Tag: জন্মদিন

  • বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি

    বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ মার্চ, ২০২৪: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

    দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

    বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

    এদিকে ১৭ মার্চ সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একইসঙ্গে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিশু সমাবেশে অংশগ্রহণ করবেন তারা।

    এদিকে জাতির পিতার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

    এছাড়াও সন্ধ্যা ৬টায় মিরপুর ব্যাপ্টিস্ট চার্চ (৩/৭-এ সেনপাড়া, পবর্তা, মিরপুর-১০)-এ খ্রিস্টান সম্প্রদায়, সকাল ১০টায় সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার ও সন্ধ্যা ৬টায় রাজধানীর মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করেছে।

    এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ১৮ মার্চ সোমবার সকাল তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের পক্ষ্য থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে সারাদেশে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

    সূত্র: বাসস

  • জন্মদিনে ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী শুভেচ্ছায় সিক্ত

    জন্মদিনে ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী শুভেচ্ছায় সিক্ত

    www.HelloBangla.News – বিনোদন – ১৫ জানুয়ারি, ২০২৪: ন্যাটাঙ্গনের সকলের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হলেন ঋত্বিক নাট্যজন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। শিল্পবন্ধু পর্ষদের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজন জনাব লিয়াকত আলী লাকীর ৬৮ তম জন্মদিন। দিনটি উপলক্ষ্যে সারাদেশ থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে শিশু শিল্পীরা। বিকেলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন দলের সাংস্কৃতিক পরিবেশনা এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন সংস্কৃতি অঙ্গনের গুণী ব্যক্তিত্বরা।

    অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহাপরিচালককে। বক্তব্যে তিনি বলেন- “সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে লিয়াকত আলী লাকী সংস্কৃতি ক্ষেত্রে যে আদর্শকে জীবনে ধারণ করেছেন তা আজীবন বয়ে বেড়াচ্ছেন।”

    তিনি আরও বলেন – “লিয়াকত আলী লাকী সময়ের প্রতি দায়বদ্ধ একজন শিল্পী। মুক্তিযুদ্ধ ও প্রগতির আদর্শ তিনি ধারন করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার কঠিন সময়ে সৈরাচার বিরোধী লড়াই ,সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭৬ সালের সেই সময়ে ছাত্র রাজনীতিতে সক্রিয় থেকেছেন, সংস্কৃতিকে ধারণ করেই আলো ছড়িয়ে দিয়েছেন সবখানে”।

    এর আগে জন্মদিনের শুভেচ্ছা জানান নাট্যব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান। বক্তব্যে তিনি বলেন “সহকর্মী বন্ধুর মতো লিয়াকত আলী লাকী সবার আগে এগিয়ে এসেছেন, চাইলে অনেক কিছু হতে পারতেন কিন্তু নিজেকে ছড়িয়ে দিয়েছেন কর্মের মধ্যে, শিশুদের মধ্যে, বাঙালিত্ব ছড়িয়ে দিয়েছেন সবার মাঝে ”।

    এছাড়াও ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন এর সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। বিশিষ্ট নৃত্যশিল্পী মিনু হক, নাট্যব্যক্তিত্ব ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা ঝুনা চৌধুরী অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পথ নাট্য পরিষদের মিজানুর রহমান, আবৃত্তি পরিষদের আজাদুর রহমান আজাদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রটারী আকতারুজ্জামান, চারুশিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক কামাল পাশা। পরে বিশিষ্ট কন্ঠশিল্পী ফাতিমাতুজ্জুহুরা গানে গানে শুভেচ্ছা জানান জনাব লিয়াকত আলী লাকীকে।

    অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে শিল্পকলা একাডেমির পরিবেশনা উপস্থাপন করা হয়। মহাপরিচালককে শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়ালি সরাসরি সম্প্রচারের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যদল । এছাড়াও জন্মদিনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভিন্ন নাট্য সংগঠন, নৃত্য শিল্পী সংস্থা, সঙ্গীত, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গণের গুণী ব্যক্তিত্বরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সকল বিভাগ শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুল দিয়ে আনুষ্ঠানিক শুভেচ্ছা জ্ঞাপন করে।

    নানান আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনার শেষ পর্যায়ে জেলা পর্যায় ও প্রত্যন্ত এলাকা থেকে আসা সকল সংগঠন ও বিশিষ্টজনদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্যে তিনি বলেন, ‘শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ক্ষমতায়ন জরুরি। যে রাজনীতিতে সংস্কৃতি, সাহিত্য নাই তা রাজনীতি হতে পারে না। রাজনীতির মাপকাঠি শিল্প- সাহিত্য, সংস্কৃতি।” তিনি আরো বলেন- “যে সাংস্কৃতিক আন্দোলন আমরা শুরু করেছি, তা হয়তো সফল করে যেতে পারবোনা। তবে যারা আজ আমার পাশে আছে তারাই সফল করবে এবং দেশকে উন্নত করবে”। আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার ঘোষণা দেন তিনি।

    পরে মিলনায়তনে থাকা দর্শক এবং মঞ্চের শিশুদের নিয়ে সুর মিলিয়ে “মাগো ভাবনা কেন” গান পরিবেশন করেন তিনি।