Tag: মেডিকেল

  • মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

    মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

    www.HelloBangla.News – জাতীয় – ১১ ফেব্রুয়ারি, ২০২৪: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) । দুই দিন পর সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন। পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।

    আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

    এবছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

    ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৩৮০ জন পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে মেধা কোটায় ৫ হাজার ৭২ জন, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় ৫৬৯ জন ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের ৩৯ জন নির্বাচিত হয়েছে।

    ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে।

  • মেডিকেলে ভর্তির আবেদন আজ থেকে শুরু

    মেডিকেলে ভর্তির আবেদন আজ থেকে শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ১১ জানুয়ারি, ২০২৪: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে মেডিকেলে অনলাইনে ভর্তি আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৃহস্পতিবার থেকে অনলাইনে ভর্তি আবদেন শুরু হবে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১২ পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ ফেব্রুয়ারি থেকে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায়। শেষ হবে বেলা ১১টায়।

    লিখিত ভর্তি পরীক্ষা ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক বিভাজন পদার্থবিদ্যা ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০ অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ২০২৩ সালে এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান ও ২০২১ সালে এসএসসি/ ‘ও’ লেভেলে/ সমমান অথবা ২০২২ সালে এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান ও ২০২০ সালে এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে প্রার্থীকে এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

    এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান দুটি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯ থাকতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান পরীক্ষায় মোট জিপিএ ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।