Tag: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে তিন মন্ত্রীর বৈঠক

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে তিন মন্ত্রীর বৈঠক

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৭ মে, ২০২৪: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং মজুত কার্যক্রমে করণীয় বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছেন তিন মন্ত্রী।

    আজ সোমবার (২৭ মে) দুপুর ১টায় সচিবালয়ে এ আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কৃষিমন্ত্রী সভায় সভাপতিত্ব করছেন।

    সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

    সভার শুরুতে কৃষিমন্ত্রী জানান, আরেকটি বড় উৎসব ঈদুল আজহা আসছে। এসময়ে মানুষ যাতে নিত্যপণ্য নিয়ে ভোগান্তিতে না পড়ে সেজন্য আজ এই সভা আহ্বান করা হয়েছে।

    এর আগে গত ৬ ফেব্রুয়ারি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এ সভা হয়েছিল।

  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ মার্চ, ২০২৪: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের কাজ করতে হবে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। ডিসিদের অনুরোধ করা হয়েছে তারা যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করে। বিশেষ করে রোজার আগে তারা যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে।”

    আজ মঙ্গলবার (৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের একটি  কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রতি বছরের মতো জেলা প্রশাসকদের সম্মেলনটি হচ্ছে। সম্মেলনে মন্ত্রী ও সচিবরা তাদের মুখোমুখি হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আজকে ডিসিদের একটি সভা হয়েছে।  সভায় ডিসিরা আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে কিছু বলেননি। উনারা ছোট ছোট কিছু পয়েন্ট সভায় তুলেছেন। ”

    তিনি বলেন, “ডিসিরা জানতে চেয়েছেন করোনার সময়ের মতো ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করা যায় কি না। তারা বলেছেন বিশেষ করে জঙ্গিদের আদালতে আনা নেওয়া করায় কিছুটা ঝুঁকি থাকে। তাই ভার্চুয়াল কোর্টের কথা বলেছেন ডিসিরা। আমরা সেটা যাচাই-বাছাই ও পরীক্ষা করে দেখব এইটা করা যায় কি না। সারা বাংলাদেশে ভার্চুয়াল কোর্ট করা যায় কি না আমরা সেটা পরীক্ষা করে দেখব।”

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ডিসিদের সভায় নির্দেশ দেওয়া হয়েছে—জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটির সভা যেন প্রতি মাসে তারা করেন। যাতে করে সবার সঙ্গে সবার একটা বোঝাপড়া থাকে। যেন কোনো অসুবিধা হলে সেটা দ্রুত সমাধান করা যায়। সভায় ডিসিদের আরও নির্দেশ দেওয়া হয় যেন তারা ইয়াবা ও এলএসডির মতো মাদকের বিরুদ্ধে সামজিক সচেতনতা গড়ে তোলেন। আমরা ধূমপানের বিরুদ্ধে কথা বলেছি। এখন দেখা যায় প্রকাশ্যে কেউ ধূমপান করে না। কেউ ধূমপান করলে তা আড়ালে করে। ”

    নদীপথে যেন যত্রতত্র বালু উত্তোলন না করা হয় সে জন্য ব্যবস্থা নিতে ডিসিদের অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান।

  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা প্রয়োজন: দীপু মনি

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা প্রয়োজন: দীপু মনি

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ ফেব্রুয়ারি, ২০২৪: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা প্রয়োজন, বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, “সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে, যাতে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সামনে রমজান আসছে, এই রমজানে যাতে মানুষ স্বস্তির মধ্যে থাকে এর জন্য সরকারের চেষ্টার পাশাপাশি সকলেরই সহযোগিতা প্রয়োজন।”

    আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন যেমন কাজ করবে, তেমনি আমাদের যে ব্যবসায়ী সমিতি আছে তারাও যদি সঠিকভাবে কাজ করে তাহলে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা সম্ভব। এছাড়া অন্য যেসব সমস্য আছে সেগুলো নিয়ে সরকার কাজ করছে।”

    তিনি বলেন, “আমরা ধর্ম পালনের ক্ষেত্রে ধর্মীয় পোষাকের ব্যাপারে যতটা মনযোগি, আমরা যদি ধর্মীয় আচরণের ব্যাপারে আরেকটু মনোযোগি হই, তাহলে কিন্তু এই মজুদদারী থাকে না এবং অতিরিক্ত মুনাফার বিষয়টিও থাকে না। বিশেষ করে রমজান মাসে। রমজান সংযমের সময়। আমরা যেন সব ক্ষেত্রে অর্থাৎ ব্যবসায়ী, ক্রেতাসহ সকলেই যেন সংযম করেন।”

    দীপু মনি বলেন, “ধর্ম হচ্ছে চর্চার বিষয়। আমি শুধু বাহিরে পোষাকে দেখালাম, কিন্তু ধর্মের যে মূল মূল্যবোধ তার যদি চর্চা না করি, তাহলে আমরা খুব ভালো করতে পারব না। ধর্মীয় এই চর্চা যদি অব্যাহত রাখি তাহলে শুধুমাত্র রোজার সময় নয়, সারা বছরও কিছু লোক মানুষকে কষ্ট দেয়, সেটি আর করতে পারবে না। সকলের সহযোগিতা প্রয়োজন এবং সকলকে একসঙ্গে কাজ করতে হবে। শুধুমাত্র সরকার একা কোন কিছু করতে পারে না।”

    এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।