Tag: পরীক্ষা স্থগিত

  • বন্যার কারণে ফেনির দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

    বন্যার কারণে ফেনির দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুলাই, ২০২৪: দেশের সর্বত্র চলছে ভারী বর্ষণ। ফলে বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করে। অপর দিকে ভারতের উজানে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। এদিকে বন্যার কারণে ফেনীর দুই উপজেলায় আজ মঙ্গলবারের (২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার নিজেই জানান, গতকাল সোমবারের ভারীবর্ষণ ও উজানের পানিতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এতে ফুলগাজী ও পরশুরামে পরীক্ষা নেওয়ার কেন্দ্রগুলো অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি আমরা তিন বোর্ডকে (সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও ভোকেশনাল) চিঠির মাধ্যমে অবগত করি। পরে তাদের নির্দেশনা মতে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

    এদিকে, সোমবার (১ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

  • বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

    বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

    www.HelloBangla.News – শিক্ষা – ২০ জুন, ২০২৪: বন্যার কারণে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তপন কুমার বলেন, “সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি চলছে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরীক্ষায় অংশ নেওয়ার মতো পরিস্থিতিতেও নেই শিক্ষার্থীরা। সার্বিক দিক বিবেচনায় ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

    শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকায় সিলেট বোর্ডে বাংলা প্রথমপত্র ও দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের পরীক্ষা আপাতত হবে না। পরবর্তী সময়ে এ চারটি বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেবে শিক্ষা বোর্ড।

    চলতি বছর সিলেট বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮২ হাজার ৪১৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এ বোর্ডের অধীনে কেন্দ্রের সংখ্যা ৮৭টি।

    এদিকে প্রকাশিত রুটিন অনুযায়ী- আগামী ৩০ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। অন্যদিকে কুরআন মাজিদ পরীক্ষা দিয়ে আলিম পরীক্ষা শুরু হওয়ার কথা। আর কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা হবে।