Tag: বিএনপি

  • স্বাধীনতায়  বিশ্বাস করে না তাই ৭ মার্চ পালন করেনা বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

    স্বাধীনতায় বিশ্বাস করে না তাই ৭ মার্চ পালন করেনা বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৭ মার্চ, ২০২৪: স্বাধীনতায়  বিশ্বাস করে না তাই ৭ মার্চ পালন করেনা বিএনপি, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “বিএনপিসহ তাদের মিত্ররা ৭ মার্চ পালন করে না। বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা ৭ মার্চ ছাড়া হতে পারে না। সুতরাং যারা এটি মানে না বা পালন করে না, তারা আসলে স্বাধীনতাতেই বিশ্বাস করে কি না সন্দেহ।”

    আজ বৃহস্পতিবার (৭ মার্চ)  সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “৭ মার্চের ভাষণ শুধু একটি ভাষণ নয়। এটি একটি জাতির মুক্তির লক্ষ্যে রচিত মহাকাব্য। জাতির পিতা ঘোষণা করেছিলেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। তিনি এ-ও বলেছিলেন ‘যার যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থেকো, শত্রুর মোকাবিলা করতে হবে’। অর্থাৎ তিনি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং ২৬ মার্চ পর্যন্ত সময় নিয়েছিলেন এরপর তিনি চূড়ান্ত স্বাধীনতা ঘোষণা করেছিলেন।”

    তিনি আরও বলেন, “প্রকৃতপক্ষে ৭ মার্চ তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন। সেদিন ঢাকা থেকে পাকিস্তান গোয়েন্দা সংস্থা রাওয়ালপিন্ডিতে রিপোর্ট পাঠিয়েছিল ‘চতুর শেখ মুজিব কার্যত পূর্ব-পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আমাদের চেয়ে চেয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না।’ অর্থাৎ বঙ্গবন্ধু এমনভাবে স্বাধীনতার ডাক দিয়েছিলেন যে তাতে করে তাকে অভিযুক্ত করারও সুযোগ ছিলো না।”

  • বিএনপি আশা করেছিল নির্বাচন হবে না: পররাষ্ট্রমন্ত্রী

    বিএনপি আশা করেছিল নির্বাচন হবে না: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ ফেব্রুয়ারি, ২০২৪: বিএনপি আশা করেছিল নির্বাচন হবে না, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “৭ জানুয়ারি বিএনপি আশা করেছিল নির্বাচন হবে না। মানুষ যাতে ভোট দিতে না যায় সেই প্রার্থনা করেছিল তারা। কিন্তু ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে। যখন একটি সুন্দর নির্বাচন হলো, প্রধানমন্ত্রীকে সারা বিশ্ব অভিনন্দন জানিয়েছে, জো বাইডেন চিঠি দিয়ে প্রশংসা করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নও প্রশংসা করেছে, তখন বিএনপি খেই হারিয়ে ফেলেছে।”

    আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টো রোডে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক মন্তব্য ‘ক্ষমতা কুক্ষিগত রাখতে আওয়ামী লীগই বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল’ এই নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, “রিজভী সাহেবের এই বক্তব্য টেলিভিশনে শুনেছি, অনলাইনে দেখেছি। এই বক্তব্য আমার কাছে পাগলের প্রলাপ মনে হয়েছে।২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে আমরা আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৩৩ আসন পেয়ে সরকার গঠন করি। বিএনপি পেয়েছিল মাত্র ৩০টি আসন। এই রকম বিপুল রায় পেয়ে সরকার গঠন করার পর এমন জঘন্য ঘটনা কেন ঘটাবে সরকার? আর সেদিন আওয়ামী পরিবারের সদস্যরাই বেশি নিহত হয়েছিল। এমনকি তৎকালীন আইজিপি’র মেয়ের জামাতাও নিহত হন।”

    তিনি আরও বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুপুরের আগে ঘুম থেকে জাগেন না, কিন্তু সেদিন খালেদা জিয়া কোন কারনে সকালেই ঘুম থেকে উঠে ক্যান্টনমেন্ট থেকে বের হলেন? তার গতিবিধি সন্দেহজনক ছিল। তিনি সেদিন লন্ডনে কতবার কথা বলেছিলেন সেই রেকর্ড আছে। এতে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিএনপি যে সরাসরি যুক্ত সেটিই প্রমাণিত। অতএব রুহুল কবির রিজভীর বক্তব্য পাগলের প্রলাপ মাত্র।”

    সাংবাদিকরা এই সময় বিএনপি নেতা মঈন খান সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছেন-এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বিএনপি যখন ক্ষমতায় ছিল তাদের দুর্নীতি লুটপাটের কারণে পরপর চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দুর্নীতিতে সাক্ষ্য দিতে এফবিআই বাংলাদেশে এসেছিল। বিএনপি নেতা মঈন খান হয়তো এসব কথা ভুলে গেছেন। কারো বাবাকে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু মঈন খানের বাবা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন- প্রয়োজনে দেশ বিক্রি করে দেওয়া হবে।”

    এরপর পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে তার সাথে সাক্ষাতে আসেন ঢাকা সফররত আগরতলা প্রেসক্লাবের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। আগরতলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্য, সেক্রেটারি রমাকান্ত দে এবং সৈয়দ সাজ্জাদ আলী, কামাল চৌধুরী, রঞ্জন রায়, অভিষেক দে, সুরজিৎ পাল, মনিষ লোদ, অভিষেক দেববর্মা, প্রণব সরকার, সুপ্রভাত দেবনাথ, দেভাশিষ মজুমদার এবং সুমন দেবরায় ও বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সভাপতি রেজওয়ানুল হক প্রমুখ মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে চা-চক্রে মিলিত হন।এই সময় প্রতিনিধি দল মন্ত্রীকে উত্তরীয় ও সম্মাননা স্মারক অর্পণ করেন।

  • বিএনপি এখন আর বিরোধী দলের অবস্থানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি এখন আর বিরোধী দলের অবস্থানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ ফেব্রুয়ারি, ২০২৪: বিএনপি এখন বিরোধী দলের অসস্থানে নেই, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “এবার তো তারা (বিএনপি) নির্বাচনই করেননি। কাজেই তারা তো এখন বিরোধী দল বলে দাবি করতে পারেন না। তারা আরেকটি রাজনৈতিক দল যেমন ছোট ছোট অনেক দল আছে, যেগুলো…সেরকম দলের মতো আজ বিএনপির অবস্থান।”

    আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিভিন্ন কারণে বিএনপি নেতারা কারাগারের ভেতরে ছিলেন। বিচারক মনে করেন তাদের জামিন দিতে হবে, তাদের জামিন দিয়েছেন, এখানে আমাদের কিছু করার নেই, বলারও নেই।”

    মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, “৩৩০ জন বর্ডার গার্ড পুলিশ, সামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তারা যারা আমাদের দেশের বর্ডারের কাছাকাছি ছিল ১০-১৫ মাইল, তারা পালিয়ে আমাদের দেশে প্রবেশ করেছিল। আমাদের দেশ তাদের এক জায়গায় রেখে দিয়ে তাদের আবার ইনফর্ম করা হয়। তাদের দেশ থেকে ব্যবস্থা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছি।”

    তিনি আরও বলেন, “খুব সুন্দর ব্যবস্থার মাধ্যমে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে কাউকে ঢুকতে দেবো না, আমরা আমাদের সীমান্তের ভেতরে আর কাউকে ঢুকতে দেবো না। আমরা মনে করি প্রত্যেকে যার যার জন্মভূমিতে থাকবে।”

