Tag: নিষেধাজ্ঞা

  • ইসরায়েলের ৫ নাগরিক এবং ৩টি সংস্থার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা

    ইসরায়েলের ৫ নাগরিক এবং ৩টি সংস্থার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৬ জুলাই, ২০২৪: ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলের ফিলিস্তিনিদের নিপীড়ন এবং এ দুই অঞ্চলে গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘণ করা হয়েছে এই অভিযোগে ইসরায়েলের ৫ নাগরিক এবং ৩টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ।

    ইইউয়ের প্রশানিক বিভাগ ইউরোপিয়ান কমিশন সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে । নিষেধাজ্ঞার আওতায় আনা ৫ ইসরায়েলি নাগরিকের সবার নাম প্রকাশ করেনি কমিশন, সংস্থা ৩টির মধ্যে দু’টির জানা গেছে যে ৫ ইসরায়েলি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাদের মধ্যে দু’জন দু’টি সংস্থার প্রধান নির্বাহী।

    এই সংস্থাগুলো হলো টিজাভ ৯, লেহাভা অর্গানাইজেশন এবং অপর একটি সংস্থা। আর যে দুই ব্যক্তির নাম জানা গেছে, বেন-জিওন গোপস্টেইন এবং ইসাশ্চার মান্নে। ইসাশ্চার মান্নে একটি স্থানীয় পত্রিকার প্রধান নির্বাহী।

    ইইউয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও সংস্থাগুলো ২০২৩ সালের ৯ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে দাঙ্গা-সহিংসতায় উসকানি দিচ্ছে। পাশাপাশি গাজায় খাদ্য, পানি এবং জ্বালানির প্রবেশে নিয়মিত বাধা দেওয়ারও অভিযোগও রয়েছে এই ব্যক্তি ও সংস্থাগুলোর কর্মীদের বিরুদ্ধে।

    যে ৫ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেসব ব্যক্তি ও সংস্থার কর্মীরা এই আদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থাকে, সেসবও বাজেয়াপ্ত করা হবে।

    ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ ইইউয়ের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, “এ ধরনের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য এবং পারস্পরিক বন্ধুত্বের পথে বড় অন্তরায়। ইসরায়েলের ডানপন্থি ব্যক্তি ও সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ইসরায়েল-ইইউর বন্ধুত্বের রেড লাইন অতিক্রম করা একই ব্যাপার।”

    গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল হামলা চালিয়ে ৩৮ হাজার ৫৮৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে (গত শনিবারের তথ্য মতে) । যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ পর্যন্ত মোট আহতের সংখ্যা ৮৮ হাজার ৮৮১ জন। জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া না দিয়ে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করেছে। এবার ইইউ থেকে নিষেধাজ্ঞা এসেছে।

  • মতিউর, তার স্ত্রী ও ছেলের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

    মতিউর, তার স্ত্রী ও ছেলের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ জুন, ২০২৪: আদালত দুর্নীতির দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব রোর্ডের সদস্য মো. মতিউর রহমান, তার স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ ও তাদের পুত্র আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন ।

    আজ সোমবার (২৪ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে আদেশ দেন।

    জাতীয় রাজস্ব রোর্ডের সদস্য মো. মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চারবার অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিবারই অনুসন্ধান পর্যায় থেকে শেষ হয়েছে কার্যক্রম। এক ধরনের অলিখিত ‘ক্লিনচিট’ দেওয়া হয়েছে মতিউরকে। মতিউরের বিরুদ্ধে ফের অনুসন্ধান শুরু করেছে দুদক।

    মতিউরের নামে-বেনামে শতশত কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য সামনে এসেছে। এছাড়া মতিউরের সন্তানদের বিলাসবহুল গাড়িও, পাখি ফেসবুকে ভাইরাল হয়েছে। এবার পঞ্চম বারের মতো তার বিরুদ্ধে তদন্ত শুরু হলো।

    এই কর্মকর্তার বিরুদ্ধে গত ১৮ বছরের ব্যবধানে ২০০৪, ২০০৮, ২০১৩ ও ২০২১ সালে মোট চারবার অনুসন্ধান করে দুদক। তবে নথিভুক্তির মাধ্যমে এসব অনুসন্ধানের পরিসমাপ্তি ঘোষণা করে দুদক। অর্থাৎ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরে মতিউর রহমানকে নিয়ে কমিশনের অনুসন্ধান ও পরবর্তী কার্যক্রম থেমে যায়।

    দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মইনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে ৪ জুনের কমিশন সভায় মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পঞ্চম বারের মতো অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন উপ-পরিচালককে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে। এরই মধ্যে সদস্যরা কাজও শুরু করেছেন।

