Tag: বিচার

  • আনারের মেয়ে বাবার হত্যার বিচার চাইবে এটাই স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী

    আনারের মেয়ে বাবার হত্যার বিচার চাইবে এটাই স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুন, ২০২৪: আনারের মেয়ে বাবার হত্যার বিচার চাইবে এটাই স্বাভাবিক, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন “ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ের সঙ্গে সাক্ষাতে সে তার আবেগের কথা বলে গিয়েছে। তার বাবা হত হয়েছেন, সে তার বাবার হত্যার বিচার চাইবে, এটাই স্বাভাবিক। সে বলেছে—কেউ যাতে পার না পেয়ে যায়, সেই বিষয়টি দেখবেন। যেটাই আপনার তদন্তে আসবে, আমরা সেটাই বিশ্বাস করি। তদন্ত যেভাবে করছেন তাতে যাতে কেউ পার না পেয়ে যায়, সেই বিষয়ে আমাদের অনুরোধ করেছেন।”

    আজ বুধবার (১২ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে (আনার হত্যার বিচার বিষয়ে) কোনো চাপ নাই, ‘কে চাপ দেবে আমাদের। সঠিক পদ্ধতিতে তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হলে আমরা বলতে পারব কার উদ্দেশ্য কী ছিল।”

    টেকনাফ থেকে সেন্টমার্টিনের পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান বলেন, “মিয়ানমারের সরকারের সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। যুদ্ধটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। আমরা দেখেছি আরাকানের অনেক জায়গা তারা দখল করে নিয়েছে। এখন আমাদের নাফ নদীর নিচের অংশটায় যুদ্ধ চলছে।”

    তিনি বলেন, “যখন যুদ্ধ চলছে তখন কোন সময় কার গুলি আসছে, দুই-একটা সময় আমাদের জেলেদের ট্রলার কিংবা আমাদের টহল বোটে গুলি এসে লেগেছে। কে গুলি করেছে? সেটি আমরা এখনো সুনিশ্চিত নই। তাদের (মিয়ানমার কর্তৃপক্ষ) সঙ্গে যোগাযোগ করেছি, তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমার অস্বীকার করেছে যে তারা গুলি করেনি, কিন্তু গুলি তো হয়েছে, তবে সেন্টমার্টিনে পণ্য সরবরাহে কোনো সমস্যা হচ্ছে না।”

    পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কোনো ঘটনা ঘটেনি যে, তাকে আমরা দায়ী করতে পারি। কাগজপত্র সঠিকভাবে আসছে, এখানে কোনো ভুলভ্রান্তি করে থাকলে তদন্ত হচ্ছে, সেখানে দেখবে। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন, তখন সেটা দেখা হবে।”

  • বেনজীর ও আজিজের বিচার করার সৎ সাহস সরকারের আছে: সেতুমন্ত্রী

    বেনজীর ও আজিজের বিচার করার সৎ সাহস সরকারের আছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৪ জুন, ২০২৪: বেনজীর ও আজিজের বিচার করার সৎ সাহস সরকারের আছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বেনজীর আহমেদ আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজ আহমেদও আমাদের দলের লোক নয়। সেনাপ্রধান হয়েছেন নিজ যোগ্যতায়, সিনিয়রিটি নিয়ে। আমরা তাকে বানাইনি। যখন কোনো অপরাধ করে সরকারের কাছে খবর আসে, তার বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে”।

    আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক ৬ দফা দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

    সেতুমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনা, র‌্যাব প্রশাসনের বড় পদে বসায়নি। ৮ জনকে পাশ কাটিয়ে ৯ নম্বর ব্যক্তি মঈন উদ্দিনকে কে সেনাপ্রধান বানিয়েছে? বেগম খালেদা জিয়া। সাবেক আইজিপি শামসুল হুদা, এসপি কহিনুর কার সৃষ্টি? মির্জা ফখরুল ভুলে গেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অস্ত্র মামলায় দশ বছর, অর্থপাচারে আজ পলাতক আসামি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদেশে একজন সৎ রাজনীতিক হিসেবে পরিচিত। তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। বিএনপির প্রধান খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় সাজা স্থগিত করে বাসায় বসে চিকিৎসা নিতে পারছেন। আজ সেই বিএনপি দুর্নীতি ও অর্থপাচারের বিরুদ্ধে কথা বলে”।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। আমাদের দলের নেতৃত্বে কোনো দুর্নীতি থাকলে তথ্য প্রমাণ নিয়ে আসেন। আজ বিএনপি তাদের দুর্নীতিবাজ পলাতক আসামি তারেক রহমানকে ভালো লোক সাজানোর চেষ্টা করছে”।

    ওবায়দুল কাদের বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। ১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ আমূল পরিবর্তন। শেখ হাসিনা যেটা করেছেন সেটা হলো উন্নয়ন। যার কোনো তুলনা নেই। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেল- বাংলাদেশের যে দিকে তাকাই শুধু উন্নয়ন”।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে বলেন, “কষ্টে থাকলে জানাবেন, অপকর্ম করবেন না। আমাদের নিজের দুর্বলতার খবর শত্রু জানলে নিজেদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে”।

    ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে। আমাদের দল জন্মলগ্ন থেকেই দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা হয়। আমি তৃতীয় বারের সাধারণ সম্পাদক। আমাদের একটা সম্মেলন কেউ বলতে পারবে না সময় রেখা অতিক্রম করেছে। আমরা ডিসেম্বরের সময় সীমার মধ্যেই জাতীয় সম্মেলন সম্পন্ন করি। আগামী সম্মেলনও ২০২৫ সালের ডিসেম্বরে আমাদের জাতীয় সম্মেলন হবে”।

    ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

  • যারা প্রধান রাজাকার ছিল তাদের বিচার করা হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

    যারা প্রধান রাজাকার ছিল তাদের বিচার করা হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৮ মার্চ, ২০২৪: যারা প্রধান রাজাকার ছিল তাদের বিচার করা হচ্ছে, বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, “রাষ্ট্র কখনো রাজাকারদের বিচারের উদ্যোগ গ্রহণ করেনি। যারা প্রধান রাজাকার ছিল তাদের বিচার করা হচ্ছে। আর যাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করছে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান। তবে রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে বিচার করবে না।”

    আজ শুক্রবার (৮ মার্চ) বিকেলে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ২০ বছর পূর্তি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড রিইউনিয়নের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, “জিয়াউর রহমান রাজাকারদের মুক্তি দিয়েছে আর আমরা এ সরকার ক্ষমতায় এসে বিচার করেছি, রাষ্ট্র কখনো রাজাকারদের বিচার করতে দায় নেবে না। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।”

    রাজাকারদের তালিকা প্রকাশ করার বিষয়ে মন্ত্রী বলেন, “তালিকা প্রণয়ন করা হচ্ছে, গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর পর্যন্ত যাচাইবাছাই করা হচ্ছে। অতিদ্রুত তালিকা প্রকাশ করা হবে।”

    এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ফরহাদ হোসেন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মানিক শীল।

  • পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার অল্পদিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার অল্পদিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ ফেব্রুয়ারি, ২০২৪: পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার অল্পদিনের মধ্যে শেষ হবে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। বিচারের জন্য এর তদন্ত শেষ করা একটা বিরাট কর্মকাণ্ড, যা শেষ হয়েছে। প্রাথমিক একটা বিচার হয়েছে। চূড়ান্ত বিচারও হয়তো অল্পদিনের মধ্যে শেষ হয়ে যাবে। পুরো বিষয়টি বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। শিগগির চূড়ান্ত বিচারটিও দেশবাসী দেখবে বলে উল্লেখ করেন মন্ত্রী।”

    আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানার শহিদদের কবরে ফুল দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

    পিলখানায় নিহত (তৎকালীন বিডিআর) বর্তমান বিজিবি সদস্যদের পরিবারের লোকজন এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হোক। এ বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “আমরাও চাই বিচারকাজ দ্রুত হোক। তবে কবে শেষ হবে সেটা বিচারকরাই জানেন। আদালত যে সিদ্ধান্ত নেবেন সেটিই চূড়ান্ত। আমাদের আদালত স্বাধীন, তাদের মতো একটি ন্যায্য বিচার করবে এটাই আমাদের প্রত্যাশা।”

    আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, “এই হত্যাকাণ্ডের বিচারে কারও গাফলতি নেই। আমি আগেই বলেছি বিরাট ধরণের হত্যাকাণ্ড ছিল। সবগুলো সঠিকভাবে তদন্ত শেষে বড় ধরণের বিচারকার্য ছিল, একারণে সময় লেগেছে।”

  • ড. ইউনূসের মামলার বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

    ড. ইউনূসের মামলার বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জানুয়ারি, ২০২৪: ড. ইউনূসের মামলার বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,  “ড. মুহাম্মদ ইউনূস প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। বাংলাদেশের বিচার প্রক্রিয়া স্বচ্ছ বলে ক্ষমতাসীন দলের অনেকেই বিচারের সম্মুখীন হয় ও জেলে যায়। ড. ইউনূসের বিরুদ্ধে যে মামলা, সেখানে সরকার কোনো পক্ষ নয়। যেসব শ্রমিক কর্মচারী বঞ্চিত হয়েছে, তারাই তার বিরুদ্ধে মামলা করেছে। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে।”

    আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

    যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ ড. মুহাম্মদ ইউনূসের বিচারের বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, “এটি ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে, নিউজ আকারে নয়। আমাদের দেশের পত্রিকায় যেমন বিবৃতি দেওয়া হয়, সেভাবে নয়। এটি বিজ্ঞাপন আকারে দেওয়া হয়েছে। এটা একদম স্পষ্ট যে, লবিস্ট ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে সেটি ছাপানো হয়েছে। এরকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূত, তারা মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে বাংলাদেশে এসেছে। গতকাল (সোমবার) তারা গিয়েছিলেন বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করতে। তাদের কেউ কেউ আরও ১০ বছর আগে আমাদের এখানে এসেছিলেন। তারা সেই উন্নয়নের প্রশংসা করেছেন। ১০ বছরে অনেক পরিবর্তন হয়েছে এখানে। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন আছে। বিজনেস রিলেশন আছে। কেউ কেউ ইনভেস্টমেন্ট করার কথাও বলেছে।”

    গাম্বিয়া আইসিজেতে (আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত) রোহিঙ্গাদের বিরুদ্ধে একটি মামলা করেছিল। এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না– জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, “এ বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। আমি সবার সাহায্য কামনা করেছি। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ যেন মিয়ানমারের ওপর বৃদ্ধি করা হয়। এজন্য তাদের সবার সাহায্য কামনা করা হয়েছে।”

    আলোচনায় অংশ নিয়েছিলেন বতসোয়ানার অনাবাসিক রাষ্ট্রদূত গিলবার্ড সাইমন ম্যাঙ্গলি, কম্বোডিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত কয়কুং, চেক প্রজাতন্ত্রের অনাবসিক রাষ্ট্রদূত ডঃ ইলিছকা জিগোভা, গাম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মুস্তফা জাওয়ারা, হাঙ্গেরির অনাবাসিক রাষ্ট্রদূত ইস্টভান স্যাভো, জামাইকার অনাবাসিক রাষ্ট্রদূত জেসন কে. হল, লুক্সেমবার্গের অনাবাসিক রাষ্ট্রদূত পেগী ফ্রান্টজেন, মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ড ডামবাজাব, উত্তর মেসিডোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত স্লোবোডান জুনব, পেরুর অনাবাসিক রাষ্ট্রদূত জাবিয়ার ম্যানিউল পাওলিনিচ ভেলারডি, স্লোভাক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত রবার্ট মেক্সিয়ান, স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মাতেজা ভদেব ঘোষ, উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবেরতো এ.গুয়ানি, ভেনেজুয়েলার অনাবাসিক রাষ্ট্রদূত কাপায়া রদ্রিগেজ গনজালেজ ।

    এর আগে গতকাল সোমবার বিকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বাঙালি মুক্তির এ মহানায়কের প্রতি শ্রদ্ধা জানান ১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূত ।