Tag: জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে: সেতুমন্ত্রী

  • জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে: সেতুমন্ত্রী

    জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ ডিসেম্বর, ২০২৩: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে। তাদের নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে। সেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না।’

    আজ রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি। প্রার্থিতার বিষয়ে আজ বিকেল ৪টার মধ্যে ফাইনাল হবে।’

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিসহ কয়েকটি দল এই নির্বাচনকে ‘ভাগাভাগি’ বলছে। যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল এবং প্রায় ২২শ প্রার্থী আছে, সে নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়?’

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও মির্জা আজম ।

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাছাই শেষে ও আপিল নিষ্পত্তির পর বৈধতা পেয়েছেন দুই হাজার ২৬০ জন প্রার্থী। আজ বিকেল ৪টার মধ্যে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের কেউ নিজেকে ভোট থেকে সরিয়ে নিতে চাইলে রিটার্নিং কর্মকর্তার কাছে তা লিখিতভাবে জানাতে হবে।

    এবার ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র মিলে এখন পর্যন্ত ২২৬০ জনের মতো বৈধ প্রার্থী রয়েছেন। ৩০০ আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করছেন অনেক প্রার্থীই। এরপর চূড়ান্ত হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী; যারা ভোটের মাঠে প্রতীক নিয়ে লড়বেন।