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা অনেক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছি, তাদেরও আমরা বলছি এবং মিয়ানমার সরকারকেও বলছি, বিশ্বের সব দেশকেও আমরা বলছি, যত দ্রুত তাদের আমাদের দেশ থেকে ফেরত দেওয়ার ব্যবস্থা জোরদার করার জন্য। আমরা সবাইকে অনুরোধ করছি। আমরা মনে করি আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে।”

  • বিএনপি নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে: সেতুমন্ত্রী

    বিএনপি নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: বিএনপি নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশে বিরোধী দলের যে রাজনীতি, মূল ইস্যুই হলো যত দোষ নন্দ ঘোষ সরকার। সরকারই সব অপরাধে অপরাধী। তারা নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে।

    আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    সেতুমন্ত্রী বলেন, “সহিংস তৎপরতা, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস- এসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয়, তাহলে বাধা আসবে। তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আমরা বাধা দেব কেন?”

    তিনি আরও বলেন, “বিএনপি নেতা মঈন খান মার্কিন দূতাবাসে গিয়ে নালিশ করেছেন, দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। এ হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা। বিএনপি নেতাদের কাছে জানতে চাই, ৫৪ দলের সরকার বিরোধী যে ঐক্য জোট, জোটের শরিকরা কোথায়? সেই ঐক্য কোথায়? জগাখিচুড়ি ঐক্যজোট কোথায়? এখন সরকারের ওপর দোষ দিয়ে পার পাওয়া যাবে?”

    আর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সবাই জানে নির্বাচনে কারা জিতেছে। নির্বাচনে অংশ না নিয়েই বিএনপি জিতে গেল? এটি পাগলের প্রলাপ ছাড়া আর কি “

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, “ব্যবস্থা হচ্ছে, নতুন করে চিন্তা-ভাবনা করছি। দলে সিদ্ধান্ত হয়েছে, এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে যতটা কঠোর হওয়া যায়।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন প্রমুখ।

  • নেতিবাচক রাজনীতির মাধ্যমে বিএনপি ভুল করেছে: সেতুমন্ত্রী

    নেতিবাচক রাজনীতির মাধ্যমে বিএনপি ভুল করেছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: নেতিবাচক রাজনীতির মাধ্যমে বিএনপি ভুল করেছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,  “বিএনপির কোমর ভেঙে গেছে আজীবনের জন্য। বাস্তব তো তাই-ই। নির্বাচনের পরে যে তর্জন-গর্জন তারা করেছে, তা তো বাস্তবে অন্তঃসারশূন্য। আমরা তো কিছুই দেখছি না। আন্দোলন কাকে বলে, আন্দোলনে পাবলিক থাকতে হবে। তাদের নেতা-কর্মীরা আন্দোলন করতে পারেনি। বেশিদূর যেতে পারেনি। কারণ আন্দোলনের বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান ছিল না, এখনো নেই। প্রস্তুতিতে তারা নেতিবাচক রাজনীতির মাধ্যমে তারা ভুল করেছে। ভুলের চোরাবালিতে আটকে গেছে।”

    আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে মনোনীতদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

    সেতুমন্ত্রী বলেন, “দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের সঙ্গে স্বতন্ত্র থেকে নির্বাচিতরাও সরকারের সমালোচনা করতে পারবেন”

    সংসদ কতটা কার্যকরী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংসদ কেন কার্যকর হবে না। বাধাটা কোথায়? একটা ফ্রি, ফেয়ার নির্বাচন হয়েছে, যেখানে টার্ন আউট ফোরটি ওয়ান প্লাস। এখানে ২৮টি দল অংশ নিয়েছে। একটি অপজিশনও আছে। বিরোধী দলের ভূমিকায় জাতীয় পার্টি অলরেডি তাদের কার্যক্রম সংসদে শুরু করেছে।”

    সেতুমন্ত্রী বলেন, “বিরোধী দল আছে, এমনকি স্বতন্ত্রদের বলা হয়েছে, তারা যখন আমাদের নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে সাক্ষাৎ করেন, তখন বলা হয়েছে প্রয়োজনে তারা মনে করলে সরকারের সমালোচনাও করতে পারেন। সমালোচনার জন্য স্বতন্ত্ররা আছেন, বিরোধী দল তো আছেই। তাই সংসদ কার্যকর হওয়ার পথে কোনো অন্তরায় বা বাধা আছে বলে আমরা মনে করি না।”

    ওবায়দুল কাদের বলেন, “তারা সরকারকে পালাতে বলেছে, এখন নিজেরাই পালিয়েছে। বাস্তবতা হলো তাদের আওয়াজ তো কাজে দেয়নি।”

    তিনি বলেন,“ আমরা যা বলেছিলাম- ইলেকশন করব, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, জনগণ অংশ নেবে, প্রতিহত করার দুঃসাহস কারো নেই, আমরা শেষ পর্যন্ত সতর্ক পাহারায় আছি। এখনো আমরা সতর্ক পাহারায় আছি। যদি কেউ এ নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্রমূলক-সন্ত্রাসমূলক কোনো তৎপরতায় আসে, তখন আমরা অবশ্যই প্রতিরোধ করব। দেশের জনগণকে নিয়ে তা প্রতিহত করব।”

    যুবলীগ থেকে বিএনপির নিবন্ধন বাতিলের আবেদনের বিষয়ে তিনি বলেন, “তারা আমাদের একটি স্বতন্ত্র সংগঠন। তারা সেটি করতে পারে। তবে আমাদের দল থেকে তা করা হয়নি। এখন ছাত্রলীগ যদি বলে বিএনপিকে নিষিদ্ধ করা হোক, আমরা কি সেটার সঙ্গে লাফাব? যুবলীগ তাদের চিন্তা থেকে বলছে। যুবলীগ চাইলে তো আর একটি জাতীয় দল নিষিদ্ধ হয়ে যাবে না। নিষিদ্ধ হওয়ার বিষয়টা তো আমরা আমাদের মূল দল, কোনো নেতা-কর্মী এ পর্যন্ত বোধ হয় বলিনি।”

    সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমার প্রসঙ্গে এই নেতা বলেন, সর্বমোট ৪৮ জনের মনোনয়নপত্র জমা দিয়েছি। এ ৪৮ জনের প্রস্তাবক, সমর্থক আছেন, যারা জাতীয় সংসদ সদস্য।

    ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাছাই হবে। প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভোটের তারিখ ১৪ মার্চ। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে এ সময়ের পরই ঘোষণা হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম।

  • বিএনপি হত্যার রাজনীতি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে: সেতুমন্ত্রী

    বিএনপি হত্যার রাজনীতি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৭ ফেব্রুয়ারি, ২০২৪: বিএনপি হত্যার রাজনীতি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আমরা নাকি হত্যার ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছি, বিএনপি আমাদের উপর দোষ চাপাচ্ছে। আমাদের ২১ হাজার নেতাকর্মীকে তারা ক্ষমতা থাকাকালে হত্যা করেছে।”

    আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “সংকটময় বিশ্বে যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে তাদের নিরাপত্তা নিয়ে বড় সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

    ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগ বেফাঁস কথা বলে না, বিএনপিই বলে। বেপরোয়া গাড়ির চালকের মতো বেপরোয়া রাজনীতির চালক মির্জা ফখরুল। রাজনীতিতে বিএনপি দুর্ঘটনা ঘটাতে চায়। অতীতে তাদের এই ইতিহাস আছে। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি তারা বারবার ঘটাতে চায়। এছাড়া রাজনীতিতে টিকে থাকার তাদের আর কোনো রসদ নেই।”

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বাংলাদেশের রাজনীতিতে যাদের হাতে রক্তের দাগ, যারা এদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত হত্যাকাণ্ড ৭৫-এর ১৫ আগস্ট ঘটিয়েছিল তার মাস্টারমাইন্ড ছিল খন্দকার মোশতাক ও জেনারেল জিয়াউর রহমান। ৩ নভেম্বর জেলহত্যায় জাতীয় ৪ নেতা, একুশে আগস্ট সন্ত্রাসবিরোধী সমাবেশে সন্ত্রাসী হামলায় ২৩ জনের প্রাণ ঝরে গেছে। এসব হত্যাকাণ্ড বিএনপির আমলে সংঘটিত করেছিল। এরপর মির্জা ফখরুল হঠাৎ এক বিবৃতিতে কোথা থেকে পেলেন আওয়ামী লীগ নাকি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে?  উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছেন তিনি “

    তিনি বলেন, “বিএনপি নিজেরাই নিজেদের নেতাকে হত্যা করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়েছিল নির্বাচনকে সামনে রেখে। একুশে আগস্ট জজ মিয়া নাটক সাজিয়েছিল তারা। এমন নাটক তারা বারবার সাজিয়েছে প্রকৃত ঘটনা আড়াল করার জন্য। নিজেদের কৃতকর্মের দায় অন্যের উপর চাপাতে তাদের অপকর্ম এখনো অব্যাহত আছে। জেল থেকে বের হয়ে মির্জা ফখরুল যা বলছেন তা এসব নাটকেরই প্রতিধ্বনি।”

    বিএনপির ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “বিএনপি কোথায় ঘুরে দাঁড়াবে সেটা আমাদের জানা নেই। এ কথা আগেও শুনেছি। কোন বছর ঘুরে দাঁড়াবে?  আন্দোলনের চৌকস কথার ফুলঝুরি অনেক শুনেছি। সে কথা বারে বারে বলতে গিয়ে বিএনপি নেতারা জনগণের কাছে নিজেদেরকেই খাটো করছেন। দেশে আন্দোলনের কোনো বস্তুগত ইস্যু নেই। তারা গায়ে পড়ে ইস্যু খুঁজে বেড়ায়। জনগণ জেনেশুনে শেখ হাসিনাকে ভোট দিয়েছে। বাস্তবে হতাশা নিরাশা থেকে নেতাকর্মীদের চাঙ্গা করতে দলটির নেতারা এসব বক্তব্য দিয়ে যাচ্ছেন।”

    মিয়ানমার সীমান্তে গোলাগুলি নিয়ে তিনি বলেন, “ওখানে এখন যেটা দরকার তা হলো ইন্টেলিজেন্স ডিপ্লোম্যাসি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। সবপক্ষের গতিবিধি লক্ষ্য করে যুদ্ধকে পরিহার করে শান্তির জন্য ইন্টেলিজেন্স ডিপ্লোমেসি পাঠিয়েছে বাংলাদেশ।”

    সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, পারভীন জামান কল্পনা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাবেক সদস্য রিয়াজুল কাউসার, সাবেক ছাত্রনেতা ইসহাক আলী খান পান্নাসহ অন্যান্যরা।

  • বিএনপিকে আন্দোলন নয় পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে: সেতুমন্ত্রী

    বিএনপিকে আন্দোলন নয় পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৬ ফেব্রুয়ারি ২০২৪: বিএনপিকে আন্দোলন নয় পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব জেল থেকে বের হয়ে আবার দিবাস্বপ্নে বিভোর হয়ে পড়েছেন। পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিন।

    আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি খুঁজে পাওয়া যায় না। জনগণের সরকার ক্ষমতায় থাকলে দেশে ইস্যুভিত্তিক আন্দোলনের যে ইস্যু খুঁজে পাওয়া যায় না, বিএনপির সেটা হাড়ে হাড়ে টের পাওয়া উচিত।”

    জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের উপস্থিতির বিষয়ে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “এই সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য বিরাট সম্মান বয়ে এনেছেন। আজকে গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের গুরুত্ব নিঃসঙ্কোচে মেনে নিয়েছে।”

