিও একই রকম ছিল বলে জানিয়েছে ওয়েবসাইটটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে উপাসনালয়ের ভবনগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে।

    ইতোমধ্যে হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘হত্যা’ করা হয়েছে বলে জানিয়েছেন দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ।   হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

    মেলিকভ বলেছেন, ‘গতকাল রবিবার রাতে ডারবেন্ট এবং মাখাচকালায়, অজ্ঞাত লোকেরা সেখানে অশান্তি সৃষ্টির চেষ্টা করছিল। দাগেস্তান পুলিশ অফিসাররা তাদের পথে বাধা দেয়। তারা হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। সমস্ত পরিষেবা নির্দেশনা অনুযায়ী কাজ করছে এবং হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। ’

    তবে রাশিয়ার বার্তাসংস্থা তাস জানিয়েছে, হামলাকারীরা ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিল বলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মনে করছে।

    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় একটি তদন্ত শুরু করেছে রাশিয়া তদন্তকারী কমিটি।

  • রাশিয়া হবে পাট ও পাটজাত পণ্যের বড় রপ্তানি বাজার: বস্ত্র ও পাট মন্ত্রী

    রাশিয়া হবে পাট ও পাটজাত পণ্যের বড় রপ্তানি বাজার: বস্ত্র ও পাট মন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ৯ এপ্রিল, ২০২৪: রাশিয়া হবে পাট ও পাটজাত পণ্যের বড় রপ্তানি বাজার, বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিবি বলেন, “বাংলাদেশ রাশিয়াতে তৈরি পোশাক ও পাটজাত পণ্যের রপ্তানি আরো বাড়াতে চায়। রাশিয়া হবে পাট ও পাটজাত পণ্যের বড় রপ্তানি বাজার।”

    আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি ম্যান্টিটস্কির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

    এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাস এবং ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের ৩য় সচিব ওলেগ কোজিন উপস্থিত ছিলেন।

    বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান রয়েছে রাশিয়ার। রাশিয়া আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনে যেমন সহযোগিতা করেছে তেমনি বর্তমান সময়েও তা অব্যাহত রেখেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাশিয়ার প্রেসিডেন্ট তাঁকে অভিনন্দন জানিয়েছেন। রাশিয়ার সহযোগিতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে।”

    মন্ত্রী জানান, দেশটিতে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে গুরুত্ব দিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এক্ষেত্রে দুই দেশে বাণিজ্য মেলা করার বিষয়ে আলাচনা হয়েছে।এর পাশাপাশি রাশিয়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

    রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি বলেন, “অনেক বড় বড় কোম্পানি রাশিয়া থেকে চলে গেছে। সেই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ। বিশেষ করে আমরা গার্মেন্টস, ট্যোবাকো, কৃষি পণ্য ও চামড়াজাত পণ্য নিতে চাই বাংলাদেশ থেকে। পাট ও পাটজাত পণ্য নিয়েও যথেষ্ট আগ্রহ আছে রাশিয়ার।”

    সূত্র: বাসস

  • অল্প কয়েক দিনের মধ্যে ক্যানসারের টিকা তৈরি করবে রাশিয়া: পুতিন

    অল্প কয়েক দিনের মধ্যে ক্যানসারের টিকা তৈরি করবে রাশিয়া: পুতিন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৫ ফেব্রুয়ারি, ২০২৪: রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্যানসারের টিকা তৈরি দ্বারপ্রান্তে তার দেশের বিজ্ঞানীরা। খুব শীঘ্রই এই টিকা চলে আসবে রোগীদের হাতের নাগালে।

    গতকাল বুধবার (১৪ ফিব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘‘আমরা নতুন প্রজন্মের ক্যানসার ভ্যাকসিন তৈরির খুব কাছাকাছি চলে এসেছি।’’

    আরটি জানায়, “ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে মস্কো ফোরামে বক্তৃতা করার সময় তিনি আরও জানান, ‘‘আমি আশা করি যে, শীঘ্রই এই ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।’’

