Tag: তীব্র গরম

  • তীব্র গরমে ইউরোপে এক বছরে ১ লাখ ৭৬ হাজারের ওপর মৃত্যু

    তীব্র গরমে ইউরোপে এক বছরে ১ লাখ ৭৬ হাজারের ওপর মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ আগস্ট, ২০২৪: তীব্র গরমে ইউরোপে এক বছরে ১ লাখ ৭৬ হাজারের ওপর মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয় বিশ্বব্যাপী গ্রীষ্মঋতুর ব্যপ্তিও বেড়ে গেছে এবং পূর্ববর্তী বছরগুলোর তুলনায় দীর্ঘ হচ্ছে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ। বিজ্ঞানিরা জানিয়েছে বাতাসে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিদিন পৃথিবীর উষ্ণতা বাড়ছে।

    এই উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে বাড়ছে হিটস্ট্রোক এবং গরমজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। শীতল জলবায়ু অঞ্চল বলে পরিচিত ইউরোপেও তাপজনিত অসুস্থতায় মৃতের সংখ্যা বাড়ছে।

    জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ শাখা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর হিটস্ট্রোক ও তাপজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে বিশ্বে মৃত্যু হয়েছে অন্তত ৪ লাখ ৮৯ হাজার মানুষের। এই মৃতদের মধ্যে গড়ে ১ লাখ ৭৬ হাজার ৪০ জন ইউরোপের বাসিন্দা। অর্থাৎ প্রতিবছর বিশ্বজুড়ে হিটস্ট্রোক ও তাপজনিত অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে যত মানুষ মারা যান, শতকরা হিসেবে তার ৩৬ শতাংশই ইউরোপের বাসিন্দা।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখা ইউরোপ মহাদেশ এবং মধ্য এশিয়ার মোট ৫৩টি দেশের জনগণের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে। শুক্রবারের বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, প্রতি বছর বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির তুলনায় ইউরোপের দেশগুলোতে তাপ বাড়ছে দ্বিগুণ হারে। এই তাপ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে গত দুই দশকে ইউরোপে তাপজনিত অসুস্থতায় মৃত্যু বেড়েছে অন্তত ৩০ শতাংশ।

    ডব্লিউএইচও’র ইউরোপ শাখার পরিচালক হ্যান্স ক্লাগ বলেন, “হিটস্ট্রোকের পাশাপাশি তাপজনিত যেসব অসুস্থতায় ইউরোপে মৃত্যু ঘটছে, সেগুলো হলো হৃদযন্ত্রের সমস্যা, শ্বাসকষ্ট, সেরেব্রাল-ভাসকুলার সমস্যা, এবং ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা।”

  • তীব্র গরমে মক্কায় ৫৫০ হজযাত্রীর মৃত্যু

    তীব্র গরমে মক্কায় ৫৫০ হজযাত্রীর মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ জুন, ২০২৪: সৌদি আরবের মক্কায় হজ চলাকালে তীব্র গরমে অন্তত ৫৫০ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রকাশিত সংবাদ ও একটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে। মৃত হজযাত্রীদের সবাই যথাযথ নিয়ম-বিধি মেনে হজে আসেননি।

    উষ্ণ মরু জলবায়ুর দেশ সৌদি আরবে গ্রীষ্মকালে গড় তাপামাত্রা থাকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি। গত কয়েক দিন ধরে দেশটির দৈনিক তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মক্কার তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রতি এক দশকে সৌদি আরবের তাপমাত্রা বাড়ছে দশমিক ৪ ডিগ্রি করে।

    মৃতদের মধ্যে অর্ধেকেরও বেশি মিসর থেকে আসা হজযাত্রী— ৩২৩ জন। এর বাইরে মৃতদের তালিকায় জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান এবং সেনেগালের হজযাত্রীরাও রয়েছেন।

    মক্কার বৃহত্তম হাসপাতাল আল মুয়াইসেমের মর্গে সব মৃতদের লাশ রাখা হয়েছে।

    হিটস্ট্রোক, জ্বর ও অন্যান্য গরম জনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে আল মুয়াইসেম হাসপাতালে বর্তমানে ২ হাজারেরও বেশি হজযাত্রী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    হজ মৌসুমে সৌদিতে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ হজযাত্রীর সমাগম ঘটে। এই হজযাত্রীদের সবাই যে যথাযথ নিয়ম-বিধি মেনে দেশটিতে প্রবেশ করেন— এমন নয়। হাজার হাজার যাত্রী দেশটিতে প্রবেশ করেন বৈধ কাগজপত্র বা নথিপত্র ছাড়াই। প্রত্যেক বছরই এমন ঘটে।

    ফলে, বৈধ হজযাত্রীদের জন্য সৌদির সরকার যেসব সুযোগ-সুবিধা ও পরিষেবা বরাদ্দ করেছে, সেসবের প্রায় কিছুই তারা পান না। এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতেও তাদের প্রবেশাধিকার নেই।

    ফলে ভয়াবহ গরম থেকে পর্যাপ্ত সুরক্ষার অভাবই অনেক হজযাত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘যে হজযাত্রীরা মারা গেছেন, তাদের অধিকাংশই যথাযথ নিয়ম-বিধি মেনে সৌদিতে প্রবেশ করেননি। দীর্ঘ সময় ধরে তারা খাবার, পানি ও এয়ার কন্ডিশন পরিষেবা পাননি। মূলত এটিই তাদের অসুস্থতা ও তার পরবর্তীতে মৃত্যুর জন্য দায়ী।’

    গত বছর হিটস্ট্রোক ও অন্যান্য শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে ২৪০ জন হজযাত্রী মারা গিয়েছিলেন। এবার মৃত্যু হলো তার দ্বিগুণেরও বেশি সংখ্যক যাত্রীর।

  • তীব্র গরমের মধ্যেও ভোটাররা আস্থার সঙ্গে ভোট দিয়েছে: ইসি আলমগীর

    তীব্র গরমের মধ্যেও ভোটাররা আস্থার সঙ্গে ভোট দিয়েছে: ইসি আলমগীর

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ এপ্রিল, ২০২৪: তীব্র গরমের মধ্যেও ভোটাররা আস্থার সঙ্গে ভোট দিয়েছে, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।তিনি বলেন, “ভোটার উপস্থিতির ক্ষেত্রে আপনারা দেখেছেন, গতকাল দেশের বিভিন্ন স্থানে যে নির্বাচন হয়েছে, সেখানে এ তীব্র গরমের মধ্যেও কোনো কোনো কেন্দ্রে ৭০ ভাগ, কোনো কোনো কেন্দ্রে ৮০ ভাগ এবং ৬০ ভাগ ভোটার উপস্থিতি ছিল। কারণ নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেওয়া যায়, আমার ভোট আমি দিতে পারব।”

    আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

    ইসি আলমগীর বলেন, “বাংলাদেশের মানুষ এখন নির্বাচনকে উৎসব মনে করে “

    তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ভালো পরিবেশ পেলে ভোটকে উৎসব হিসেবে মনে করে। সেই উৎসবের অংশ হিসেবে আমরা মনে করি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে। হ্যাঁ তবে গরমের কারণে মানুষের একটু কষ্ট হবে। তারপরও মানুষ ভোট দিতে আসবে।”

    মো. আলমগীর বলেন, “কোনো মন্ত্রী, এমপি বা সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত বড় কর্মকর্তার আত্মীয়-স্বজন প্রার্থী হলে তারা তাদের পক্ষে প্রচার চালাতে পারবেন না বা পক্ষ অবলম্বন করতে পারবেন না। এ বিষয়ে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। তারপরও তারা এ কাজ করলে প্রার্থীর যেমন প্রার্থিতা বাতিল হবে, ঠিক একইভাবে ওই মন্ত্রী, এমপি বা কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

    এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • তীব্র গরমে সুস্থ থাকতে স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা

    তীব্র গরমে সুস্থ থাকতে স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ এপ্রিল, ২০২৪: দেশে চলছে তীব্র তাপপ্রবাহ।এই দাবদাহ থাকবে আরও কয়েকদিন এমটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।এমন পরিস্থিতিতে তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে চার দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

    এতে বলা হয়েছে, দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান আছে। এ অবস্থায় সুস্থ থাকতে সতর্কতার কোনো বিকল্প নেই।

    নির্দেশনাগুলো হচ্ছে:

    ১. তীব্র গরম থেকে দূরে থাকুন, মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন।

    ২. প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করুন। হেপাটাইটিস এ, ই, ডায়রিয়াসহ প্রাণঘাতি পানিবাহী রোগ থেকে বাঁচতে রাস্তায় তৈরি পানীয় ও খাবার এড়িয়ে চলুন। প্রয়োজনে একাধিকবার গোসল করুন।

    ৩. গরম আবহাওয়ায় ঢিলেঢালা পাতলা ও হালকা রঙের পোশাক পরুন, সম্ভব হলে গাঢ় রঙিন পোশাক এড়িয়ে চলুন।

    ৪. গরম আবহাওয়ায় যদি ঘাম বন্ধ হয়ে যায়, বমি বমি ভাব দেখা দেয়, তীব্র মাথাব্যথা হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, প্রস্রাব কমে যায়, প্রস্রাবে জ্বালাপোড়া হয়, খিঁচুনি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে অবিলম্বে হাসপাতালে যান এবং ডাক্তারের পরামর্শ নিন।

     

    এদিকে দেশে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতিতে আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সোমবার (২২ এপ্রিল) এক বার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনের অস্বস্তি বাড়তে পারে।

    এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়।