    এদিকে, গতকাল রবিবার (২৩ মে) জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

  • মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ মে, ২০২৪: মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, “একটা জিনিস আমি বুঝতে পেরেছি, মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অনেক দেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা তাদের জন্য নতুন কিছু না। আমাদের দেশে যাকে (সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের) দেওয়া হয়েছে, আমাদের কাছে এখনো সেটা সঠিকভাবে আসেনি। আসলে পরে জানতে পারবো, কেন দেওয়া হয়েছে।”

    আজ মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকের পর সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কেন এই নিষেধাজ্ঞা আসছে, সেটা আমার কাছে এখনো আসেনি। আমি কেবল একটি বিজ্ঞপ্তির কথা শুনেছি। এটা বিস্তারিতভাবে না জেনে প্রশ্নের জবাব দিতে পারবো না।”

    ঝিনাইদহের কালীগঞ্জের এমপি আনারের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের ও ভারতের ইমিগ্রেশন পার হয়ে যথাযথভাবেই তিনি ভারতে যান। তার পরিবার থেকে আমাদের জানানো হয়েছিল যে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সরকারি সব সংস্থা এটা নিয়ে কাজ করছে।”

    তিনি বলেন, “আমাদের এনএসআই, এসবি ও পুলিশ কাজ করছে। ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ হচ্ছে। আশা করছি, ভারত সরকারের মাধ্যমে শিগগির তার বিষয়ে জানতে পারবো।”

    বলেন, “আমার কাছে এখন পর্যন্ত (এমপি আনারের বিষয়ে) কোনো আপডেট নেই। যতটুকু শুনছি, আনারের মোবাইলটাও বন্ধ।”

  • ডিপজলকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট

    ডিপজলকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট

    www.HelloBangla.News – বিনোদন – ২০ মে, ২০২৪: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা হয়েছে তা তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।

    এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২০ মে) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

    একইসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    এর আগে গত বুধবার (১৫ মে) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

    বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করেন তিনি।

    নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়।

  • ইহুদা ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়বেন নেতানিয়াহু

    ইহুদা ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়বেন নেতানিয়াহু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ এপ্রিল, ২০২৪: অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেৎজাহ ইহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস নিউজ এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা এ ধরনের কোনো বিষয়ে অবগত নয়।

    এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হু বলেছেন, সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি লড়াই করবেন। আজ সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীর ওপর যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটে সহায়তা কমানোর পরিকল্পনা করছে এমন খবরের পর তিনি এই অবস্থান জানান।

    রবিবার ইসরায়েলের এই কট্টরপন্থি প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার সমস্ত শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব।’

    এর আগে যুক্তরাষ্ট্রের অ্যাক্সিওস নিউজ সাইট জানায়, অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরেপ করতে পারে।

    মূলত ‘নেতজাহ ইয়েহুদা’ নামের এই ইউনিটটি ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে মোতায়েন রয়েছে। পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে নেতজাহ ইয়েহুদার বিরুদ্ধে। অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ইউনিটগুলোতে মার্কিন সামরিক সহায়তা হ্রাস করা হতে পারে এমন প্রতিবেদন সম্পর্কে গত সপ্তাহে জিজ্ঞাসা করা হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন: ‘আমি সিদ্ধান্ত নিয়েছি; আপনারা সামনের দিনগুলোতে সেসব সিদ্ধান্ত দেখতে পাবেন বলে আশা করতে পারি।’

    অবশ্য ইসরায়েলের প্রধান মিত্র ওয়াশিংটন এর আগে কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বা আইডিএফের কোনও ইউনিটের সহায়তা স্থগিত করেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নেতজাহ ইয়েহুদা ‘আন্তর্জাতিক আইন মেনেই’ কাজ করছে।

    তারা বলেছে, ‘ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে এই রিপোর্টের পরও আইডিএফ বিষয়টি সম্পর্কে অবগত নয়। আইডিএফ কাজ করছে এবং আইন অনুযায়ী কোনো অস্বাভাবিক ঘটনা তদন্ত করতে কাজ করে যাবে।’

    ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেতজাহ ইয়েহুদার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও ঘনিষ্ঠভাবে দেখছে।

    উল্লেখ্য, গত শনিবার অ্যাক্সিওস তিনটি মার্কিন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগামী কয়েক দিনের মধ্যে নেতজাহ ইয়েহুদার বিরুদ্ধে ব্যবস্থা বা পদক্ষেপ ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।