Tag: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস

  • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত জিতেছে ২৪৩ রানে

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত জিতেছে ২৪৩ রানে

    www.HelloBangla.News – খেলাধুলা – ৬ নভেম্বর, ২০২৩: বিশ্বকাপের গতকালের ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি মনে হয়েছিলো বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে। কেননা বিগত ম্যাচগুলো দুই দল বেশ দাপটের সঙ্গে খেলেছে। কিন্তু ভারতের করা ৩২৬ রান তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৩ রানে গুটিয়ে যায়। ফলে ভারত ২৪৩ রানের বিশাল জয় পায়।

    বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত আট ম্যাচ খেলে আটটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ল। তাতে শীর্ষস্থান আরও মজবুত করলো স্বাগতিকরা।

    কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩২৬ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। দুর্দান্ত এক সেঞ্চুরি করে জন্মদিনে নিজেকে উপহার দেন বিরাট কোহলি। সেই সেঞ্চুরিতে ছুঁলেন ওয়ানডে ৪৯ সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকারের রেকর্ড।

    কোহলির ৩৫ বছর পূর্ণের দিনকে সামনে রেখে ইডেন সেজেছে বিশেষ রূপে। অবশ্য ম্যাচের শুরুর ঝলকটা দেন রোহিত শর্মা। শুভমান গিলকে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬২ রান। কাগিসো রাবাদার শিকার হয়ে ২৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন ভারতীয় অধিনায়ক। এরপরই আগমন কোহলির। যার জন্য মঞ্চ সাজিয়ে রেখেছিল ইডেন।

    দ্বিতীয় উইকেটে গিলের বেশিক্ষণ সঙ্গ পাননি কোহলি। তবে তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ইনিংস অনেকটা এগিয়ে নেন তিনি। দুজনে মিলে গড়েন ১৩৪ রানের জুটি। যেভাবে ব্যাট করছিলেন তাতে কোহলির আগেই সেঞ্চুরি পাওয়ার কথা ছিল তার। কিন্তু ৮৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৭ রানের দারুণ ইনিংসের ইতি টানেন তিনি।

    জুটি ভাঙার পর দ্রুতই লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবকে ফেরায় প্রোটিয়া। তবে কোহলি ছিলেন অবিচল। ৪৯তম ওভারের তৃতীয় বলে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ইডেনের গ্যালারিতে প্রায় সব দর্শকই তখন মোবাইলের ক্যামেরা তাক করেছেন তার দিকে। কাগিসো রাবাদার লেংথ বল কাভারে ঠেলে দিয়ে কোহলি যখন সিঙ্গেল তখন উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি।

    জন্মদিনে ওয়ানডেতে সেঞ্চুরি করা সপ্তম ব্যাটার কোহলি, বিশ্বকাপে তৃতীয়। চলতি আসরে এর আগে জন্মদিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ।

    ১১৯ বলে সেঞ্চুরি ছোঁয়া কোহলি পরে আর বল খেলার সুযোগ পান দুটি। ১০ চারে সাজানো ইনিংসটিতে অপরাজিত থাকেন ১০১ রানে। অপরপ্রান্তে ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা।

    বড় লক্ষ্যের জবাব দিতে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিজালে আটকা পড়ে দক্ষিণ আফ্রিকা। উইকেটে কেবল আসা-যাওয়ার মিছিল চলতে থাকে ব্যাটারদের। সর্বোচ্চ ১৪ রান করেন মার্কো ইয়ানসেন। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন ও ডেভিড মিলার। বাকিরা সবাই ফেরেন এক অঙ্কের ঘরে থেকে। ভারতের হয়ে জাদেজা সর্বোচ্চ ৫ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ শামি ও কুলদীপ যাদবের শিকার দুটি করে উইকেট। জন্মদিনে দুর্দান্ত ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন কোহলি।

    সংক্ষিপ্ত স্কোর :

    ভারত : ৩২৬/৫, ৫০ ওভার (কোহলি ১০১*, আইয়ার ৭৭, মহারাজ ১/৩০)।

    দক্ষিণ আফ্রিকা : ৮৩/১০, ২৭.১ ওভার (জানসেন ১৪, ডুসেন ১৩, জাদেজা ৫/৩৩)।

  • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত

    www.HelloBangla.News – খেলাধুলা –  ৫ নভেম্বর, ২০২৩: ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে ভারত এখনও অপরাজিত আছে। দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচে হেরেছে। দুই দল ইতিমধ্যে নিজেদের যোগ্যতা প্রমান করেছে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি দিক্ষণ আফ্রিকা।

    ২০২৩ বিশ্বকাপে আজ কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। স্বাগতিকদের একাদশেও কোনো পরিবর্তন আনা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার জেরাল্ড কোয়েটজির জায়গায় এসেছেন স্পিনার তাবরেজ শামসি।

    এখন পর্যন্ত ৭ ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। দুই দলই আছে দুর্দান্ত ফর্মে। আজকের ম্যাচটি তাই শীর্ষ দুই দলের শক্তিমত্তা জাহিরের লড়াইও।

    দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়েনসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

  • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে নেদারল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ অক্টোবর, ২০২৩:  বৃষ্টির কারণে প্রায় এক ঘন্টা পর শুরু হচ্ছে বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচটি। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।তবে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ম্যাচের ভাগ্য কোনদিকে গোড়ায় সেটা সময় বলে দেবে

    দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। এই ম্যাচের আগে দুই দল অবস্থান করছে দুই মেরুতে। প্রথম দুই ম্যাচে বিশাল ব্যবধানের জয় পেয়েছে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়ারা। আর ডাচরা হেরেছে দুই ম্যাচেই।

    ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে বড় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে রেকর্ডের বন্যা বইয়ে ১০২ রানের জয় পেয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় তারা।

    অন্যদিকে, আপসেট ঘটিয়ে এবারের বিশ্বকাপ শুরুর লক্ষ্য ছিল নেদারল্যান্ডসের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচেই ৮১ রানের হার বরণ করে নেয় ডাচরা। পরের ম্যাচে নিউজিল্যান্ডের সাথেও লড়াই করতে পারেনি নেদারল্যান্ডস। নিউজিল্যান্ডের ৩২২ রানের জবাবে ২২৩ রান পর্যন্ত যেতে পারে তারা। ৯৯ রানে ম্যাচ হারে ডাচরা।

    এদিকে, দুই দলই আজ একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। শামসির জায়গায় দক্ষিণ আফ্রিকার দলে ফিরেছেন তরুণ পেসার জেরাল্ড কোয়েটজি। আর নেদারল্যান্ডস দল থেকে বাদ পড়েছেন রায়ান ক্লেইন। তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে লোগান ভ্যান বেককে। ভারতের মাটি স্পিন সহায়ক হলেও কেন শামসিকে বাদ দেওয়ার বিষয়টি যুক্তিযুক্ত বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা।

    দক্ষিণ আফ্রিকা একাদশ

    কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিডি।

    নেদারল্যান্ডস একাদশ

    বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।