    পুতিন আরও বলেন, “তথাকথিত ক্যানসার ভ্যাকসিন ও একটি নতুন প্রজন্মের ইমিউনোমডুলেটরি ওষুধ তৈরি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা। আমি আশা করি খুব শিগগিরই এগুলো ব্যক্তিগত চিকিৎসা পদ্ধতি হিসেবে কার্যকর হবে।”

    প্রেসিডেন্ট পুতিন বলেন,“ রাশিয়ায় প্রাথমিক পর্যায়েই অর্ধেকের বেশি ক্যানসার আক্রান্ত রোগীর রোগ শনাক্ত করা সম্ভব হয়েছে।”

    তিনি চিকিৎসা গবেষণায় অর্থ সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

    বেশ কয়েকটি দেশ ও ওষুধ উৎপাদনকারী কোম্পানি ক্যানসারের টিকার তৈরি নিয়ে কাজ করছে। গত বছর যুক্তরাজ্য সরকার জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান বায়োএনটেকের সাথে এ রোগের টিকা আবিষ্কারের জন্য একটি চুক্তি করেছে। ওই চুক্তির আওতায় তারা ‘ব্যক্তিবিশেষে ক্যানসারের চিকিৎসায়’ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার রোগীর ট্রায়াল করার লক্ষ্য রয়েছে তাদের।

    ওষুধ কোম্পানি মডার্না আর মার্ক অ্যান্ড কোং পরীক্ষামূলকভাবে ক্যানসারের টিকা তৈরির কাজ করছে। ওই টিকা সবচেয়ে ঘাতক ত্বকের ক্যানসার মেলানোমায় মৃত্যু ও এর ফিরে আসার হার অর্ধেকে নামিয়ে আনার সম্ভাবনাসম্পন্ন বলে উঠে এসেছে এক গবেষণায়।

  • রাশিয়ার সঙ্গে ব্যবসা জোরদার করার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর

    রাশিয়ার সঙ্গে ব্যবসা জোরদার করার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৫ জানুয়ারি, ২০২৪: রাশিয়ার সঙ্গে ব্যবসা জোরদার করার আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, “বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক। সময়ের ব্যবধানে এ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। উভয় দেশের সম্পর্ক বিশেষ করে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রাশিয়া সরকারের প্রতি আহ্বান জানাই।”

    আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি বাংলাদেশ সরকারের নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

    বৈঠকে এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বর্তমানে রাশিয়ার মুদ্রা রুবলের সঙ্গে বাংলাদেশের মুদ্রা টাকা সরাসরি বিনিময় করা যায় না। এক্ষেত্রে ইউরো বা ডলারের মাধ্যমে অর্থাৎ তৃতীয় মুদ্রার (বিনিময় প্রত্যাশী দুই মুদ্রার বাইরে অন্য কোনো মুদ্রা) মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে হয়। এতে একদিকে খরচ যেমন বেশি হচ্ছে, সময়ও লাগছে বেশি। এরই পরিপ্রেক্ষিতে দুদেশের মধ্যে লেনদেন কম খরচে, দ্রুত ও সহজ করতে সরাসরি বিনিময় হার চালু করতে চায় বাংলাদেশ।

    রাশিয়া বাংলাদেশ থেকে আমদানির চেয়ে রপ্তানি বেশি করে উল্লেখ করে এই ব্যবধান কমানোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য রাশিয়াতে আমদানির আহ্বান জানান প্রতিমন্ত্রী। এসময় ৎরাশিয়ার রাষ্ট্রদূত ফার্মাসিউটিক্যালস, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিকস এবং খাদ্যপণ্য তাদের দেশে আমদানির প্রত্যয় ব্যক্ত করেন।

    উভয় দেশের মধ্যে কৌশলগত বাণিজ্যিক দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে রাশিয়াতে বাংলাদেশি পণ্যের বিশেষ করে হস্তশিল্পের প্রদর্শনীর আয়োজন করার আহ্বান জানালে রাষ্ট্রদূত মস্কোতে প্রদর্শনী আয়োজনে সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

    আহসানুল ইসলাম টিটু বাংলাদেশ ও রাশিয়ার আমদানি-রপ্তানিতে সরাসরি মুদ্রা বিনিময় ব্যবস্থা চালুকরণের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানান।