Tag: জলাবদ্ধতা

  • জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসি’র পরিদর্শন টিম গঠন

    জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসি’র পরিদর্শন টিম গঠন

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জুন, ২০২৪: বৃষ্টি হলেই জলাবদ্ধতা। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে রাজধানীবাসী অনেকদিন ধরে দাবি করে আসছে। এই প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় জলাবদ্ধতা নিরসনে মনিটরিং করার জন্য কর্মকর্তাগণের সমন্বয়ে অঞ্চল ভিত্তিক ১৭ সদস্যের পরিদর্শন টিম গঠন করে দিয়েছে ।

    আজ রবিবার (৩০ জুন) এ তথ্য জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এই টিম গঠন করে দেন।

    সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় আকস্মিক বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গঠিত কুইক রেসপন্স টিমের সঙ্গে সার্বিক কার্যক্রম তদারকি করবেন ১৭ সদস্যের এই বিশেষ টিম।

    জানা গেছে, ১৭ সদস্যের এই পরিদর্শন টিমে  রয়েছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, নিরীক্ষা কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, স্টাফ অফিসারের প্রধান নির্বাহী আক্তার হোসেন শাহিন, ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন।

    আরও রয়েছেন, প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম, মহাব্যবস্থাপক (পরিবহন) সালমা আক্তার খুকী, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রুবাইয়াত ইসমত অভীক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, সিস্টেম এনালিস্ট আহসানুল আল জান্নাত, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শফিকুর রহমান এবং জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

    ইদানিং বেশ কিছু জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন হবে।

  • এডিবি জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে

    এডিবি জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে

    www.HelloBangla.News – অর্থনীতি – ২০ এপ্রিল, ২০২৪: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে । এ জন্য বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে ক্লাইমেট রেজিলেন্ট ইন্টিগ্রেটেড সাউথ ওয়েস্ট প্রজেক্ট ফর ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পে ঋণচুক্তি হয়েছে।

    এ ঋণটি এডিবির নমনীয় শর্তে পাওয়া গেছে, যার সুদের হার ২ শতাংশ এবং ৫ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য। এছাড়া অন্য কোনো চার্জ নেই। আজ শনিবার (২০ এপ্রিল) সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং চুক্তিতে সই করেন। এসময় বাংলাদেশ সরকার ও এডিবির আবাসিক মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    প্রকল্পটি পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করবে। আলোচ্যে প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকার জলাবদ্ধতা নিরসন করে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি, আনুষঙ্গিক উন্নয়নের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন আনয়ন, সমন্বিত পানিসম্পদ ও অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন এবং উন্নত অবকাঠামো নির্মাণ ও সমন্বিত সহায়তার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব হবে। এছাড়া প্রকল্প হতে প্রাপ্ত সুবিধাদির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বজায় রাখার জন্য পানি ব্যবস্থাপনা সংঘ গঠন করা হবে। প্রকল্পটির বাস্তবায়নকাল জানুয়ারি ২০২৪ হতে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।

    এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ১৯৭৩ সালে সদস্যলাভের পর হতে এডিবি থেকে এর অর্থনীতির অগ্রাধিকারভুক্ত বিভিন্ন খাতগুলোতে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা পেয়ে আসছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি সাধারণত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানিসম্পদ ও সুশাসনকে প্রাধান্য দেয়।