    সেতুমন্ত্রী বলেন, “বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানটা আমাদের শত্রুতার জন্য অনেকের উর্বর ক্ষেত্র। বঙ্গোপসাগর, সেন্টমার্টিনের প্রতি লোভাতুর দৃষ্টি অনেকে বাজপাখির রয়েছে। তবে শেখ হাসিনার সরকার ভারসাম্যপূর্ণ কূটনীতি সাফল্যের দিকে নিয়ে গেছেন।”

    তিনি আরও বলেন, “মেয়াদোত্তীর্ণ বিভিন্ন শাখার সম্মেলন, সহযোগী সংগঠনের প্রত্যেকের অসমাপ্ত সম্মেলন, কমিটি গঠন প্রক্রিয়ায় বিলম্বসহ সাংগঠনিক সমস্যার সমাধান করা জরুরি। বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা সব শাখাগুলোকে ঢাকায় ডেকে বসতে পারেন। সমস্যা ও বিরোধ থাকলে তা সমাধানে অনতিবিলম্বে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।”

    যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাসিমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

  • কানাডার ফেডারেল আদালত জানিয়েছে বিএনপি সন্ত্রাসী দল: সেতুমন্ত্রী

    কানাডার ফেডারেল আদালত জানিয়েছে বিএনপি সন্ত্রাসী দল: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৫ ফেব্রুয়ারি, ২০২৪: কানাডার ফেডারেল আদালত জানিয়েছে বিএনপি সন্ত্রাসী দল, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি সন্ত্রাসী দল- এটা কানাডার ফেডারেল আদালতই দিয়েছে। যুক্তরাষ্ট্রে তারেক জিয়ার প্রবেশ নিষিদ্ধ, আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি এটা দিয়েছে। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে। তবে তাদের নিষিদ্ধ করার চিন্তা দলগতভাবে আওয়ামী লীগ এখনো করেনি। এখানে আদালতের বিষয় আছে। আইন-আদালত তো মানতে হবে।”

    আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    বিএনপির মহাসচিবের জামিন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “আদালত স্বাধীনভাবে কাজ করছে। আদালত জামিন দিয়েছেন। কাউকে জামিন দেওয়ার অর্থ এই নয়, তিনি অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত। মামলা তো আছে, মামলা চলবে। বিএনপির আন্দোলন বেগবান হতে হতে তাদের পতন হয়ে যাবে। এখন পতনের গভীর খাদ থেকে কে উদ্ধার করবে? আমরা তো প্রস্তুত, রাস্তায় সদা জাগ্রত প্রহরী শেখ হাসিনার জন্য।”

    নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “তারা ডামি নির্বাচন বলছে, প্রমাণ হয়ে গেছে তারাই ডামি বিরোধীদল। তারা নিজেরাই ডামি। নির্বাচনে অংশগ্রহণই করেনি।”

    বিএনপির আন্দোলন বিষয়ে সেতুমন্ত্রী বলেন, “আবারো তাদের আন্দোলন দেখার অপেক্ষায় আছি আমরা। সেটা হয়তো ঈদের পরে অথবা আবারো আরেক কোন ২৮ অক্টোবরে।”

    সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দলের সংসদীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করেছে।”

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপদপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন ।

  • বিএনপি এখন পথ হারা পথিকের মতো দিশেহারা: সেতুমন্ত্রী

    বিএনপি এখন পথ হারা পথিকের মতো দিশেহারা: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৩১ জানুয়ারি, ২০২৪: বিএনপি এখন পথ হারা পথিকের মতো দিশেহারা, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নেতারা কী বক্তব্য দিচ্ছেন, এর প্রতি দেশের মানুষের কোনো আগ্রহ নেই। আমাদের কোনো আগ্রহ নেই। পথ হারা পথিকের মতো দিশেহারা বিএনপি।

    আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “মহিলা সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নেওয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুব কম। আমরা আমাদের পরীক্ষিত, ত্যাগীদের গুরুত্ব দেব। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের দুঃসময়ের পরীক্ষিত কর্মী, তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেব।”

