Tag: ড. ইউনূস

  • ড. ইউনূসের সরকারকে সমর্থন জানিয়ে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা

    ড. ইউনূসের সরকারকে সমর্থন জানিয়ে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা

    www.HelloBangla.News – অর্থনীতি– ১৪ আগস্ট, ২০২৪: ছাত্র-নাগরিক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেয়া অন্ত‍‍র্ব‍‍র্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ছাত্রদের পক্ষে ১৯ জুলাই বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিলও করেন প্রবাসীরা।

    এর জেরে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ বাংলাদেশি সাজা ভোগ করছেন। এমন বাস্তবতায় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন নতুন সরকারকে সমর্থন জানিয়ে বৈধ মাধ্যমে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা।

    ফেসবুকে সিঙ্গাপুর প্রবাসীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাংলাদেশিরা দী‍‍র্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যাংকিং মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন। প্রবাসীরা বলেন, নতুন সরকার তাদের কাঙ্খিত এই সরকারকে অ‍‍র্থনৈতিকভাবে সাপো‍‍র্ট দিতে এবং দেশের বৈদেশিক মূদ্রার রিজা‍‍র্ভ বাড়াতে প্রবাসীরা আন্তরিকভাবে চেষ্টা করছে। তাই হুন্ডিতে টাকা না পাঠিয়ে বৈধ উপায়ে ব্যাংকিং মাধ্যমে সকল দেশের প্রবাসী বাংলাদেশিকে টাকা পাঠাতে অনুরোধ করেছেন প্রবাসীরা।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রথম ১০ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

    আর গেল জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি মার্কিন ডলার। যা ছিল গেল ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া চলতি বছরের জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। দেখা যাচ্ছে, জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিট্যান্স কম এসেছে ৬৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

  • স্মৃতিসৌধে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা

    স্মৃতিসৌধে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ৯ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপদেষ্টারা।

    আজ শুক্রবার (০৯ আগস্ট) সকাল ৯টা ৫৩ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।

    প্রধান উপদেষ্টার পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা।

    পরে ড. মুহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে সই করেন।

    বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা শপথ নেন।

    দিনের কর্মসূচি হিসেবে কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

  • ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব: ড. ইউনূস

    ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব: ড. ইউনূস

    www.HelloBangla.News – জাতীয় – ৯ আগস্ট, ২০২৪: ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব, বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “অরাজকতা আমাদের শত্রু। একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব।”

    বৃহস্পতিবার (৯ আগস্ট) রাতে বঙ্গভবনে শপথ নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন।

    ড. ইউনূস বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে।”

    অন্তবর্তীকালীন সরকারের প্রধান বলেন, “অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতাসহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে।”

    ড. ইউনূস বলেন, “প্রচণ্ড নিষ্ঠুর স্বৈরাচারী সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব।

    তিনি বলেন, “এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছেন, তাদের আইনি বিচারের মাধ্যমে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সব মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে।”

    অন্তর্বর্তী সরকার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম দেবে না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “দ্বিতীয় স্বাধীনতার মিলন মেলা থেকে বাদ যাবে না। যারা আমাদের শান্তিশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো নৌ, সেনা, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রতিষ্ঠানগুলোর প্রত্যেক সদস্য আজ আইন বহির্ভূত, জবরদস্তিমূলক হুমুক থেকে মুক্ত। কারও জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে।”

    ড. ইউনূস বলেন, “নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য, সবার স্বাচ্ছন্দ্যে জীবন ধারনের সুযোগ দেওয়ার সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী, দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন। এটাই আমাদের লক্ষ্য। আমাদের এ লক্ষ্য পূরণে সাহায্য করুন।”

    তিনি বলেন, “স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারেন এই নিশ্চয়তাটাই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি।”

    ড. ইউনূস বলেন, “প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন। দেশবাসী এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন।”

    জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে, আনন্দ চিত্তে, নিজ নিজ কর্মস্থলে, নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসার অনুরোধ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

    ড. ইউনূস বলেন, “যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে।”

  • অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

    www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস।

    আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    রাত ৯টা ২০ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে হিসেবে শপথ নিয়ে স্বাক্ষর করেন ড. মুহাম্মদ ইউনূস।

    এরপর ১৬ জন উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে আছেন-ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুকী আযম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    এই উপদেষ্টাদের মধ্যে বিধান রঞ্জন রায়, ফারুকী আজম ও সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় বাকি ১৩ জনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি।

  • দেশের পথে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস

    দেশের পথে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস

    www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: ঢাকার উদ্দেশে রওনা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। । বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। আজ রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

    বাংলাদেশ সময় বুধবার (৭ আগস্ট) সন্ধ্যার দিকে দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। সেখানে যাত্রাবিরতি শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।

    এর আগে গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ফ্রান্স থেকে স্যার রওনা দেবেন। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ড. মুহাম্মদ ইউনূস।

    বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরই নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

    আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    সেনাপ্রধান বলেন, ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি, আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে, তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন।

  • ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

    ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে।

    বঙ্গভবন প্রেস উইং মঙ্গলবার দিবগত রাত ১২ টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন তিন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক।

    বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেলবিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।

    রাষ্ট্রপতি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টামণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করার পরামর্শ দেন।

    এ ছাড়া রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন। রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান।

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সমন্বয়করা ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চান

    সমন্বয়করা ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চান

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন । দ্রুত সময়ের মধ্যে অধ্যাপক ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

    আজ মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টার নাম প্রস্তাব করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

    ওই সময় তার সঙ্গে সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারও উপস্থিত ছিলেন।

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে ইতোমধ্যেই তারা অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন মি. ইসলাম।

    সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র-জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছেন,” ।

    উপদেষ্টা পরিষদের বাকি সদস্যদের নাম দ্রুতই প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    এর আগে, গতকাল সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেছিলেন, “ছাত্র-নাগরিকের সমর্থিত কিংবা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে কিংবা রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে। এমন সরকারকে ছাত্র-জনতা গ্রহণ করবে না।”

  • ড. ইউনূসের যে কথা বলে বেড়াচ্ছে তা অসত্য: আইনমন্ত্রী

    ড. ইউনূসের যে কথা বলে বেড়াচ্ছে তা অসত্য: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুন, ২০২৪: ড. ইউনূসের যে কথা বলে বেড়াচ্ছে তা অসত্য, বলে জানিয়েছেন আইসমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশসহ পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে। ঠিক সেভাবেই ড. ইউনূসের মামলা পরিচালিত হচ্ছে।দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ড. ইউনূসেরও সেভাবেই বিচার হচ্ছে। তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং এসব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক।”

    আজ বুধবার (১২ জুন) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, “ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে। সে মামলার ব্যাপারে আমি বলেছি- মামলাটি আদালতে চলমান রয়েছে। আদালতে যে মামলা চলমান থাকে সে মামলা সম্পর্কে আইনমন্ত্রী কোনো কথা বলেন না সে ব্যাপারটাও তাদেরকে (ইউরোপিয়ান প্রতিনিধি দল) বলেছি।

    তিনি আরও বলেন, “আরেকটি বিষয় আমি বলেছি- তার বিরুদ্ধে ট্যাক্স না দেওয়ার মামলা রয়েছে। তার একটি মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন। অন্যান্য মামলা যেগুলো রয়েছে সেগুলোও ট্যাক্স না দেওয়ার মামলা।”

    আইনমন্ত্রী বলেন, “ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে শ্রম আইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আইন, ডেটা প্রটেকশন ও সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে। তাদের নির্বাচন কমিশন থেকে একটি টিম এসেছিল সেই টিমে রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা কি চিন্তা ভাবনা করছি, রোহিঙ্গা ইস্যু এবং সর্বশেষ এন্টি ডিসস্ক্রিমিনেশন বেল সম্পর্কেও তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা ড. ইউনূসের মামলা সম্পর্কে জিজ্ঞেস করেছিল। এসব ব্যাপারেও তাদের সঙ্গে কথা হয়েছে।”

    তিনি বলেন, “আমরা কবে নাগাদ শ্রম আইন পাস করতে যাচ্ছি এসব তারা জানতে চেয়েছিল। আমি তাদের বলেছি- আন্তর্জাতিক শ্রম আদালতে আমাদের বিরুদ্ধে যে নালিশ করা হয়েছিল সেই নালিশটার আমরা শেষ চাই। আমি তাদের বলেছি শ্রম আইন নিয়ে আমরা যথেষ্ট কাজ করেছি। শ্রম আইন সংশোধন নিয়েও কাজ করছি। আমার মনে হয় বিষয়টা শেষ করে দেওয়া উচিত। আগামী নভেম্বরে তাদের যে গভর্নিং বডির মিটিং হবে সেখানে আমাদের সমর্থন করার জন্য তাদের সঙ্গে কথা হয়েছে।”

    ড. ইউনূসের বিষয়ে কি কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “ড. ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে তাদের দেশ থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে সেসব বিষয়গুলো তারা পরিষ্কার হতে চেয়েছিলেন। ড. ইউনূসের ব্যাপারে যেসব মামলা রয়েছে আমি তাদের সেসব বলেছি। বলেছি-তিনি শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছিলেন সেখানে মামলা হয়েছে। তাকে সাজা দেওয়া হয়েছে। ১০৮ জন শ্রমিক ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করেছেন।”

    জানা গেছে, আপাতত নতুন সদস্য নিতে রাজি নয় ব্রিকস। তবে অংশীদার রাষ্ট্র যুক্ত করতে চায় ব্রিকস। যার ফলে ব্রিকসে বাংলাদেশের যুক্ত হতে আরও অপেক্ষা বেড়েছে।

    ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—প্রাথমিকভাবে এই পাঁচ দেশ ব্রিকস গঠন করেছিল।

  • ড. ইউনূসের মামলার বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

    ড. ইউনূসের মামলার বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জানুয়ারি, ২০২৪: ড. ইউনূসের মামলার বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,  “ড. মুহাম্মদ ইউনূস প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। বাংলাদেশের বিচার প্রক্রিয়া স্বচ্ছ বলে ক্ষমতাসীন দলের অনেকেই বিচারের সম্মুখীন হয় ও জেলে যায়। ড. ইউনূসের বিরুদ্ধে যে মামলা, সেখানে সরকার কোনো পক্ষ নয়। যেসব শ্রমিক কর্মচারী বঞ্চিত হয়েছে, তারাই তার বিরুদ্ধে মামলা করেছে। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে।”

    আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

    যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ ড. মুহাম্মদ ইউনূসের বিচারের বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, “এটি ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে, নিউজ আকারে নয়। আমাদের দেশের পত্রিকায় যেমন বিবৃতি দেওয়া হয়, সেভাবে নয়। এটি বিজ্ঞাপন আকারে দেওয়া হয়েছে। এটা একদম স্পষ্ট যে, লবিস্ট ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে সেটি ছাপানো হয়েছে। এরকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূত, তারা মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে বাংলাদেশে এসেছে। গতকাল (সোমবার) তারা গিয়েছিলেন বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করতে। তাদের কেউ কেউ আরও ১০ বছর আগে আমাদের এখানে এসেছিলেন। তারা সেই উন্নয়নের প্রশংসা করেছেন। ১০ বছরে অনেক পরিবর্তন হয়েছে এখানে। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন আছে। বিজনেস রিলেশন আছে। কেউ কেউ ইনভেস্টমেন্ট করার কথাও বলেছে।”

    গাম্বিয়া আইসিজেতে (আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত) রোহিঙ্গাদের বিরুদ্ধে একটি মামলা করেছিল। এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না– জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, “এ বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। আমি সবার সাহায্য কামনা করেছি। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ যেন মিয়ানমারের ওপর বৃদ্ধি করা হয়। এজন্য তাদের সবার সাহায্য কামনা করা হয়েছে।”

    আলোচনায় অংশ নিয়েছিলেন বতসোয়ানার অনাবাসিক রাষ্ট্রদূত গিলবার্ড সাইমন ম্যাঙ্গলি, কম্বোডিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত কয়কুং, চেক প্রজাতন্ত্রের অনাবসিক রাষ্ট্রদূত ডঃ ইলিছকা জিগোভা, গাম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মুস্তফা জাওয়ারা, হাঙ্গেরির অনাবাসিক রাষ্ট্রদূত ইস্টভান স্যাভো, জামাইকার অনাবাসিক রাষ্ট্রদূত জেসন কে. হল, লুক্সেমবার্গের অনাবাসিক রাষ্ট্রদূত পেগী ফ্রান্টজেন, মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ড ডামবাজাব, উত্তর মেসিডোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত স্লোবোডান জুনব, পেরুর অনাবাসিক রাষ্ট্রদূত জাবিয়ার ম্যানিউল পাওলিনিচ ভেলারডি, স্লোভাক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত রবার্ট মেক্সিয়ান, স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মাতেজা ভদেব ঘোষ, উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবেরতো এ.গুয়ানি, ভেনেজুয়েলার অনাবাসিক রাষ্ট্রদূত কাপায়া রদ্রিগেজ গনজালেজ ।

    এর আগে গতকাল সোমবার বিকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বাঙালি মুক্তির এ মহানায়কের প্রতি শ্রদ্ধা জানান ১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূত ।