Tag: দিল্লি

  • আগামীকাল প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন

    আগামীকাল প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন

    www.HelloBangla.News – জাতীয় – ২০ জুন, ২০২৪: কিছুদিন আগে ভারতের নতুন বিজেপি জোট মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার প্রধানমন্ত্রী আবার ভারতে যাচ্ছেন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে।

    আগামীকাল শুক্রবার (২১ জুন) দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন।

    বিজেপি জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম সফর।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

    এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। গত এক দশকে শক্তিশালী আঞ্চলিক অংশীদারত্ব পরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু আন্তঃসীমান্ত উদ্যোগ চালু করা হয়েছে।

    এটি ১৫ দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর হবে। তিনি গত ৯ জুন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

    ফ্লাইটটি বিকেল ৪টায় (দিল্লির সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবে। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করবেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে শনিবার (২২ জুন) সকালে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা বিছানো হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অব অনারও পরিদর্শন করবেন।

    এরপর তিনি রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

    শেখ হাসিনা একই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ে আলোচনার জন্য হায়দরাবাদ হাউসে যাবেন।

    উভয়েই সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। এরপর দুই প্রধানমন্ত্রী তাদের বিবৃতি দেবেন। তারা হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভারতের প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায় যোগ দেবেন।

    বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    সন্ধ্যায় শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ভারতের রাজধানী ত্যাগ করবেন। তিনি রাত ৯টায় ঢাকায় অবতরণ করবেন।

  • মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি গেছেন প্রধানমন্ত্রী

    মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি গেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৮ জুন, ২০২৪: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার (৮ জুন) দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রবিবার (৯ জুন) নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার কথা রয়েছে।

    প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি দিল্লি সময় বেলা ১১টা ৫১ মিনিটে অবতরণ করে জানানো হয়েছে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি পৌঁছালে তাকে উষ্ণ স্বাগত জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সিপিভি-ওআইএ) মুকতেষ পরদেশী।

    বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি।

    এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। নয়াদিল্লি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (০৯ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন।

    রাতে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

    সোমবার (১০ জুন) সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এর আগে বুধবার টেলিফোনে আলাপকালে তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। শেখ হাসিনা এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। ৯ জুন নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার কথা রয়েছে।

    ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে জয় লাভ করে। এর আগে ৮ জুন মোদীর শপথ অনুষ্ঠানের কথা ছিল।