    তিনি বলেন, “মহিলা সংরক্ষিত আসনে দলগতভাবে ৩৮টি, আর স্বতন্ত্র থেকে ১০ জন মিলিয়ে ৪৮টি মনোনয়ন দেওয়া হবে।”

    গতকাল সংসদের জিএম কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, “কথা তো যা বলার উনি একাই বললেন। গতকাল দেশের প্রধানমন্ত্রীও কথা বলেননি। আমরা শুধু আনুষ্ঠানিকতা করেছি। স্পিকারকে ধন্যবাদ জানানোর নামে ফ্লোর নিয়ে তিনি গতকাল যেসব কথা বলেছেন তা ঠিক হয়নি। সামনে আরও সময় ছিল তখন অনেক কথাই বলতে পারতেন। তিনি শুরুটাই এমনভাবে করলেন যে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেললেন, লম্বা একটা ভাষণ দিলেন। বিষয়টা হলো ধন্যবাদ জানানোর। এত লম্বা ভাষণের জন্য ওনাকে আহ্বান করা হয়নি। উনি নিয়ম লঙ্ঘন করে কথা বলেছেন।”

    বিএনপির কালো পতাকা মিছিল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তারা রাজপথে ফ্রি স্টাইল করবে আর আমরা চুপচাপ বসে থাকব? এটা মনে করার কোনো কারণ নেই।”

    ব্রিফিংয়ের সময় অন্যান্যের মধ্যে আরও  উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ।

  • বিএনপির এ মুহূর্তে কোনো আশা নেই: সেতুমন্ত্রী

    বিএনপির এ মুহূর্তে কোনো আশা নেই: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২৬ জানুয়ারি, ২০২৪: বিএনপির এ মুহূর্তে কোনো আশা নেই, বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “ওরা আন্দোলন করবে, সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে, জনতার ঢল নামবে, এসব শুনে ঘোড়াও হাসে। বিএনপির এ মুহূর্তে কোনো আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতিও নেই। ভিসা নিষেধাজ্ঞার আশায় আশায় দিন চলে যায়, রাত পোহায়, এই হলো বিএনপি। নির্বাচন না করে বিএনপি যে ভুল করেছে, অচিরেই তা টের পাবে।”

    আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আর কোনো ডামি দলের দরকার নেই। ওরা (বিএনপি) ডামি হয়ে গেছে। শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই, সব আশা হারিয়ে ফেলেছে, সবাই হতাশায়।”

    তিনি বলেন, “তাদের এখন কালো পতাকা মিছিল হলো শোক পালনের কর্মসূচি। কালো পতাকা শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা (বিএনপি) পরাজয় বরণ করেছি। সেই জন্য আমরা আজকে শোকের কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছি।”

    সেতুমন্ত্রী বলেন, “আন্দোলন চালান। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন, মানুষের রুটি-রোজগারের বাধা দেবেন, হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাস করবেন, এটা কঠোর হস্তে দমন করা হবে।”

    বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “এখন তারা আইনিভাবে মোকাবিলা করুক। অপরাধের সঙ্গে যারা জড়িত নয়, আইনি প্রক্রিয়ায় বের হয়ে যাবে।”

    তিনি আরও বলেন, “কোন দেশে অপরাধ করলে শাস্তি হবে না? আমেরিকার কথায় আমরা ছেড়ে দেব? এটা কোনো কথা? তাহলে ট্রাম্পের (ডোনাল্ড ট্রাম্প) বিচার কেন হচ্ছে? সে দেশের প্রেসিডেন্ট আজ শাস্তি পাচ্ছে। প্রেসিডেন্টের আদালতে দাঁড়ানোও শাস্তি। সেই দেশ আমাদের কীভাবে বলে অপরাধীদের ছেড়ে দিতে হবে?”

    আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, নির্মল কুমার চ্যাটার্জি, ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ প্রমুখ।